খবর বিজ্ঞপ্তি||
স্টার্টআপ সংস্কৃতির বিকাশ ও তরুণদের উদ্যোক্তা হতে সহায়তা করতে খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইউনিভার্সিটি ইনোভেশন হাব। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্পের (ডিড) আওতায় ‘স্মার্ট ইউনিবেটর’ শীর্ষক এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ ১৮ অক্টোবর (বুধবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।
পরে একই স্থানে দ্বিতীয় অংশের অনুষ্ঠানে ইনোভেশন হাবের নামফলক উন্মোচন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় এ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। আরও বক্তব্য রাখবেন ইনোভেশন হাবের ফোকাল পারসন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ। প্রকল্পের পরিচিতিসহ হাবের সার্বিক উদ্দেশ্য তুলে ধরবেন উক্ত প্রকল্পের ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট স্পেশালিস্ট স্বাতী শারমিন। সম্ভাবনাময়ী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন স্টার্টআপ খুলনার প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী হাসান। সভাপতিত্ব করবেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার।
এর আগে গত ২০ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জি এস এম জাফরুল্লাহ এনডিসি। পরে তিনি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তিনি ইনোভেশন হাব স্থাপনের কাজ শীঘ্রই শুরু হবে এই আশাবাদ ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এ ইনোভেশন হাবের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ অত্র অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারে বা উদ্যোক্তা হয়ে নিজে বড় কোম্পানি তৈরি করতে পারে সে জন্য নানা প্রকারের প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহী ছাত্র-ছাত্রীদের নিকট হতে নতুন নতুন আইডিয়া গ্রহণ করে সমাজের কাজে লাগে এমন পণ্য/সেবা তৈরির সম্ভাবনাময় আইডিয়াগুলো বাছাই করে সে আইডিয়া হতে জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। স্টার্টআপ তৈরির এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যুক্ত থাকবেন। উল্লেখ্য, ইনোভেশন হাবের স্টার্টআপগণ হবেন মূলত প্রি সিড বা সিড পর্যায়ের। এ স্টার্টআপগণ যাতে কিছু ফান্ডিং সুবিধা পেতে পারেন সেজন্যও কাজ করা হবে। এ প্রকল্পের আওতায় প্রায় ৩০০০ জনকে স্টার্টআপ হতে আগ্রহী করার জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ ছাড়াও ইনোভেশন হাবে থ্রিডি প্রিন্টার, ড্রোন তৈরির যন্ত্রপাতি, এআই নিয়ে কাজ করার জন্য কিছু ইকুইপমেন্ট ও সফটওয়ার প্রদান করা হবে। ছাত্রছাত্রীগণ এ সকল ইকুইপমেন্ট ও সফটওয়ার ব্যবহারের মাধ্যমে এ সম্পর্কে বাস্তব জ্ঞান আহরণ করতে পারবে এবং উক্ত যন্ত্রপাতি ব্যবহার করে তাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে পারবে। আরো উল্লেখ, স্টার্টআপগণ ইনোভেশন হারকে তাদের অফিস বা ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ স্টার্টআপ কোম্পানির সাথে জড়িত থাকলে তিনিও স্টার্টআপের সফলতার অংশীদার হবেন।
খুবিতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৯ অক্টোবর
# অংশ নেবেন দুই শতাধিক দেশি-বিদেশি শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক
# উপস্থাপিত হবে প্রায় ৬০টি গবেষণা প্রবন্ধ ও শতাধিক প্রবন্ধ পোস্টার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আয়োজনে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড দি ফোর্থ এগ্রিকালচারাল রেভোলিউশন’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামী ১৯ অক্টোবর (বৃহস্পতিবার)। এদিন সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। অনুষ্ঠানটিতে প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ।
এছাড়াও কনফারেন্স অর্গানাইজিং কমিটির চেয়ার হিসাবে দায়িত্ব পালন করবেন এগ্রোটেকনোলোজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান ও কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস।
এছাড়াও তিনটি থিমেটিক এরিয়াতে তিনজন থিমেটিক বক্তা তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন। এর মধ্যে ‘খাদ্য নিরাপত্তা ও নিশ্চয়তা’ বিষয়ে বক্তব্য রাখবেন কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. স্টিভেন ওয়েব, ‘কৃষির অভিযোজন ও টিকে থাকা’ বিষয়ে বক্তব্য রাখবেন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির প্রফেসর ড. রিচার্ড বেল এবং ‘কৃষির যান্ত্রিকিকরণ ও কৃষি বিপ্লব’ বিষয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের প্রফেসর ড. চয়ন কুমার সাহা।
উল্লিখিত থিমেটিক এরিয়াগুলোতে মোট দুই শতাধিক দেশি ও বিদেশি গবেষক অংশগ্রহণ করবেন। এই কনফারেন্সে প্রায় ৬০টির মতো গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে ও শতাধিক প্রবন্ধ পোস্টারে প্রদর্শিত হবে।
এ বিষয়ে কনফারেন্স অর্গানাইজিং কমিটির চেয়ার এগ্রোটেকনোলোজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান জানান, এগ্রোটেকনোলোজি ডিসিপ্লিনের ২৫ বছর উদযাপনের অংশ হিসেবে এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ তাদের বৈজ্ঞানিক কার্যক্রমের ফলাফল উপস্থাপন করবেন, কৃষি বিষয়ক সমকালীন বিভিন্ন সমস্যা সমাধানের পদ্ধতি সম্পর্কে মতামত দিবেন ও পারস্পরিক বৈজ্ঞানিক চিন্তা-ভাবনার বিনিময় করবেন। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের কৃষি শিক্ষার সাথে সম্পৃক্ত শিক্ষার্থী, শিক্ষক, গবেষকসহ সকলেই উপকৃত হবেন এবং তাদের অর্জিত এই জ্ঞান বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মাঝেও ছড়িয়ে দিবেন। এই প্রক্রিয়ায় সামগ্রিকভাবে কৃষিক্ষেত্র এই কনফারেন্স আয়োজন থেকে উপকৃত হবে।
খুবিতে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে আজ ১৮ অক্টোবর (বুধবার) ‘শেখ রাসেল দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯.১০ মিনিটে আনন্দ র্যালিসহ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপণ, দুপুর ১২.২০ মিনিটে দেয়ালিকা ও চিত্র প্রদর্শনী, বিকাল ৩টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা ও বিকাল ৪.৩০ মিনিটে পুস্তক বিতরণ। এছাড়া বাদ জোহর জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খুলনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর খুলনা জেলা ও মহানগর পর্যায়ের প্রতিযোগিতা মঙ্গলবার সকালে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি যত্নবান হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব। ফুটবল আমাদের জনপ্রিয় খেলা ছিলো। এ ঐতিহ্যবাহী খেলা একসময়ে হারিয়ে যেতে বসেছিলো। ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফুটবল খেলার প্রতি বেশি নজর দেন। প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি নজর দেওয়ার কারণে ক্রীড়ার মান বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের সৃষ্টিশীল ও মননশীল করে গড়ে তুলতে হলে সামাজিক কর্মকান্ডে তাদের বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি খেলাধুলার সমান গুরুত্ব রয়েছে। আগামী প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ দিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী জানার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা ও বরিশাল বিভাগের জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হালিমা ইসলাম, খুলনা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার গাজী। ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে
উল্লেখ্য, জেলা পর্যায়ে ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে ১৩টি বালক এবং ১৩টি বালিকা দল এই খেলায় অংশগ্রহণ করবে।











































