# প্রতিবাদে ৩৭ মাছ ব্যবসায়ী’র বাজার ত্যাগ!
মোঃ জামাল হোসেন//
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোলাহাটে এবার নব্য ইজারাদার কর্তৃক চাঁদার খড়গ আরোপ করা হয়েছে মাছ ব্যবসায়ীদের ওপর। দোকান প্রতি দাবি করা হচ্ছে ২৫শ’ টাকা করে। আর চাঁদা দিতে রাজি না হওয়ায় কথিত প্রভাবশালী ইজারাদার ও তাদের সাঙ্গ-পাঙ্গ কর্তৃক ব্যবসায়ীদের গালিগালাজসহ বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ইজারাদারের এ ধরণের অবৈধ অর্থ দাবি এবং দুর্ব্যবহারের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বাজারের ৩৭জন মাছ ব্যবসায়ী। এ অবস্থা চলতে থাকলে তারা বাজার ত্যাগ করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই তারা বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণের আশ^াস দিয়েছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কোলাহাটের মাছ ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। প্রতি দোকান থেকে বাধ্যতামূলক ২ হাজার ৫শ’ থেকে ৩ হাজার টাকা অতিরিক্ত গুণতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইজারাদার। তিনি ইৎারার নিয়মের বাইরে গিয়ে অবৈধ উপায়ে ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন এ টাকা। সরেজমিনে কোলাহাট- বাজার ঘুরে মিলেছে এসব তথ্যের সত্যতা।
অভিযোগ উঠেছে, ইজারাদার গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি মেম্বরের ভাইপো এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের সু-নজর থাকায় অবৈধ প্রভাব বিস্তার করায় স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে মুখ খোলার সাহস পায়না। কিন্তু স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরাও এ বিষয়ে পালন করছেন রহস্যজনক নিরবতা। অবৈধ অর্থের ভাগ জনপ্রতিনিিধ ও প্রভাবশালীদের পকেটেও যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সূত্রে জানা গেছে, গাজীরহাট ইউনিয়নের কোলাহাটের ১৪৩০ বাংলা বছরের জন্য ইজারা নেন মোঃ সাহিদ মোল্লা। ইজারা নেয়ার পর ১০/১২ জন পার্টনার নিয়ে কোলাহাট পরিচালনা করছেন তিনি। কিন্তু ইতিমধ্যেই অবৈধ অর্থ দাবির ঘটনায় বিতর্কিত হয়ে পড়েছেন তিনি।
কোলা হাটের ৩০/৩৫ বছরের মাছ ব্যবসায়ীরা জানান, আমরা ৩০/৩৫ বছরের বেশি কোলাহাটে মাছ বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে জীবন-যাপন করি। এ পর্যন্ত আমাদের কেউ গালিগালাজ করেনি। কিন্তু বর্তমান ইজারাদার ও তার লোকজন আমাদের গালিগালাজ করেছে এবং দোকান প্রতি ২হাজার ৫শ’ টাকা করে বাধ্যতামূলক দিতে হবে বলে জানিয়ে দিয়েছে। তা নাহলে কোলা হাটে ব্যবসা করা যাবে না বলে হুমকি দিয়েছে।
মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেন, আমরা আগে হাটের খাজনা দিতাম যথাক্রমে ৪০, ৫০ ও ৬০টাকা করে। বর্তমান ইজারাদারকে আমরা মাছ ব্যাবসায়ীরা মিলে ৮০ টাকা দিতে চেয়েছি, তাও তাদের হবেনা। তারা আরও টাকা চায়।
ইজারাদার মোঃ সাহিদ মোল্লা বলেন, কোলা হাট ইজারা নেওয়ার পর আমরা ১০/১২জন পার্টনার হয়েছি। আর মূল নেতৃত্বে দেয় আমার চাচা গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ মনির মোল্লা। তিনি বলেন, ‘আমি মাছ ব্যাবসায়েিদর কাছে কোন টাকা চায়নি। কিন্তু পরে জানতে পারলাম আমার পার্টনাররা টাকা চেয়েছে। এ অবসন্থায় শনিবার মাছ ব্যবসায়ীরা কোলাহাটে না যাওয়ার কারণে আমি কালিয়া উপজেলার পেরোলী এলাকার এক মাছ ব্যবসায়ীকে হাত পা ধরে ৩শ’ কেজি পাঙ্গাস মাছ এনে এ হাটে বিক্রি করাই’।
ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোঃ মনির মোল্লা বলেন, আমি মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। ওদের কাছে কেউ টাকা চায়নি। আর যদি কেউবা চায় তাহলে আমার অগোচরে চেয়েছে। কিন্তু ওরা না আসলে হাট তো বসে থাকবে না, অন্য মাছ ব্যবসায়িরা আসবে বলেও উল্লেখ করেন তিনি।
দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ব্যবসায়ীদের কাছে টাকা চাওয়া ও অত্যাচারের সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মিটিং করে কোলাহাটের ইজারা বাতিল করার সিদ্বান্ত নেব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খান মাসুম বিল্লাহ বলেন, কোলাহাট থেকে ইজারাদারের খাজনা ছাড়া বাড়তি টাকা নেওয়ার সুযোগ নেই। আমি রেটচার্ড দেখছি। অভিযোগকারীরা লিখিত আবেদন করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।










































