পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় ৩ মাস পর বাবার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে প্রতিভা রানী মণ্ডল (১৭)। মঙ্গলবার রাত ১১টার দিকে ভাত খাওয়ার পর শয়ন কক্ষে এ ঘটনা ঘটায় বলে তার পরিবারের লোকেরা জানিয়েছেন।
প্রতিভা রানী মণ্ডল উপজেলার দেলুটি ইউনিয়নের চকরিবকরি গ্রামের নিতাই মণ্ডলের মেয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, ৩ মাস আগে ডুমুরিয়া উপজেলার শেখেরটেক গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে মনোজিৎ মণ্ডলের সঙ্গে তার অমতে বিয়ে হয়। এ কারণে সে মঙ্গলবার বাবার বাড়িতে এসে রাতে খাওয়া দাওয়া শেষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।










































