Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশাপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশাপাশের সব খবরা খবর

84
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

দাকোপে প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে জেজেএস’র আয়োজনে উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ ও কোরিয়ার কারিগরি সহযোগীতায় মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। প্রকল্প সম্পর্কে ধারনা দেন জেজেএস ইআরসিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আঃ মালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিত চন্দ্র রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী, পঞ্চানন মন্ডল, মাসুম আলী ফকির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ভ্যালু চেইন অফিসার আঃ বাকী, উপজেলা সমন্বয়কারী সোয়েব হোসেন, এফ,এফ আবুল কালাম বাবলা, মুজিবর রহমান, শরিফুর রহমান, খাদিজা খাতুন, রতন কুমার দাস, মোঃ রাফিসহ ৩টি ইউনিয়ন পরিষদ সচিব ও উপকার ভোগী, জিও-এনজিও প্রতিনিধি বৃন্দ।

দাকোপে দলিত নারীদের মাঝে প্রশিক্ষণ ও চেক বিতরণ
দাকোপ প্রতিনিধি
বিডিইআরএম ও গীতা ফাউন্ডেশনের আয়োজনে নাগরিক উদ্যোগের সহায়তায় দলিত নারীদের ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ ও মূলধনের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে গীতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুব্রত কুমার মিস্ত্রীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন গীতা ফাউন্ডেশনের হিসাব রক্ষক পবিত্র মন্ডল, কমিউনিটি অর্গানাইজার নিলিমা রায়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী ৫ জন নারী মধুমালা বিশ^াস, মিলারা সরদার, ষষ্টি বিশ^াস, অঞ্জনা সরদার ও প্রতিমা দাসের মাঝে ৫ হাজার টাকা চেক বিতরণ করেন।

চালনা পৌরসভার উপ-নির্বাচনে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষন
দাকোপ প্রতিনিধি
চালনা পৌরসভায় ২নং সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচনের ভোট গ্রহনকারী প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ২দিন ব্যাপি প্রশিক্ষন শুরু হয়েছে। চালনা বাজার সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ পর্যন্ত প্রথম দিনের প্রশিক্ষন প্রদান করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, দাকোপ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুল ইসলাম, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষনে ৪৪ জনের মধ্যে ৩ জন প্রিজাইডিং অফিসার ও ১৫ জন সহকারী সহকারী প্রিজাইডিং ও ২৬ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহন করেন। উল্লেখ্য চালনা পৌরসভার ২ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হাছিনা বেগমের ইন্তেকাল করার আগামী ২৮ এপ্রিল চালনা পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়ার্ডে উপ-নির্বাচন ইভিএম-এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

মহেশপুরে হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
তীব্র তাপদাহে পুড়ছে গোটা দেশ। অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। ঝিনাইদহের মহেশপুরে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ। এদিকে ঝিনাইদহের মহেশপুর শহরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইউনুস আলী (৮০)। সোমবার(২২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শহরের বারুইপাড়া নিহারুন ভিলার দ্বিতীয় তলায় তার মৃত্যু হয়।
মৃত ইউনুস আলী মহেশপুর উপজেলার মান্দার বাড়িয়া ইউপির মির্জাপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গেল তিন দিন আগে মির্জাপুর থেকে মহেশপুর শহরে ছেলের বাড়িতে বেড়াতে আসে। দুপুরের পর থেকে শারীরিক অসুস্থতা বোধ করার পাশাপাশি পাতলা পায়খানা শুরু হয়। এছাড়াও প্রচুর ঘামতে থাকে,হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে তার মৃত্যু হয়।
মহেশপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সুলতান আহম্মেদ মৃত্যু তথ্য নিশ্চিত করে বলেন, ইউনুস নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।

মহেশপুরে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল)সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামীদ,মহেশপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমূল হুদা জিন্টু, ইউপি সচিব মোঃ জহুরুল ইসলাম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ নাজমুল সাকিবসহ সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ইউপির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সালেহ বাবু’র মাতা অসুস্থ; সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু’র মাতা মোছাঃ ফরিদা বেগম শারীরিক ভাবে অসুস্থ হয়ে খুলনা মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু-সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।

অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৩ জনের গণসংযোগ
সৈয়দ রিপন, স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এর গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ১৮ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা তফসিল মোতাবেক অভয়নগর উপজেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো: আব্দুর রশিদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের সময়সূচি ধার্য করে প্রজ্ঞাপন জারি করেছেন। রিটানিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট ২মে বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ৫মে রবিবার মনোনয়ন পত্র বাছাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ৮ মে সোম,মঙ্গল ও বুধবার, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে বৃহস্পতি, শুক্র ও শনিবার, ১২ মে রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ১৩ মে সোমবার প্রতীক বরাদ্দ ও ২৯ মে বুধবার ভোট গ্রহণ। উপজেলা পরিষদ নির্বাচনে ৮১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এ উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ১৮ হাজার ৯০ জন এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫০ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৪৫ জন ও হিজড়া ভোটার রয়েছে ২ জন। নির্বাচনে আওয়ামীলীগ থেকে সম্ভাব্য চেয়ারমান প্রার্থী রয়েছেন ৩ জন। এরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর ও শ্রমিকলীগের অভয়নগর রাজঘাট শিল্পাঅঞ্চল শাখার সাধারণ সম্পাদক ও মটর শ্রমিকের কেন্দ্রীয় নেতা রবিন অধিকারি ব্যাচা। সরদার ওলিয়ার রহমান বলেন, ‘আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে। এলাকাবসি যদি আমাকে সমার্থন করেন তা হলে নির্বাচন করবো। নির্বাচিত হলে উপজেলার গণমানুষের জীবনমান উন্নয়নে নিজেকে সমার্পণ করবো।’ শাহ ফরিদ জাহাঙ্গীর বলেন,‘ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবো। বর্তমান উপজেলা চেয়ারম্যান পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। আমি নির্বাচিত হওয়ার পর উপজেলায় কোন দুর্নীতি হতে দেওয়া হয় নি। আমি এজনপদের ব্যাপক উন্নয়ন করেছি। আমি আশাবাদি এ উপজেলার জনগণ আমাকে আবারো ব্যাপক ভোটে নির্বাচিত করবেন এবং উন্নয়নের ধারা অব্যহত রাখবেন।’
রবিন অধিকারি ব্যাচা বলেন, ‘উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য এলাকায় গণসংযোগের করছি। লোকজন আমাকে সমার্থন করছেন। এজনপদের মানুষ আমার সাথে আছে। আমি ব্যাপোক ভোটে নির্বচিত হবো বলে আশারাখি, তাদের সাথে নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করে যাবো।’

বৃষ্টি প্রার্থনায় খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাযে হাউমাউ করে কাঁদলেন কয়রাবাসী
কয়রা (খুলনা) প্রতিনিধি
অনাবৃষ্টির কবল থেকে রক্ষা পেতে বৃষ্টি প্রার্থনায় খোলা আকাশের নিচে বিশেষ (ইস্তিসকার) নামায আদায় করেছেন কয়রাবাসী। পরে বিশেষ মোনাজাতে আল্লাহর কাছে দু’হাত উচু কওে হাউমাউ করে অঝরে কাঁদলেন নানা বয়সী ধর্মপ্রাণ মুসলমানগণ। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার আবুবকর মসজিদ সংলগ্ন কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা ইমাম পরিষদের আয়োজনে এ নামায অনুষ্ঠিত হয়।
মুসল্লিরা জানান, প্রচন্ড গরমের তাপে বিপর্যস্ত হয়ে পড়েছে কয়রার জনজীবন। পিচগলা রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণিকুল। বৃষ্টির দেখা নেই এক মাসের বেশি। গত দুই সপ্তাহ অস্বাভাবিক তাপমাত্রা। পুকুর, নদী নালা, খাল শুকিয়ে গেছে। শুধু তাই নয়, আশংকাজনকভাবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না গভীর নলকূপ ও সেচ পাম্পে। ফলে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। মাঠে রোদে পড়ে কৃষকের ফসলও নষ্ট হচ্ছে। আমের গুটি ঝরে পড়ছে। খেটে খাওয়া মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে এই প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা এবং বৃষ্টি হওয়ার জন্য আল্লাহ তায়ালার দরবারে বৃষ্টি প্রার্থনা করে খোলা আকাশের নিচে দুই রাকাত ইস্তিসকার নামায আদায় করে বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করেন তারা। নামাযে সবাইকে অংশ নেওয়ার জন্য আগে থেকেই মাইকে ও সোস্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছিল।
এ সময় কৃষক আঃ গফুর জানান, বৃষ্টি বাদল নেই। খুব তাপ। কলে (টিউবৗয়েল) ও বোরিংয়ে পানি উঠছে না। তাই বৃষ্টি চেয়ে নামাযের মধ্যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কান্নাকাটি করেছেন তারা।
এদিকে কয়রা উত্তরচক কামিল মাদ্রসার শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ বাহার জানান, কোরআন হাদিসের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারনে মহান আল্লাহ তায়লা এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সঃ) সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামায আদায় করতেন। সেজন্য তারা মহান আল্লাহর নিকট পাপের তওবা করে ক্ষমা চেয়ে দুই রাকাত নামায আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ মাসুদুর রহমানের পরিচালনায় ইস্তিসকার নামায পড়ান মাওলানা হাবিবুল্লাহ বাহার, খুৎবা পাঠ করেন মাওঃ মুফতি জমিরুল ইসলাম, দোয়া ও মোনাজাত করেন মাওঃ নেয়ামতুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, ইমাম পরিষদের সভাপতি মাওঃ আইয়ুব আলী, সাবেক কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, মাওঃ আশরাফুল ইসলাম, মাওঃ মিজানুর রহমান, মাওঃ বেলাল হোসেন ও হাফেজ মনিরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমানগণ।

কালিগঞ্জে কমিউনিটি ক্লিনিকের সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
জাহিদ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম কমিউনিটি ক্লিনিক এর কমিউনিটি গ্রুপের সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও নবযাত্রার প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাজার গ্রাম কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপের সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবহন কর্মকর্তা ডা: বুলবুল কবির, বাজার গ্রাম কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও কুশুলিয়া ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান, বাজার গ্রাম কমিউনিটি ক্লিনিকের সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের প্রতিনিধি সৈয়দ নুর এ আলম সিদ্দিকী, উপজেলা ইপিআই টেকনিশিয়ান শেখ মোঃ মশিউর রহমান, শিক্ষক সিরাজুল ইসলাম ,শেখ মুজাফফর হোসেন প্রমূখ। প্রশিক্ষণে বাজার গ্রাম কমিউনিটি ক্লিনিকের সেবার মানদণ্ডসমূহ এবং কমিউনিটি ক্লিনিক এর কর্মপরিকল্পনা করা হয়। কমিউনিটি ক্লিনিকের সেবা দাতা ও সেবা দানের সময়, কমিউনিটি ক্লিনিক হতে প্রদেয় উল্লেখযোগ্য সেবা সমূহ, কমিউনিটি ক্লিনিক এর কর্মপরিকল্পনার ছক সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রামপালে ইছালে ছওয়াব মাহফিলের মাংশ বিক্রিতে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের ফয়লাহাটে ইছালে সওয়াব মাহফিলের রান্না করা কয়েক ডেগ মাংশ বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গভীর রাতে খেতে দেয়ার কারণে মুসল্লি ও শিশুরা চলে যাওয়ায় বিপুল পরিমান মাংশ বেচে যায়। পরবর্তী বেচে যাওয়া মাংশ এতিমখানায় না দেওয়ার কারণে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগকারীরা জানান, সোমবার (২২ এপ্রিল) রাতে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বড় ধরণের খাওয়ার আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, মাহফিলে বেশী মুছল্লি সমাগম হওয়ায় মাহফিল পরিচালনা কমিটি রাত ভারী করতে থাকেন। যাতে করে লোকজন কমে যায়। এক পর্যায়ে রাত ২ টার সময় উপস্থিত মুসল্লিদের খেতে দেয়া হয়। ওই সময় বিশেষ করে শিশু ও বৃদ্ধরা রাত ১২ টার পূর্বে অভূক্ত অবস্থায় মাহফিল ছেড়ে চলে যায়। পরদিন মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে বেচে যাওয়া কয়েক ডেগ মাংশ বিক্রি করে দেয়া হয়। অভিযোগকারীরা জানান, মাহফিল কমিটির সভাপতি আ. হালিম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক বাবুল গাজী লোক সমাগম বেশী দেখে দেরীতে খেতে দেন। এত দেরী হওয়ায় বৃদ্ধ ও শিশুরা অভূক্ত অবস্থায় মাহফিল ছেড়ে চলে যায়। পরে ৯ ডেগ মাংশ বেচে যায়। ৫ ডেগ বিক্রি করেন এবং ৪ ডেগের মাংশ কমিটির সদস্যরা ভাগবাটোয়ারা করে নিয়ে যায়।
এ বিষয়ে মাহফিল কমিটির সাধারণ সম্পাদক বাবুল গাজীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। মাহফিল কমিটির সভাপতি আ. হালিম পাটোয়ারির মুঠোফোনে কথা হলে তিনি জানান, ১০ হাজার লোক খাওয়ানো হয়েছে। মাহফিল শেষে খাওয়াতে কোন দেরী হয়নি। সামান্য কিছু বেচে যাওয়া বিক্রি করা হয়েছে। কোন মাংশ কমিটির সদস্যরা নেয়নি। তবে তিনি বলেন এতিমখানা খোলা ছিল না তাই মাংশ দেয়া যায়নি।

মোংলার ফারুকের মনোরঞ্জনে আছে শতাধিক নারী, বেহায়াপনা ঢাকতে আলোচিত গুন্ডা বাহিনী সক্রিয়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ভাড়াটে গুন্ডা দিয়ে স্ত্রীকে পিটানোর অভিযোগ উঠছে মোংলার বহুল আলোচিত শিল্পপতি টি,এ ফারুকের বিরুদ্ধে। বহুবিবাহের নায়ক এ শিল্পপতির বিরুদ্ধে নারী কেলেংকারীর নানা অভিযোগ। কখনও নিজে বিয়ের পিড়িতে বসছেন আবার কখনও অধিনস্থ কর্মচারীদের বিয়ে করিয়ে নারীদের রক্ষিতা বানিয়ে রাখছেন তিনি। আলোচিত এ টি,এ ফারুকের লালসার শিকার হয়েছেন সুমি আক্তার (২৫) নামে দুই সন্তানের জননী।উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের এ নারীর সঙ্গে বছর দুই আগে টি,এ ফারুকের পরিচয় হয়।
এরপর নানা প্রলোভন দেখিয়ে ওই নারীর সংসার ভেঙ্গে বিয়ে করেন তিনি। বিয়ের পর টি,এ ফারুকের জলসাখানা শতরুপা বরফ কলের দ্বিতীয় তলার ভবনে ওঠেন স্ত্রী সুমিকে নিয়ে। এখানে বছর দেড়েক ভালই চলছিল তাদের সংসার। কিন্তু সুমির চোখে ধরা পড়ে স্বামী টি,এ ফারুকের বহুনারীগামিতা। আর এ নিয়ে হঠাৎ করে শুরু হয় পারিবারিক দ্বন্ধ। এক পর্যায় স্ত্রী সুমিকে তাড়াতে শুরু করেন শারিরীক ও মানসিক নির্যাতন। এমনকি গত শনিবার (২০এপ্রিল) দুপুরে তীব্র তাপদাহের মধ্যে স্ত্রী সুমিকে রুম থেকে বের করে তালা ঝুলিয়ে দেন। পরে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মধ্যস্থতায় সুরহা হয় এবং ঘরে ওঠেন সুমি। সর্বশেষ সোমবার (২২এপ্রিল) রাত ১০টায় ২৫/৩০ জনের একদল ভাড়াটে গুন্ডা সুমির ঘরে হানা দিয়ে তাকে মারধরসহ সাদা স্টাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। এ নিয়ে ঘন্টাব্যাপী হুলুস্থল কান্ড ঘটে শতরুপা বরফ কলে। রাতেই প্রতিবেশীরা সুমিকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বামী টি,এ ফারুকের ভাড়াটে গুন্ডাদের মারধরে স্ত্রী সুমি আক্তার এখন হাসপাতালের বেড়ে কাতরাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পার্টির আমলে টি,এ ফারুকের (তালুকদার আখতার ফারুক) উত্থান। রাজনৈতিক এ দলটির উপজেলা সভাপতির দায়িত্বে ছিলেন বিগত কয়েক দশক। পরে কয়েক দফায় তিনি রাজনৈতিক খোলসও বদল করেছেন। এখন তিনি পেশায় একজন আপাদমস্তক শিল্পপতি। কিন্তু তার নেশা মোবাইল ফোন ও দালালদের মাধ্যমে নারীদের সুকৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলা। এরপর নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করা। এভাবে মুসলিম, হিন্দু ও খৃষ্টান ধর্মের অসংখ্য নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন টি,এ ফারুক। নারীদের সাথে সম্পর্ক করতে দিন-রাত তার মোংলা পৌর শহরের শ্রম কল্যান রোডের জলসাখানায় চলে বেহায়াপনা। এনিয়ে অতিষ্ঠ তার এলাকার আশপাশের লোকজন। নারীদের সাথে প্রেম অতঃপর ভোগ বিলাসের এই কাজে সহযোগিতায় তার নিযুক্ত আছেন ১৫/২০জনের দালাল সিন্ডিকেট। এ সিন্ডিকেট
মোংলার বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় গরীব পরিবারের সুন্দরী মেয়েদের বাড়ি-জমিসহ মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে দালালরা নিয়ে আসেন লম্পট ফারুকের জলসাখানায়। সেই জলসাখানা ঘিরে এরই মধ্যে গড়ে উঠেছে মিনি পতিতালয়। যেখানে ফারুকের মনোরঞ্জনে আসেন ভ্রাম্যমাণ পতিতারাও। চলে উদ্যম গান বাজনা। গান আর নাচের তালে সারা রাত চলে বেহায়াপনা। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে তার ভাড়াটে মাস্তান বাহিনী দিয়ে দমন করা হয় তাদের। প্রশাসনও রহস্যজনকভাবে চুপ থাকায় লম্পট ফারুকের এই অপকর্ম চলে আসছে দীর্ঘ কয়েক দশক ধরে।
শতরুপা বরফ কল ও হোটেল সিঙ্গাপুর এবং চৌরাঙ্গী হোটেলসহ একাধিক স্থানে তার এমন ঘাটি রয়েছে। টি,এ ফারুকের বয়স ৭০এর ঘরে। তবুও চোখ আর মনের নেশায় অসংখ্য অসমবিবাহের নায়ক হয়ে উঠছেন তিনি। তার বহু নারীগামিতা নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা থাকলেও টি,এ ফারুক সঠিক বিবাহের তথ্য কেউ নিশ্চত করতে পারেনি।

টি,এ ফারুকের সর্বশেষ স্ত্রী সুমি আক্তার জানান, এ পর্যন্ত তার স্বামীর (টি,এ ফারুক) শতাধিক বিবাহের খোঁজ পেয়েছেন তিনি। আরও শতাধিক নারীর সঙ্গে তার অবৈধ পরকীয়া সম্পর্ক রয়েছে।

টি,এ ফারুকের হোটেল ম্যানেজার সোহাগ বলেন, তার বস যখন যা নির্দেশ করেন তখন তাই করতে হয়। এক্ষেত্রে তার কোন দোষ নেই। তবে টি,এ ফারুকের সর্বশেষ স্ত্রী সুমি আক্তারকে সে ম্যানেজ করে ছিলেন বলেও জানায় সে।

এ প্রসঙ্গে মোংলা পোর্ট পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম জানান, টি,এ ফারুকের সর্বশেষ স্ত্রী সুমিকে নিয়ে পারিবারিক সমস্যার বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি।

মোংলা উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি এইচ,এম দুলাল বলেন, টি,এ ফারুকের বরফ কলে দিন-রাত উঠতি বয়সের নারীদের আড্ডাস্থল হয়ে উঠছে। এতে এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ বিষয় প্রশাসনের নজরদারীসহ আইনী ব্যবস্থা গ্রহণ জরুরী।

টি, এ ফারুকের এসব অপকর্ম বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, নারীদের প্রতি তার এমন অসম্মান সামাজিকভাবে নৈতিক অবক্ষয় ও দুঃখজনক। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

টি,এ ফারুকের বিরুদ্ধে স্ত্রী সুমির করা অভিযোগ পেয়েছেন স্বীকার করে মোংলা থানার ওসি কে,এম আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সকল বিষয়ে জানতে টি,এ ফারুককে (তালুকদার আখতার ফারুক) একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর বক্তব্যের জন্য সিঙ্গাপুর হোটেলে তার (টি,এ ফারুক) অফিস কক্ষে গেলে তিনি পরে কথা বলবেন বলে দরজা বন্ধ করে দেন। #

পাইকগাছা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সদরের ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, গ্রাম ডাক্তার শংকর কুমার দেবনাথ, মিজানুর রহমান, পূর্ণ চন্দ্র মন্ডল, গোবিন্দ লাল মন্ডল, অহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় মন্ডল, বাসুদেব রায়, লতিফুর রহমান, নিরঞ্জন মল্লিক, মনোরঞ্জন রায়, শহিদুল ইসলাম, পিযুষ কান্তি সানা, মাহফুজুর গোলদার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রাশেদুজ্জামান, পবিত্র কুমার মন্ডল, আব্দুল জব্বার, আকরামুল ইসলাম, পঙ্কজ কুমার মন্ডল, দীপক রায়। আলোচনা সভা শেষে উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিষ্ঠ সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

চুয়াডাঙ্গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা
মাহমুদ হাসান রনি দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলাধীন দামুড়হুদা ও জীবননগর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী বিধিমালা লংঘন করলে দলমত নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিজিটাল প্লাটফর্মে প্রার্থী বা প্রার্থীর সমর্থকদের নেতিবাচক, বিরুপ প্রচার প্রচারণা থেকে বিরত থাকতে বলেন। সংঘাত এড়িয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে উদাত্ত আহবান জানান। সকলে নির্বাচন বিধি মেনে নির্বাচনী প্রচারণার অফিস/ক্যাম্প করবেন। প্রাথীরা অন্য প্রার্থীদের উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য প্রদান করবেন না। এছাড়া প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে নির্বাচনী বিধিমালা মেনে চলার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থার চুয়াডাঙ্গার (এনএসআই) ডিডি ইয়াসিন সোহাইল প্রমুখসহ বিভিন্ন পদের প্রার্থীবৃন্দ।

মাগুরার চার উপজেলাতে দুই ধাপে নির্বাচন: ১২ পদের বিপরীতে লড়ছেন ৫৮ জন প্রার্থী
নওয়াব আলী মাগুরা
মাগুরার চার উপজেলাতে দুই ধাপে নির্বাচন সম্পন্ন হবে।২৩ এপ্রিল মাগুরা সদর ও শ্রীপুর উপজেলাতে প্রতিক বরাদ্দ হয়েছে। নির্বাচন ৮ মে।মহম্মাদপুর ও শালিখাতে যাচাই-বাছাই সমপন্ন হয়েছে।নির্বাচন ২১ মে।

সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলাতে প্রতিক বরাদ্দ হয়েছে।প্রথম পর্যায় মাগুরা সদর ও পরে শ্রীপুর উপজেলার প্রতিক বরাদ্দ ও নির্বাচনী আচার-আচরণ বিষয়ে আলোচনা করা হয়।মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ৫ জন,পরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন, মোট ১২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ৪ জন,

ভাইস চেয়ারম্যান পুরুষ ৭ জন,ভাইস চেয়ারম্যান মহিলা ৩ জন,মোট ১৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ সময় জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মাছুদুর রহমান নির্বাচন সংক্রান্ত আচরন বিধি নিয়ে আলোচনা করেন।

একই সময় মহম্মাদপুর ও শালিখার যাচাই-বাছাই সমপন্ন করা হয় জেলা প্রশাসকের রাজস্ব সম্মেলন কক্ষে (কাছারি)।রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস এ যাচাই-বাছাই সমপন্ন করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ সহকারী,শালিখা উপজেলা নির্বাচন অফিসার মোঃ মতিউর রহমান।

মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৯ জন,ভাইস চেয়ারম্যান পুরুষ ৫ জন ও মহিলা ৫ জন।মোট ১৯ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১ জনের ব্যাংকের মামলা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত আছে।

শালিখাতে চেয়ারম্যান প্রার্থী ৫ জন,মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান ২ জন।মোট ১৩ জন।

নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে মাদক মামলায় সাদ্দাম (৩৩) এবং রানা হোসেন (২৯) নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ সাইফুল আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মমিন দালালের ছেলে ও রানা হোসেন একই গ্রামের ইয়াসিন দালালের ছেলে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১২ সালের ৯ মে নড়াইল সদর উপজেলার মীর্জাপুর ইউনাইটেড কলেজের উত্তর পাশে পুলিশ একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশির সময় সাদ্দামের কাছে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল এবং রানার কাছে থাকা বাক্স থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে মাদক উদ্ধারের ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সাদ্দাম ও রানা হোসেনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন।

চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় টানা দু’ সপ্তাহ তাপপ্রবাহর কারণে ও বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে বিশেষ এ জামাতে ইমামতি ও খুদবা পড়েন চুয়াডাঙ্গা রেলস্টেশন মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুদ্দীন আহমেদ। প্রায় শতাধিক মুসল্লি নিয়ে খোলা আকাশের নিচে এই নামাজে অংশ গ্রহন করেন।

বৃষ্টির জন্য নামাজ, দুহাত তুলে চোখের পানি ঝরালেন মুসল্লিরা
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
তীব্র দাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন পাঁচ শতাধিক মুসল্লি।

মোরেলগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. মনিরুল হক তালুকদারের আহবানে মঙ্গলবার সকাল ৭টায় উপজেলা সদর আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মঠে খোলা আকাশের নিচে এ ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হলে সর্বস্তরের মুসল্লিরা এ নামাজে অংশ নেয়।

৩ দিনব্যাপি আয়োজিত এ নামাজের প্রথম দিন মঙ্গলবার এর নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মোরেলগঞ্জ বাজার চাউলা পট্টি জামে মসজিদের ইমাম ও খতিব প্রভাষক মাওলানা মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র অ্যাডভোকেট মে. মনিরুল হক তালুকদার, মোরেলগঞ্জ ইমাম সমিতির প্রধান সমন্বয়কারী মাওলানা আবদুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম।

পৌর শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম-খতিবসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলনান ইস্তস্কার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে ফেলে বৃষ্টির কামনায় ফরিয়াদ করেন। আগামী ২ দিনও এ নামাজ অনুষ্ঠিত হবে।

আত্মসমর্পণের পর খুলনার অ্যাজাক্স জুট মিলের চেয়ারম্যান কারাগারে
স্টাফ রিপোর্টার
আত্মসমর্পণের পর খুলনায় বন্ধ থাকা বেসরকারি এজাক্স জুট মিলের চেয়ারম্যান কাউছার জামান বাবলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তিনি খুলনা বিভাগীয় শ্রম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে শ্রম আদালতের বিচারক রাজিয়া সুলতানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়। তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।

আদালত সূত্রে জানা গেছে, শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ না করার মামলায় গত ২০ মার্চ আদালত তাকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান জানান, পাটকল মালিক যথাসময়ে শ্রমিকদের মজুরি পরিশোধ না করায় বিভিন্ন সময় বিভাগীয় শ্রম দপ্তরে অভিযোগ করেন শ্রমিকরা। অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে ২০১৪ সালের ২১ ডিসেম্বর মালিক-শ্রমিক ও সরকার পক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় সভা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে মালিকপক্ষ মিল চালু করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় ২০১৫ সালে অ্যাজাক্স জুট মিলের চেয়ারম্যান কাউছার জামান বাবলার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান। মালিকপক্ষের কাছে ৬২১ জন শ্রমিকের পাওনা রয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

খুলনা নগরীর নলকূপ পাম্পে পানি নেই, হাহাকার
স্টাফ রিপোর্টার
শুষ্ক মৌসুমে প্রচণ্ড তাপদাহের মধ্যে খুলনা নগরীর অধিকাংশ স্থানের অগভীর নলকূপে পানি উঠছে না। গভীর নলকূপের সঙ্গে যাদের পাম্প রয়েছে সেগুলোতেও পানি উঠার পরিমাণ কমে গেছে। ঠিকমতো পানি উঠছে শুধু গভীর নলকূপে। অন্যদিকে, খুলনা ওয়াসা পাইপলাইনে পানি সরবরাহ করলেও তা পানের উপযোগী নয়। ফলে উচ্চবিত্ত প্রতিবেশীর বাড়ির সাবমার্সিবল পাম্পই এখন খাবার পানির একমাত্র ভরসা।
অনুসন্ধানে জানা গেছে, নগরীতে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে গভীর-অগভীর নলকূপ, সাধারণ পাম্প ও সাবমার্সিবল পাম্প দিয়ে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করা হয়। প্রতিদিন ভূ-গর্ভ থেকে ৫ কোটি লিটারের বেশি পানি না তুলতে পরামর্শ দিয়েছিল এডিবি। কিন্তু পানি উত্তোলন করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি। এর ফলে ক্রমাগত নিচে নেমে গেছে ভূ-গর্ভস্থ পানির স্তর। গত ৯ বছরের ব্যবধানে নগরীর ১৪টি ওয়ার্ডে পানির স্তর নিচে নেমেছে ১ দশমিক ৯৮ মিটার থেকে ৪ দশমিক ০৪ মিটার (১৩ দশমিক ২৫ ফুট) পর্যন্ত। এর ফলে চলতি গ্রীষ্ম মৌসুমে পানি উঠছে না অনেক নলকূপ ও পাম্পে।

ওয়াসা প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে ভূ-গর্ভস্থ পানির স্তরের অবস্থা নিয়ে জরিপ চালায়। সংস্থাটির জরিপের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের তুলনায় নগরীর ৯, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে ১ দশমিক ৯৮ মিটার থেকে ৪ দশমিক ০৪ মিটার পর্যন্ত।

পানির স্তর নিচে নেমে যাওয়ায় নগরীর শেখপাড়া, গোবরচাকা, বড় মির্জাপুর, ছোট মির্জাপুর, বাইতিপাড়া, টুটপাড়াসহ আরও অনেক এলাকার বাড়ির অগভীর নলকূপ থেকে একেবারেই পানি উঠছে না।

আগে সড়কের পাশে ছোট মির্জাপুর এলাকায় দুটি, বড় মির্জাপুর এলাকায় দুটি, বাইতিপাড়া এলাকায় দুটি, দেবেন বাবু রোড ও টিবি বাউন্ডারি রোডে একটি নলকূপ ছিল। পানি না ওঠায় সেগুলো খুলে ফেলা হয়েছে।

নগরীর জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা জাকারিয়া হোসেন তুষার বলেন, বাড়ির গভীর নলকূপে চলতি মাসে আর আগের মতো পানি উঠছে না। কল চাপতে চাপতে হাত ব্যথা হয়ে যায়।

খুলনা নগরীর শেখপাড়া এলাকায় নিজের চারতলা ভবন রয়েছে সিরাজুল ইসলামের। ভবনটিতে রয়েছে নলকূপ ও মোটর দিয়ে পানি তোলার ব্যবস্থা। এ মাসের প্রথম থেকে নলকূপ ও মোটর কোনোটিতেই পানি উঠছে না। ওয়াসার পাইপ লাইনের পানি দিয়ে অন্যান্য প্রয়োজন মিটছে। কিন্তু খাবার ও রান্নার পানির জন্য তাকে ছুটতে হচ্ছে প্রতিবেশীর বাড়িতে।

সিরাজুল ইসলাম আক্ষেপ করে বলেন, ‘নিজের বাড়ি, কল থাকতেও খাওয়ার পানির জন্য পাশের বাড়ি যাচ্ছি। পানির এই কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না। দিনের বেলায় সবার সামনে পানি টানতে লজ্জা লাগে, তাই রাতে পানি আনি।’

নগরীর মৌলভীপাড়া টি বি বাউন্ডারি রোডে মডার্ন টাওয়ারের সামনে প্রতিদিন সকালে ও বিকালে পানি নিতে যান অন্তত ৫০ থেকে ৬০ জন মানুষ। ওই ভবনের সিকিউরিটি গার্ড মো. বাবুল জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টা এবং বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত সাবমার্সিবল পাম্প চালিয়ে লোকজনকে বিনামূল্যে পানি দেওয়া হয়। আশপাশের অনেক বাড়ির নলকূপ ও পাম্পে পানি না ওঠায় তারা এখান থেকে পানি নিয়ে যান।

ওই সড়কের বাসিন্দা আবুল কাশেম বলেন, গত দুই সপ্তাহ ধরে বাড়ির নলকূপে পানি উঠছে না। সে কারণে প্রতিদিন সকালে বোতল ও জার নিয়ে এখানে পানি নিতে আসি।

শুধু এই দুইজনই নয়, চলতি গ্রীষ্ম মৌসুমে খুলনা নগরীর বিভিন্ন এলাকার অসংখ্য মানুষের কষ্টের আরেক নাম এখন খাবার পানি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, নগরী এবং সংলগ্ন এলাকাগুলোতে জলাশয় এবং বৃষ্টিপাতের সময়সীমা ও পরিমাণ কমে গেছে। এছাড়া ভূ-গর্ভ থেকে প্রতিনিয়ত যে পরিমাণ পানি উত্তোলন করা হচ্ছে, তার সমপরিমাণ পানি ভূ-গর্ভস্থ স্তরে জমা হচ্ছে না। এর ফলে ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে এবং প্রতি বছরই পানি সংকট বাড়ছে।

খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল্লাহ বলেন, ভূ-গর্ভস্থ ১ হাজার লিটার পানি তুলে সরবরাহ করতে তাদের ব্যয় হয় ১১ টাকা। আর মধুমতি নদীর পানি পরিশোধন করে সরবরাহে ব্যয় হয় সাড়ে ১৭ টাকা। তবে এখনো ব্যয় কমাতে ভূ-গর্ভের পানি তোলা পুরোপুরি বন্ধ করেনি তারা। অন্যদিকে, গ্রাহকের কাছ থেকে তারা ১ হাজার লিটার পানির মূল্য নেন ৯ টাকা।

তিনি বলেন, যদি মধুমতি নদীর আরও বেশি পরিমাণ পানি তারা পরিশোধন করেন তাহলে তাদের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। তখন তাদের ভর্তুকিও বেশি দিতে হবে। তাছাড়া এই মুহূর্তে তারা গ্রাহকের ওপর বাড়তি বিলের বোঝা চাপাতে চাইছেন না। সে কারণে ভূ-গর্ভ থেকে পানি তোলা বন্ধ করা হয়নি।

এত বেশি ব্যক্তিগত নলকূপ ও সাবমার্সিবল পাম্প ব্যবহার সম্পর্কে তিনি বলেন, ওয়াসার গ্রাহক সংখ্যা প্রায় ৪১ হাজার ৮০০। কিন্তু এখনো প্রায় ২০ শতাংশ পরিবার ওয়াসার পানির সংযোগ গ্রহণ করেনি। তারা নলকূপ ও পাম্প দিয়ে ভূ-গর্ভের পানি উত্তোলন করে ব্যবহার করেন।

বাগেরহাটে পর্নোগ্রাফি মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আল আমিন শেখ নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২২ এপ্রিল) তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত রোববার বাগেরহাট আদালতে মামলাটি করেন এক নারী। ওই দিনই বাগেরহাট পুলিশ লাইন থেকে আল আমিন শেখকে গ্রেপ্তার করে বাগেরহাট মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার আল আমিন শেখ খুলনা জেলার তেরখাদা উপজেলার মোজাফফর শেখের ছেলে। তিনি বাগেরহাট সদর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত।

মামলা সূত্রে জানা যায়, বাদীর পারিবারিক একটি মামলা ছিল। ওই মামলার সূত্রে পুলিশ কনস্টেবল আল আমিন শেখের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। ওই মামলায় ভুক্তভোগীর পক্ষে কাজ করার আশ্বাস দেন আল আমিন শেখ। এই সুযোগে নারীকে বিয়ের প্রলোভন দেখান এবং একটি ভুয়া কাবিন নামায় স্বাক্ষর নেন। পরে তারা দুজনে স্বামী-স্ত্রী হিসেবে বাগেরহাটের একটি আবাসিক হোটেলে থাকতে শুরু করেন।

এক পর্যায়ে আল আমিন শেখ দুই জনের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের ভিডিও ধারণ করেন মুঠোফোনে। পরবর্তীতে ওই নারী আল আমিন শেখের বাড়ি যেতে চান। আল আমিন শেখ জানায়, কোনো বিয়েই হয়নি তাদের। এমনকি আল আমিন শেখ ভুক্তভোগীকে সম্পর্ক চালিয়ে নেওয়ার প্রস্তাব দেন এবং বিষয়টি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে বাগেরহাট আদালতে মামলা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আল আমিন শেখকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

মেহেরপুরে তীব্র দাবদাহে ঝরে যাচ্ছে আমের মুকুল
নিজস্ব প্রতিনিধি
মেহেরপুরে প্রচণ্ড দাবদাহে পুড়ছে গাছগাছালিসহ প্রাণীকূল। গত ১৫ দিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ ও প্রাণীকূল।

গত কয়েকদিন ধরে মেহেরপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এই তীব্র গরমে শুধুমাত্র মানুষ ও প্রাণীকূলের নয়। প্রভাব পড়েছে ফসলের ওপর। তীব্র তাপের কারণে শুকিয়ে ঝরে যাচ্ছে আমের গুটি। পানির সেচ ও কীটনাশক প্রয়োগেও চাষি ও ব্যবসায়ীদের মনে আসছে না স্বস্তি। একে তো এবছর গাছে কম গুটি ধরেছে। তারপরও ঝরে পড়ছে এসব গুটি। সব মিলিয়ে এক ধরনের লোকসানের আশঙ্কা চাষি ও ব্যবসায়ীদের মনে।

চাষিদের দাবি, প্রতি বছর আমের গুটি ঝরে যায়। তবে তাকে সাধারণ গুটি ঝরা ধরা হয়। কিন্তু এ বছর সাধারণের চেয়ে বেশি আমের গুটি ঝরছে রৌদ্রের তাপে। তাদের ধারণা এরইমধ্যে অনেক বাগানে ১০ থেকে ১৫ ভাগ আমের গুটি ঝরে গেছে।

মেহেরপুর জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ২ হাজার ৩০০ হেক্টর জমিতে ল্যাংড়া, হিমসাগর, ফজলি, আমরুপালি, বোম্বায়সহ অন্যান্য জাতের আমের বাগান রয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাত না থাকায় এসব বাগানের মাটি শুকিয়ে যাচ্ছে। এ অবস্থায় বাগানে হালকা সেচের পাশাপাশি আমের গুটি ঝরা রোধে পরিমিত মাত্রায় বোরন স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

এ বছর জেলার আমের বাগানগুলোতে মুকুল কম এসেছিল। বেশিরভাগ গাছে নতুন পাতার জন্ম হয়েছে। এছাড়া অনেক গাছে নতুন পাতা না এলেও মুকুল আসেনি। যদিও সেই গাছগুলোতে গত বছর আম এসেছিল। কিন্তু এ বছর নেই। আবার যে গাছগুলোতে আমের মুকুল ছিল সেগুলোর আবার গুটি ঝরে গেছে। গুটি ঝরা ঠেকাতে সেচ দিচ্ছেন অনেকেই।

মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের আম চাষি সাখাওয়াত হোসেন জানান, তার ২টি বাগানে ৪০টি আমের গাছ রয়েছে। তার মোট গাছের তিন ভাগের একভাগও গাছে আম নেই। তার দাবি এ বছর মুকুল আসেনি। তারপরও যে কয়েকটা গাছে মুকুল ছিল, তাও আবার ঝরে যাচ্ছে। সবমিলিয়ে এ বছর আমের উৎপাদন কম হবে।

জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের আমচাষি আব্দুর রব বলেন, আমের জন্য এ সময় বৃষ্টি খুব প্রয়োজন। বৃষ্টি হলে আশা করা যায় আমের গুটি ঝরা বন্ধ হয়ে যাবে। তা না হলে তীব্র তাপে গাছের আমের আরো বেশি গুটি ঝরে যাবে। অন্যান্য মৌসুমে গাছ থেকে স্বাভাবিক আমের গুটি ঝরে। কিন্তু বর্তমানে স্বাভাবিকের চেয়ে বেশি আমের গুটি ঝরছে। তার হিসেবে গাছের ১০ থেকে ১৫ ভাগ আমের গুটি ঝরে গেছে। প্রচণ্ড রোদের কারণে ছোট-বড় আম ঝরে পড়ছে। এতে করে ফলনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

একই গ্রামের বাগান মালিক জিয়ারুল ইসলাম জানান, এবার আম কম হবে। বিগত বছরের তুলনায় আমের মুকুলও কম ছিল। এ বছর মুকুলে ফুল ফোটার সময়ে বৃষ্টিপাত হয়েছিল। ফলে আমের অনেক মুকুল নষ্ট হয়ে গেছে। আর অবশিষ্ট যে আম টিকে আছে, তা শুকিয়ে পড়ে যাচ্ছে। এতে এবার আমের ফলন কম হবে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সামসুল আলম বলেন, তীব্র তাপের কারণেই আমের গুটি ঝরে যাচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। যেসব বাগানে আম ঝরে যাচ্ছে, বিকেলের দিকে পরিমিত মাত্রায় বোরন স্প্রে করলে, আম ঝরা রোধ করা যাবে।

রূপসায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জাবুসা গ্রামেএক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে । গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে । স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় এর জের ধরে স্ত্রীকে বেধড়ক মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে মঙ্গলবার দুপুরে জাবুসা গ্রামের অজয় মন্ডলের পুত্র গোবিন্দ মন্ডল (৪০) তার স্ত্রী সুপ্রিয়া মণ্ডল ( ৩২) কে বেধড়ক মারপিট । একপর্যায়ে সে অসুস্থ হয়ে পরলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় । পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে রূপসা থানার, অফিসার ইনচার্জ শওকত কবির জানান মৃত সুপ্রিয়া মন্ডলের কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়াশ করা হয়েছে । পরবর্তীতে সে মারা। ধারণা করা হচ্ছে সে বিষপান করেছিল।