খেলা ডেস্ক।।
দুবাইয়ের মাটিতে গড়িয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। যেখানে আসরের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, দিনের অন্য ম্যাচে ভারতকে বিদায় করে শিরোপা নির্ধারনী মঞ্চে পৌঁছেছে বাংলাদেশের যুবারা।
শুক্রবার ছোটদের এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে স্বাগতিক আরব আমিরাত ও পাকিস্তান। ম্যাচটিতে আগে ব্যাট করে ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রানে গুটিয়ে যায় আমিরাত। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৪৯.৩ ওভারে ১৮২ রানে সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এতে ১১ রানে নাটকীয় জয় পায় স্বাগতিকরা। সেই সঙ্গে ফাইনালের মঞ্চে পৌঁছে যায় তারা।
একই দিনে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশের যুবারা। ম্যাচটিতে আগে ব্যাট করে ৪২.৪ ওভারে ১৮৮ রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ৪৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাহফুজুর রহমানের দল।
আগামী ১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছোটদের এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।











































