Home আঞ্চলিক বাগেরহাটে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

বাগেরহাটে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

15

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে শফিকুল আজম খান নামের এক ভুয়া শিশু চিকিৎসকের ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা ধার্য করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ মার্চ) বিকেলে শহরের মিঠাপুকুর পাড় রোডের সেবা প্যাথলজি অ্যান্ড কনসালটেশন নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে এ দন্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শেখ রিয়াদুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডাদেশপ্রাপ্ত শফিকুল আজম খান সেবা প্যাথলজি অ্যান্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া বলেন, শফিকুল আজম খান দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। তিনি চিকিৎসক না হওয়া সত্বেও চিকিৎসা দিয়েছেন যা প্রতারণার শামিল। এই অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তবে তার প্যাথলজির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।