ঢাকা অফিস।।
গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের আগেই ব্যাংক থেকে প্রচুর পরিমাণে টাকা তুলে নিয়েছেন প্রভাবশালীরা। বর্তমানে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ প্রায় ৩ লাখ কোটি। এতে ব্যাংক খাতের চলমান তারল্য সংকট আরো তীব্র হচ্ছে। বর্তমানে অনেক ব্যাংকই তারল্য সংকটে পড়েছে। গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না এসব ব্যাংক। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংক ২ লাখের বেশি নগদ টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছে। যাতে ব্যাংকের বাইরে নগদ টাকা আর না বাড়ে। এতে ভোগান্তিতে পড়ছেন অনেক গ্রাহক। এটিএম বুথ থেকেও গ্রাহকরা চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না। মোবাইল ব্যাংকিং লেনদেনও ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বিগত সরকারের প্রভাবশালীরা অনেক বেশি পরিমাণে নগদ টাকা উত্তোলন করেছেন। এতে অনেক ব্যাংকে যেমন তারল্য সংকট চলছে, তেমনি বাংলাদেশ ব্যাংকেও একই সংকট দেখা দিয়েছে। এত টাকা বাইরে চলে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেমন কঠিন হবে, তেমনি ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করাও সহজ হবে না। এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।
এছাড়া ব্যাংক একীভূতকরণসহ চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে আমানতকারীদের মধ্যে আস্থাহীনতা ও আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গেছে যে, একসঙ্গে অনেক আমানতকারী ব্যাংক থেকে তাদের আমানত তুলে নিচ্ছেন। ফলে চাহিদা অনুযায়ী অনেক ব্যাংকই গ্রাহকের টাকা দিতে পারছে না। এতেও ব্যাংকগুলো নতুন করে তারল্য সংকটে পড়ছে; অন্যদিকে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থাহীনতা আরো বাড়ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক একীভূতকরণসহ বাংলাদেশ ব্যাংকের বেশকিছু ভুল নীতির কারণেই ব্যাংকগুলোতে তারল্য সংকট চরম আকার ধারণ করেছে। তাদের মতে, মূল্যস্ফীতি বাড়ার কারণে মানুষের বাড়তি অর্থের প্রয়োজন হচ্ছে। আবার সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক থেকে নগদ টাকায় ডলার কেনার কারণে টাকা বাংলাদেশ ব্যাংকে আটকে গেছে। সরকার বাজার থেকে বিল অকশনের (নিলাম) মাধ্যমে টাকা তুলে নিচ্ছে। এছাড়া বিতরণ করা ঋণ আদায় না হওয়া ও খেলাপি ঋণ বেড়ে গেছে। ফলে গ্রাহকদের চাহিদা মেটাতে গিয়ে ব্যাংক হিমশিম খাচ্ছে।
যদিও বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতির অংশ হিসেবে বাজার থেকে টাকা তুলে নেয়ার কারণেই তারল্য সংকট বাড়ছে। মূলত বাংলাদেশ ব্যাংকের চিহ্নিত দুর্বল ব্যাংকগুলো থেকেই টাকা তোলার হিড়িক লেগেছে। কারণ এসব ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা কমে যাচ্ছে। এই আস্থাহীনতার কারণে দুর্বল ব্যাংকের পাশাপাশি ভালো ব্যাংকগুলো থেকেও টাকা তোলার চাপ বাড়ছে। অন্যদিকে, ব্যাংকে নতুন আমানত আসছে না। উল্টো ব্যাংকের বাইরে মানুষের হাতে টাকার পরিমাণ বাড়ছে। এতে ব্যাংকগুলোর তারল্য সংকট তীব্র আকার ধারণ করেছে।
এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, কিছু ব্যাংকে তারল্য সংকট চলছে, এটা সত্যি। তবে সব ব্যাংকে নয়। ব্র্যাক ব্যাংকে কোনো সংকট নেই। গ্রাহকের ভোগান্তির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর এ বিষয়ে ভালো একটি সিদ্ধান্ত দেবেন।
এদিকে, দায়িত্ব নিয়েই বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেছিলেন, ২ লাখ টাকার বেশি নগদ উত্তোলনের নিষেধাজ্ঞা হয়তো সাময়িক, এটা শিগগির উঠে যাবে। ব্যাংকের বাইরে অনেক বেশি টাকা চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, দেশের টাকা যারা পাচার করছে, তাদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না। তাদের কাছ থেকে টাকা উদ্ধার করার চেষ্টা করা হবে।
অন্যদিকে, নগদ টাকা উত্তোলনে সীমা আরোপ করায় ব্যাহত হচ্ছে মোবাইল ব্যাংকিং লেনদেনও। এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ব্যাংকিং এজেন্ট ইয়াসিন আলী বলেন, আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছি না। কারণ আমাদেরকে ২ লাখ টাকার বেশি দেওয়া হচ্ছে না।
একইভাবে এটিএম বুথ থেকেও গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারছেন না। সারাদেশের এটিএম বুথগুলোতে দৈনিক ৭০০ কোটি টাকার চাহিদা থাকলেও বুথগুলোতে ৪০০ কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উত্তরা ব্যাংকের একজন গ্রাহক বলেন, আমার বাবা হাসপাতালে ভর্তি। তাই হাসপাতালের বিল পরিশোধের জন্য ৩ লাখ টাকার চেক দিলেও ব্যাংক থেকে আমাকে ৫০ হাজারের বেশি টাকা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার টাকা আমি তুলব, তাও ব্যাংক দিতে পারছে না। খুবই দুঃখজনক।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের জুন মাস শেষে ব্যাংক খাতের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪২ হাজার ২৪৫ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় আমানতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ২৬ শতাংশ। জানুয়ারিতে এই প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে, জুন মাসে কারেন্সি আউট সাইড ব্যাংক বা মানুষের হাতে থাকা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৯০ হাজার ৪৩৬ কোটি টাকা। যা আগের মে মাসের তুলনায় ১৯ হাজার ৭৭৮ কোটি টাকা বা ৭ দশমিক ৩১ শতাংশ বেশি।
এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার যাত্রার দুই মাসে সবচেয়ে বেশি সংস্কার উদ্যোগ নেয়া হয়েছে আর্থিক খাতে। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করায় কয়েকটি ব্যাংকের দুর্বলতা প্রকট আকার ধারণ করেছে। এসব ব্যাংক গ্রাহককে ৫ হাজার টাকাও ফেরত দিতে পারছে না। এতে গ্রাহকের মধ্যে আতঙ্ক বেড়েছে।
সর্বশেষ গত আগস্টে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বেড়েছে ৩৪ হাজার ৭৮ কোটি বা ১৩ দশমিক ১৯ শতাংশ। আগস্ট শেষে ব্যাংক ব্যবস্থার বাইরে থাকা টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৩৪ কোটি, যা আগের বছরের একই সময়ে ছিল ২ লাখ ৫৮ হাজার ৩৫৬ কোটি টাকা। এরও আগের মাসের তুলনায় বেড়েছে ৮০৪ কোটি টাকা বা শূন্য দশমিক ২৮ শতাংশ।
আলোচ্য সময়ে গ্রাহকরা এই পরিমাণ টাকা তুলে নিলেও সেটা আর ব্যাংকে ফেরত আসেনি। ফলে এই টাকা রয়ে গেছে মানুষের হাতে। মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেয়ার পর যা আর জমা হয়নি, তা-ই ব্যাংকের বাইরে রাখা টাকা হিসেবে পরিচিত। এই টাকা মানুষ নিজের কাছে বা কোনো সমিতিতে রাখেন। এভাবে টাকা মালিকের নিজের হাতে কিংবা এক হাত থেকে অন্য হাতে ঘুরলেও ব্যাংকে ফেরেনি।
জানা গেছে, ব্যাংক খাতে অনিয়ম, ঋণ জালিয়াতিসহ নানা ধরনের খবর প্রকাশিত হওয়ায় মানুষের আস্থাহীনতা বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সম্প্রতি কয়েকটি ব্যাংকের প্রকট দুর্বলতার খবর। এসব ব্যাংকের আমানতকারীরা আতঙ্কে টাকা তুলে নিচ্ছেন। কয়েকটি ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় গ্রাহকের আতঙ্ক আরও বাড়ছে। এতে সুদহার বাড়ানোর পরও গ্রাহকরা নতুন আমানত ব্যাংকে রাখছেন না।
ব্যাংক সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি কয়েকটি ব্যাংকের তারল্য সংকট ও ব্যাপক অনিয়মের অভিযোগ বাড়তে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এ সংক্রান্ত নেতিবাচক খবর মানুষের মনে ব্যাংকের প্রতি অনাস্থার জন্ম দেয়। এছাড়া সম্প্রতি কয়েকটি ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে না পারায় গ্রাহকের মধ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। ফলে তারা ব্যাপক হারে ব্যাংক থেকে টাকা তুলে ঘরে জমা রাখছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেন, মূলত ব্যাংকের ওপর মানুষের আস্থা কমে যাওয়ার কারণেই ব্যাংকের বাইরে টাকা রাখার প্রবণতা বেড়ে গেছে। এর সহজ কোনো সমাধান নেই।
তিনি বলেন, অনেকগুলো ব্যাংকের ওপর মানুষের আস্থা কমে গেছে। যে কারণে ব্যাংকের বাইরে টাকা রাখার প্রবণতা বেড়ে গেছে। এ সমস্যা দূর করতে ব্যাংকিং খাতের বর্তমান সংকট চিহ্নিত করতে হবে। সেটি দূর করার কার্যকর উদ্যোগ নিতে হবে। তাহলে ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরে আসবে। ব্যাংকের বাইরে টাকা রাখার প্রবণতা কমে আসবে।
এ বিষয়ে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কয়েকটি ব্যাংকের দুর্বলতা প্রকট আকার ধারণ করলেও এতদিন সেটা প্রকাশ করা হয়নি। এখন বাংলাদেশ ব্যাংক সেটা প্রকাশ করায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। এতে গ্রাহকরা একদিকে এসব ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, অপরদিকে নতুন আমানতও কম রাখছেন। ফলে ব্যাংকের আমানত কিছুটা কমেছে। তবে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে শিগগির এটি বাড়ানোর কার্যকর উদ্যোগ নেয়া হবে বলে আশা করি।
একদিকে এস আলম গ্রুপের মালিকানায় যেসব ব্যাংক ছিল, সেই সব ব্যাংকের সঞ্চয়পত্রের গ্রাহকরা সমস্যায় পড়েছেন। মূলত সঞ্চয়পত্র নিয়ে বিপদে পড়েছেন তারা। গ্রাহকরা মুনাফার টাকা তুলতে পারছেন না, আসল টাকাও ফেরত না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া এর বাইরে দুর্বল কিছু বেসরকারি ব্যাংকের গ্রাহকরাও একই সমস্যায় পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এক মাস ধরে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মধ্যে চিঠি চালাচালি হচ্ছে। কিন্তু সমস্যা সমাধানের কোনো পথ বের করতে পারেনি সংশ্লিষ্ট সরকারি দফতরগুলো। ফলে টাকা না পেয়ে গ্রাহকরা ব্যাংকগুলোতে গিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। ভুক্তভোগী এমন একাধিক গ্রাহকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এদিকে সঞ্চয়পত্রের টাকা তোলার বিষয়ে করণীয় নির্ধারণে সম্প্রতি জাতীয় সঞ্চয় অধিদফতর চিঠি পাঠিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি)। নির্ভরযোগ্য সূত্রে এ বিষয়টি জানা গেছে। একই বিষয়ে বাংলাদেশ ব্যাংকও সম্প্রতি চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগকে।
বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে অথবা মালিকানায় ৯টি বেসরকারি ব্যাংক ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বেশিরভাগ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ নামে বেনামে বের করে নেয়ার কারণে ব্যাংকগুলোতে এখন চরম তারল্য সংকট বিরাজ করছে।
আমানতকারীদের অনেকে তাদের গচ্ছিত অর্থ চাহিদামতো তুলতে পারছেন না। শীর্ষ পর্যায় ছাড়া ব্যাংকের কর্মকর্তারা বেতনের টাকাও তুলতে পারছেন না। সাবেক সরকারের আমলে বিশেষ তারল্য সমর্থন দিয়ে এসব ব্যাংকে লেনদেন স্বাভাবিক রাখা হয়েছিল।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে ক্ষুদ্র আমানতকারীদের দুশ্চিন্তার কিছু নেই। সরকার সব আমানতকারীর পাশে আছে। দুর্বল হয়ে পড়া ১০টি ব্যাংককে নিবিড় তদারকিতে রাখা হচ্ছে। ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের সহায়তা দেওয়া হচ্ছে। সফল না হলে এসব ব্যাংককে একীভূত করে দেওয়া হবে।
গ্রাহকদের আস্থা ফেরাতে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ১০টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে। তবে ব্যাংকিং কমিশন গঠিত হয়নি। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, সরকার ব্যাংকিং কমিশন গঠনের বদলে টাস্কফোর্স গঠনের পথে হাঁটছে। এক্ষেত্রে যুক্তি হলো, কমিশন গঠন করলে সংস্কার অনেক সময়সাপেক্ষ হবে। আবার কমিশনের কোনো ক্ষমতাও থাকে না। তার বদলে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠনের মাধ্যমে সংস্কার করতে চায় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে- ব্যাংক খাতের জন্য দুটি টাস্কফোর্স গঠন করা হবে। একটি কাজ করবে ব্যাংকিং খাত নিয়ে। আপাতত বাংলাদেশ ব্যাংক দুর্বল ১০টি ব্যাংক নিয়ে কাজ করছে। তবে পরে সব ব্যাংক নিয়েই নিরীক্ষা ও মূল্যায়ন করা হবে। এটা ধাপে ধাপে করা হবে। দ্বিতীয় টাস্কফোর্সটি হবে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমকে শক্তিশালী করতে। ব্যাংক খাতে বাংলাদেশ ব্যাংকও যথাযথ তদারকি করতে পারেনি, ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে যেন সেটি করতে পারে, সেজন্য টাস্কফোর্স কাজ করবে। দেশি-বিদেশি সংস্থার মাধ্যমে ব্যাংকের ‘ফরেনসিক অডিট’ করা হবে।
দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর সঙ্গে প্রতিদিন সভা হচ্ছে। প্রতিদিন তাদের তদারকির ওপর রাখা হয়েছে। এসব ব্যাংক যেন আরো নিয়মের মধ্যে পরিচালিত হয়, সেই চেষ্টা চলছে। সব সমস্যা চিহ্নিত হলে প্রয়োজনে ব্যাংক আইনে পরিবর্তন আনা হবে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব ব্যাংকের আমানতকারীদের ধৈর্য ধরতে হবে। তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করা হচ্ছে। বিফল হলে প্রয়োজনে একীভূত করে দেওয়া হবে।
ব্যাংকের আমানত বিমার আওতা হিসাবপ্রতি দুই লাখ টাকা করা হয়েছে। ফলে কোনো ব্যাংক দেউলিয়া হলে ৯৪ দশমিক ৬ শতাংশ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারী পুরো টাকা ফেরত পাবেন। পৃথিবীতে কোথাও আমানতের ওপর শতভাগ বিমা সুবিধা নেই। বাংলাদেশে বিমার ‘প্রিমিয়াম’ (নিশ্চয়তার বিপরীতে বিমা প্রতিষ্ঠানকে দেওয়া অর্থ) সবচেয়ে কম। হার শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ। অর্থাৎ ১০০ টাকার বিপরীতে মাত্র ৮ পয়সা। ভারতে যা শূন্য দশমিক ১২ শতাংশ। পাকিস্তানে শূন্য দশমিক ১৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর বলেন, আমরা আশা করি কোনো ব্যাংক দেউলিয়া হবে না। আমরা গ্রাহকের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরে দাঁড়াতে সাহায্য করব এবং আশা করছি সময়ের ব্যবধানে এগুলো ঘুরে দাঁড়াবে।











































