খুলনাঞ্চল রিপোর্ট।।
ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় আরও অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। গত শুক্রবার থেকে ‘ক্ষণে ক্ষণে’ বাড়ছে এ নিত্যপণ্যের দাম। রাতের ব্যবধানেই প্রতিকেজির দাম উঠেছে ২২০ টাকা পর্যন্ত। আমদানিকৃত পেঁয়াজের কেজিও ২০০ টাকা ছুঁই ছুঁই।
নিজেদের বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে ভারত। গত শুক্রবার থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। মূলত এ খবর
প্রকাশের পর থেকেই দেশের বাজারে অস্থিরতা বাড়তে থাকে।
সকালে রাজধানীর মালিবাগ বাজারে এসে পেঁয়াজের দাম শুনতেই চক্ষু চড়কগাছ বেসরকারি চাকরিজীবী মো. মোস্তাক আহমেদের। কিছু বুঝে উঠতে না পেরে খানিক চুপ থেকে দোকানিকে আবার জিজ্ঞেস করলেন, ‘আবার বলেন তো, কত দাম’। দোকানি আবার জানালেনÑ প্রতিকেজি ২১০ টাকা। পেঁয়াজের দাম শুনে কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন মোস্তাক আহমেদ। পরে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার) সকালেও দেখলাম ১৩০ টাকা। আজ ২১০ টাকা। কীভাবে সম্ভব! রীতিমতো গলাকাটা দাম চাইছে! মানে আমাদেরকে জিম্মি করে যেমন পারছে লুট করে নিচ্ছে ব্যবসায়ীরা।’
এ বাজারের খুচরা বিক্রেতা মো. সোলেমান জানান, একরাতের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম ১৩০-১৪০ টাকা থেকে বেড়ে ২১০ টাকা হয়েছে। আর আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়ে ১৭০ থেকে ১৮০ টাকা হয়েছে।
রাজধানীর মালিবাগ, শান্তিনগর, যাত্রাবাড়ী ও কদমতলীসহ বিভিন্ন এলাকার খুচরাবাজার ঘুরে দেখা গেছে, একেক এলাকায় একেক দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এলাকা ভেদে দেশি পেঁয়াজের কেজি ২১০ টাকা থেকে সর্বোচ্চ ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর আমদানিকৃত পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকালের বাজার প্রতিবেদনেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চিত্র উঠে এসেছে। যদিও সংস্থাটি বলছে, গতকাল রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি ১৯০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ১৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ছিল ১০৫ থেকে ১৩০ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১১০ টাকায়।
ব্যবসায়ীদের অনেকেই বলছেন, দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ভারতের পেঁয়াজ দেশে আসতে তিন থেকে সাত দিন সময় লাগে। ফলে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলেও বাজারে এত দ্রুত তার প্রভাব পড়ার কথা নয়। তা ছাড়া বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে, পাশাপাশি নতুন পেঁয়াজের সরবরাহও বাড়ছে। এর মধ্যে দাম একদিনে ২০০ টাকা ছাড়িয়ে যাওয়া অস্বাভাবিক। মূলত অসাধু ব্যবসায়ীরা ভারতের রপ্তানি বন্ধের সুযোগ নিচ্ছে।
মিতালী আড়তের কানাই সাহাসহ রাজধানীর শ্যামবাজারের একাধিক পাইকারি ব্যবসায়ী জানান, গতকাল এ বাজারে পাইকারিতে দেশি পেঁয়াজের কেজি ১৭০ পর্যন্ত বিক্রি হয়েছে। এর বেশিতেও বিক্রি করেছেন কেউ কেউ। অনেকে বিক্রি বন্ধও রেখেছেন। গত সপ্তাহে পাইকারিতে এ পেঁয়াজ ১০০ টাকার কমেও বিক্রি হয়েছে। আর আমদানিকৃত পেঁয়াজের দামও বেড়ে গতকাল ১৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হয়েছে।
বেশ কয়েকজন পাইকারি ব্যবসায়ী জানান, গত এক দিনে দফায় দফায় পাঁচ টাকা, ১০ টাকা করে দাম বেড়েছে। মূলত এখানকার অনেক ব্যবসায়ী ‘কমিশন বাণিজ্য’ করেন।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসেন বলেন, পেঁয়াজের বাজারে যেটা হচ্ছে, সেটাকে ব্যবসা বলা যাবে না। এটাকে ডাকাতি বলব, নাকি তার চেয়েও বেশি কিছু, ভাষা খুঁজে পাচ্ছি না। দেশে পেঁয়াজের উৎপাদন সন্তোষজনক। পুরনো পেঁয়াজ এখন পাওয়া যাচ্ছে, নতুন পেঁয়াজ উঠছে। তা ছাড়া বাজারে যে পেঁয়াজ রয়েছে সেগুলো আগের দামে কেনা। অথচ ভারত ঘোষণা দিতেই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেটচক্র। গায়েবি ফোনকল বা এসএমএসে দাম বাড়ছে। ক্রয়-বিক্রয়ে রশিদ নেই। এসব তদারকিতেও তৎপরতা দেখা যায় না।
রাতারাতি দাম বাড়ায় অনেক পাইকারি বিক্রেতা পণ্য মজুদ করছেনÑ এমন অভিযোগও উঠেছে। কদমতলী এলাকার মো. মিলন হোসেনসহ আরও অনেক খুচরা বিক্রেতা জানান, শুক্রবার থেকে প্রতিঘণ্টায় দাম বাড়ছে। চাহিদা দিয়েও কাক্সিক্ষত পেঁয়াজ মিলছে না। অনেক পাইকার মোবাইল ফোন বন্ধ রেখে বিক্রি বন্ধ রেখেছে। যেটুকু দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তার প্রতি মণের দাম পড়ছে ৮ হাজার টাকার আশপাশে। কয়েক দিন আগে যা ৪ হাজার ৫০০ টাকার আশপাশে কেনা গেছে।
শ্যামবাজার পেঁয়াজ পাইকার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মাজেদ বলেন, ‘দেশে যতটুকু উৎপাদন হয় তা দিয়ে চাহিদা পুরোপুরি মেটে না; আমাদনি করতে হয়, যার বড় অংশ ভারত থেকে আসে। সেখানে রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়ায় দেশের বাজারে বড় প্রভাব পড়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, রপ্তানি বন্ধের ঘোষণার পর গতকাল শনিবার ভারত থেকে ২০ ট্রাক পেঁয়াজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। প্রতি ট্রাকে ৩০ টন করে পেঁয়াজ রয়েছে। আরও কিছু ট্রাক ভারতের ঘোজাডাঙ্গা পারে থাকলেও আর আসবে না বলে জানা গেছে।
অপরদিকে সোনামসজিদ স্থলবন্দরে আগে এলসি করা ২৬টি ট্রাকে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে। আরও কিছু ট্রাক প্রবেশের অপেক্ষায় আছে। এর মধ্যেও চাঁপাইনবাবগঞ্জের বাজারে কেজিতে পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা বেড়েছে। হিলিতে একরাতেই পেঁয়াজের কেজিতে ৯০ টাকা পর্যন্ত বেড়েছে।
হু হু করে বাড়তে থাকা পণ্যটির দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ লক্ষ্যে ঢাকাসহ সারাদেশে জোরদার অভিযান চালানো হয়। পেঁয়াজসহ বিভিন্ন পণ্য বিক্রিতে অনিয়মের অপরাধে ১৩৩টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ক্যাবের সহ-সভাপতি নাজের হোসাইন বলেন, প্রতিবছর সেপ্টেম্বর-নভেম্বরে পেঁয়াজ নিয়ে এমনটা ঘটছে। এ সময় ভারত থেকেও মূল্যবৃদ্ধিসহ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। তার পরও আমাদের সরকারের পক্ষ থেকে, বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের আগাম কোনো পরিকল্পনা কেন থাকছে না, তা বোধগম্য নয়। তা ছাড়া আমরা দেখেছি, নীতিনির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীদের স্বার্থ্য প্রধান্য পাচ্ছে বেশি, ফলে ভোক্তার স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।- সুত্র: আমাদের সময়











































