ক্রীড়া প্রতিবেদক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি টাইগার যুবারা। ম্যাচটিতে ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে অর্ধ শতক তুলে নিয়েছেন টাইগার ব্যাটার আরিফুল ইসলাম। তার ব্যাটে ভর দিয়েই জয়ের পথে এগোচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩২ ওভারে তিন উইকেটে ১২৫ রান।
শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ১৮৮ রান তুলতেই সবকটি উইকেট হারিয়েছে ভারতের যুবারা। এতে টাইগার যুবাদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৯ রান।
ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আশিকুর রহমান ও জিশান আলম। ইনিংসের প্রথম ওভারে এ জুটিতে আঘাত হানেন রাজ লিম্বানি। তার বলে শূন্য রানেই সাজঘরে ফেরেন জিশান।
এরপর নিয়মিত ব্যবধানে মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমানকেও হারায় টিম টাইগার্স। লক্ষ্য তাড়ায় গুরুত্বপূর্ণ তিন ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে আহরার আমিনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরিফুল ইসলাম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ জুটির ব্যাট থেকে এসেছে ৯১ রান।
আরিফুল ৬২ ও আহরার ৩৩ রানে অপরাজিত আছেন।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয় যুবারা। টাইগারদের বোলিং তোপে ৬১ রানের আগেই ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। তবে মুশের খান ও মুরুগান অভিষেকের জোড়া ফিফটিতে লড়াকু পুঁজি পায় ভারত।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যখন দিশেহারা তখন ভারতের হাল ধরেন মুশের খান ও মুরুগান অভিষেক। তাদের জুটিতে ভর দিয়েই বিপদ সামলে এগোতে থাকে দলটি। তবে ফিফটির পরই সাজঘরে ফেরেন মুশের। এরপর আবার খেই হারিয়ে ফেলে তারা।
অন্যপ্রান্তে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ব্যাট হাতে লড়াই চালিয়ে ফিফটি করেন অভিষেক। সেই সঙ্গে দলীয় রানের চাকাও সচল রাখেন। কিন্তু মারুফ মৃধার আঘাতে তিনি সাজঘরে ফিরলে রানের চাকা থেমে যায় মেন ইন ব্লুজদের। শেষ পর্যন্ত ১৮৮ রানে থামে ভারতের ইনিংস।
টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মারুফ মৃধা।











































