Home আঞ্চলিক তিন মাস পর সুন্দরবনের দ্বার খুলছে আজ

তিন মাস পর সুন্দরবনের দ্বার খুলছে আজ

16

বাগেরহাট প্রতিনিধি।।
তিন মাস নিষেধাজ্ঞার পর সুন্দরবনের দ্বার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে বনজীবী ও দর্শনার্থীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।

ইতোমধ্যে জেলে, ট্যুর অপারেটর, লঞ্চ ও বোটচালকরা বনে প্রবেশের জন্য প্রস্তুতি নিয়েছেন। বনের আশপাশের এলাকার ইকো কটেজগুলোও প্রস্তুতি নিচ্ছে পর্যটক বরণে।

এদিকে টানা তিন মাস প্রবেশাধিকার বন্ধ থাকায় প্রাণ-প্রাচুর্যে ভরে উঠেছে সুন্দরবন। দর্শনার্থী, মৎস্যজীবী ও বনজীবীরা প্রবেশ না করায় প্রাণিকুল তাদের নিজেদের ইচ্ছামতো বিচরণ করেছে। গাছগাছালিও শাখা মেলেছে নিজেদের মতো করে।

এর আগে বন্যপ্রাণীর প্রজনন মৌসুম থাকায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে সব ধরনের বনজীবী ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, প্রতিবছর সুন্দরবনের প্রজনন মৌসুমে তিন মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ সময় বন কোলাহলমুক্ত থাকায় বন্যপ্রাণী ও মাছের প্রজাতি অবাধে চলাফেরা ও নির্বিঘ্নে প্রজনন করতে পেরেছে। ফলে সুন্দরবন এই তিন মাসে প্রাণ ফিরে পায়। তিন মাস পর আজ থেকে সুন্দরবনে আবারও দর্শনার্থী ও বনজীবীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।