খুলনাঞ্চল ডেস্ক।।
গাজা উপত্যকায় অন্তঃসত্ত্বা ৫০ হাজার নারী। মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল ইউএনএফপিএ বলেছে, এসব নারী মাতৃত্বকালীন তাদের মৌলিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। এর মধ্যে ৫৫২২ জন নারীর আগামী মাসে সন্তান প্রসবের সময়। ইউএনএফপিএ’র ফিলিস্তিনি বিষয়ক প্রতিনিধি ডোমিনিক অ্যালেন বলেন, নারীদের এই চূড়ান্ত সময়ে তাদের অবস্থা একবার কল্পনা করুন। তাদের নানা রকম জটিলতা হতে পারে। তাদের কাছে নেই কোনো অতিরিক্ত কাপড়চোপড়। নেই স্বাস্থ্যবিধি। সামনের এক মিনিটে, এক ঘন্টায়, পরের দিনটি কিভাবে কাটবে তারা তা জানেন না। অ্যালেন আরও বলেন, হাসপাতালগুলো থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে অবরুদ্ধ গাজার তা আরও ভয়াবহ।
যেকোনো সময় ভয়ঙ্কর আক্রমণ চালাতে পারে ইসরাইল। ফলে পরিবেশ অনিরাপদ। এ জন্য মার্তৃত্ব বিষয়ক ওয়ার্ডে সেবা দিতে অনেক ধাত্রী যেতে পারছেন না। তাই হাসপাতালে প্রসব বেদনা নিয়ে যেসব নারী যাচ্ছেন, তাদেরকে আরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।











































