খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, জনগণ এই স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের ঘোষিত প্রহসনের নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। একতরফা নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ নেই। কারণ দেশবাসী জানে ৭ জানুয়ারি মুলত নির্বাচন নয় বরং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী এমপিদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। জনগণকে যারা ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে তারা দেশের শত্রু। তিনি বলেন, সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ক্ষমতাকে কুক্ষিগত করতেই বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। সংসদের বিরোধী দল কে হবে? ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের এমন প্রশ্নই প্রমাণ করে, সরকার সাজানো ও পাতানো নির্বাচন করছে। জনগণ এই তামাশার নির্বাচন মেনে নিবে না। ফলে নিজ নিজ অবস্থান থেকে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে হবে। রোববার (৩১ ডিসেম্বর) সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে খুলনা মহানগরীর বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন। এ সময় জামায়াত নেতা জহির রায়হান, ইকবাল কবির মোহন, মো. কানু, জিয়া, রবিউল ফারাজী, কুব্বাত কাজি, সানোয়ার, আজহার আলী প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। দেশে আজ গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বলতে কিছুই নেই। তাই ৭ জানুয়ারীর তামাশার নির্বাচনকে বর্জন করে দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে। ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের জন্য দেশব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ চলছে। এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য যে গণআন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে রাজপথে অবস্থান করবে। তিনি আওয়ামী জুলুমতন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে এই গণআন্দোলনে শরিক হয়ে ময়দানে তৎপর ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।











































