Home আঞ্চলিক শেখ হাসিনা জেগে আছেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি: পরিকল্পনা মন্ত্রী

শেখ হাসিনা জেগে আছেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি: পরিকল্পনা মন্ত্রী

67

স্টাফ রিপোর্টার।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেগে আছেন বলেই আমরা নিশ্চিন্তে আজ ঘুমাতে পারছি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ৭৫’র আগে এবং পরে এ দেশে যত উন্নয়ন তার সবই আওয়ামী লীগের হাত ধরে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন স্বাধীন দেশ, আর তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নশনশীল দেশ। শেখ হাসিনার সরকার আপামর জনসাধারণ ও গরিব-দুঃখী মেহেনতি মানুষের সরকার।

শুক্রবার (২০ অক্টোবর) খুলনার দাকোপের বানিশান্তা-লাউডোব এলাকায় আন্তঃজেলা ফেরিঘাটের উদ্বোধন ও বানিশান্তা বাজার মন্দির মাঠ প্রাঙ্গণে বানিশান্তা ইউনিয়ন পরিষদ এবং ৩০০ একর ফসলি জমি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রীর উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, উন্নয়ন করতে হবে, তাই বলে কৃষকের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশের কোথাও আর সাঁকো থাকবে না, প্রতিটি স্থানে ব্রিজ নির্মাণ করে জনগণের যাতায়াতকে সহজতর করা হবে। গ্রাম হবে শহর।

 

তিনি আরও বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়, পরিবেশ উন্নয়ন, জাতির মানসিকতার পরিবর্তন সেগুলো আমাদের রাজনৈতিক দায়িত্ব। এ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের আমুল পরিবর্তন ঘটিয়েছে। সরকার পদ্মা সেতু, মেট্রোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্পগুলো আংশিক চালু করেছে। আর দাকোপ-বটিয়াঘাটাবাসীর প্রাণের দাবি ঝপঝপিয়া নদীতে খুব শিগগির সেতু নির্মাণের কাজ শুরু হবে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ এ দেশে চলবে না, শেখ হাসিনার নির্দেশেই দেশ চলবে। আমাদের সংবিধান অনুযায়ী শেখ হাসিনার সরকারের নেতৃত্বেই এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বানিশান্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুদেব কুমার রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, পিএসএফ এর পরিচালক নমিতা হালদার (এনডিসি), দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।

সভা শেষে তিনি স্পিডবোট যোগে দাকোপের সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়া পরিদর্শন করেন। পরে বিকেলে দাকোপ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং সন্ধ্যায় খুলনার উদ্দেশে রওনা দেন।