স্পোর্টস ডেস্ক।।
সমীকরণ এমন ছিল: ভারতের জয়ের জন্য আর ২ রান দরকার আর বিরাট কোহলির সেঞ্চুরির জন্য তিন রান। ৪২তম ওভারের প্রথম বলটি ডাউন দ্য লেগে করেছিলেন নাসুম। কোহলির পা এবং ব্যাট থেকে বেশ দূর দিয়ে বল গেলেও আম্পায়ার রিচার্ড ক্যাটলবরো সেটি ওয়াইড দেননি। পরের বলে অবশ্য ছক্কা মেরে দলের জয় নিশ্চিতের পাশাপাশি নিজের ৪৮তম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি।
আম্পায়ারের সেই সিদ্ধান্ত নিয়ে কম আলোচনা হয়নি। অনেকে অভিযোগ করেছেন, কোহলি যাতে সেঞ্চুরি করতে পারেন সেজন্য আম্পায়ার ওয়াইড ডাকেননি। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্রিকেটের নতুন আইনকে অনুসরণ করেছেন তিনি।
নাসুমের আলোচিত সেই বল নিয়ে মুখ খুলেছেন ভারতের ওপেনার শুভমান গিলও। বলটি কোহলিকে সেঞ্চুরি বঞ্চিত করার উদ্দেশ্যে কি না এমন প্রশ্নে শুভমান বলেন, ‘আমি জানি না সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাহিরের দিকে বল করতে চেয়েছে কি না অথবা সে আঁটসাঁট রাখার চেষ্টা করেছে কি না। তারপর তো হয়েই গেল (কোহলির সেঞ্চুরি)।’
বাংলাদেশের ওপেনিং জুটি দেখে দলটি ৩০০-৩২০ রান তুলে ফেলবে বলেও মনে করেছিলেন শুভমান। বলেন, ‘তাদের ওপেনাররা যেভাবে ব্যাট করেছে, এক পর্যায়ে আমরা ৩০০-৩২০ রান দিয়ে ফেলব ভেবেছিলাম। তবে মাঝের ওভারে আমাদের বোলাররা, বিশেষ করে স্পিনাররা দারুণ কিছু ব্রেকথ্রু এনে দিয়েছে এবং ব্যাটারদের চাপে ফেলেছে। এটি বড় পার্থক্য তৈরি করেছে।’











































