Home আঞ্চলিক কাউন্সিলর প্রার্থী হওয়ায় বিএনপির ৮ নেতাকর্মীকে শোকজ

কাউন্সিলর প্রার্থী হওয়ায় বিএনপির ৮ নেতাকর্মীকে শোকজ

12

স্টাফ রিপোর্টার।।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় বিএনপির ৮ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১ জুন) দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই নোটিশ পাঠান।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা নোটিশের জবাব দেয়ার পর দলের কেন্দ্রীয় কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বিএনপি নেতারা জানান, যাদেরকে নোটিশ দেয়া হয়েছে তারা হলেন ৫নং ওয়ার্ড মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, ১৯নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আশফাকুর রহমান কাকন, ২২নং ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মাহবুব কায়সার, ৯নং ওয়ার্ডে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী ফজলুল কবীর টিটো। ২৪নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শমসের আলী মিন্টু, ৩০নং ওয়ার্ডে বিএনপি কর্মী ও বিএনপির মনোনয়ন নিয়ে ২ বারের সাবেক কাউন্সিলর মো. আমান উল্লাহ আমান, ১৪নং ওয়ার্ডে দৌলতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম মোসফেকুস সালেহীন ও সংরক্ষিত ৯নং ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন। তবে ২৪নং ওয়ার্ডের প্রার্থী মিন্টুর মনোনয়নপত্র ইতোমধ্যে বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কারণ দর্শানোর নোটিশে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শনোর ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, বিএনপি এই সরকারের অধীনে কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন।

এ ব্যাপারে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন বলেন, আমি নির্বাচন করতে চাই, প্রতিদ্বন্দ্বীতা থেকে সরবো না। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।