Home আঞ্চলিক জাতীয় পার্টির মধুকে হুমকি, নিরাপত্তা দেয়নি প্রশাসন

জাতীয় পার্টির মধুকে হুমকি, নিরাপত্তা দেয়নি প্রশাসন

61

 

ইয়াসিন আহমেদ জীবু।।

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি নির্বাচনকে কেন্দ্র করে মেয়র প্রার্থীদের অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। এমন সময় জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বললেন তার ওপর হুমকির কথা। প্রসাশনকে জানালেও পাননি নিরাপত্তার নিশ্চয়তা অভিযোগ তার।

আজ ৩ জুন শনিবার নির্বাচনী প্রচারণার ৯ম দিনে সকাল থেকেই মাঠে নেমেছেন মেয়র প্রার্থীরা। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, বানরগাতি বাজার ও ১৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মধু। নির্বাচনী প্রচারণার মাঝে হুমকির এ অভিযোগ তোলেন তিনি। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাকে বিভিন্ন হুমকির শিকার হতে হচ্ছে, আছেন নিরাপত্তা শঙ্কায়। নিরাপত্তার আশায় পুলিশ কমিশনারের শরণাপন্ন হলে তারা বলেছেন নিরাপত্তা দেয়া সম্ভব নয়।

বিগত কয়েকদিনের প্রচারণায় মধু আওয়ামীলীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন। নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগকালে মধু বলেন, জনগন যদি ভোট দেয়ার অধিকার পায় তাহলে লাঙ্গল জিতবে, নৌকা ডুববে এবার। এছাড়াও খালেক মেয়র থাকাকালীন বাজেটের টাকায় সুদ পেতে উন্নয়ন কাজ না করে ব্যাংকে রেখেছে বলে দাবী করেন তিনি। আজ নিরাপত্তার বিষয়ে মধু বলেন, তারা সরকার দলীয় লোক যা খুশি করতে পারেন।

তবে নৌকা প্রতীকের প্রার্থী খালেক বলেন, আওয়ামীলীগের আমলে নির্বাচন সুষ্ঠু হয় বলেই আমি ২০১৩ সালের নির্বাচনে হেরেছি। এরপর জনগণের চাওয়ায় আবার মেয়র হয়েছি। আর করোনায় ২ বছর পিছিয়ে যাওয়ায় খুলনার উন্নয়ন সেভাবে দৃশ্যমান না। চলমান কাজ গুলো শেষ হলে আগামী ৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে খুলনার উন্নয়ন। নির্বাচনে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখছেন না আর জনগণের সমর্থন থাকায় কাওকে ভয় ও পাচ্ছেন না তিনি।

এদিকে উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) রাশিদা বেগম দৈনিক খুলনাঞ্চলকে জানান, নিরাপত্তা নিশ্চিতে শফিকুল ইসলাম মধুকে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তাছাড়া, মধুকে পূর্বে বলা হয়েছে তিনি কবে কোন এলাকায় প্রচারণায় যাবেন তা অবগত করতে কিন্তু তিনি তা করেননি।

উপ পুলিশ কমিশনার আরো বলেন, আমরা নিয়জিত আছি তাদের নিরাপত্তা নিশ্চিতে। কোনো প্রার্থীকেই নিরাপত্তা দিতে সমস্যা নেই, তবে যোগাযোগ স্থাপন না করলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। প্রতিটি থানার ওসি নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত আছে।

১২ জুন কেসিসি নির্বাচনের বাকি আছে মাত্র ৮ দিন। নির্বাচনী প্রচারণায় ব্যস্ততম সময় পার করছেন প্রার্থীরা। জাতীয় পার্টির মধুর পাশাপাশি আজ নগরীর বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন আওয়ামীলীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও ইসলামী আন্দোলনের আব্দুল আওয়াল।