ঢাকা অফিস।।
নির্বাচনকালীন বাজেট হিসেবে এটি কোনো উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে পারবে বলে মনে হয় না। অর্থনীতিতে চলমান সংকট সমাধানের জন্য কোনো সুস্পষ্ট পথরেখা এই বাজেটে দেওয়া হয়নি। আমদানী নিয়ন্ত্রণ, ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ ইত্যাদি পদক্ষেপের চলমান পদক্ষেপগুলোর বাইরে নতুন করে তেমন কোনো ব্যবস্থা দেখা যায়নি। আমদানিকৃত ভোগ্যপণ্যের উৎসে কর, ভ্যাট ইত্যাদির কোনো ব্যবস্থা সেভাবে করা হয়নি।
তেলের দামের ক্ষেত্রে উৎসে কর, আগাম আয়কর ৫ শতাংশ ও ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এর পরিবর্তে স্পেসিফিক ডিউটি আরোপ করা হয়েছে। ফলে বাজারে তেল ও জ্বালানির মূল্য কমবে টা মনে হয় না। এছাড়া বিদ্যুতের মূল্য কমবে বলে মনে হচ্ছে না। বিশ্ববাজারে আমদানিকৃত পণ্যের দাম কমলে সেটির সুফল দেশের ভোক্তারা পাবেন, সেই বিষয়টিও সুস্পষ্ট নয়।
আগামীতে টাকার মূল্যমান আরও পতন হলে সেটিকে আটকানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়টিও পরিস্কার না। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের বেতনের ব্যাপারে কোনো কিছু আলোকপাত করা হয়নি। একটি ফ্যামিলি কার্ড চালু করার কথা বহুদিন ধরে হচ্ছে।
সেবা কার্যকর করার ক্ষেত্রে কী সম্প্রতি হলো তা বাজেটে নেই। উপরন্তু মোট সামষ্টিক সুরক্ষায় টাকার অঙ্কে ও অর্থনীতির হিসাব হিসেবে পরিমাণ কমে গেছে।
বিচলিত করার মতো বিষয়টি হলো দুই হাজার টাকার তথাকথিত নূন্যতম সার্বজনীন কর ধরা হয়েছে। এটা অন্যায়। ‘করযোগ্য আয় না থাকলে কেন কর দিতে হবে?’ যুক্তিতে এটা করা হয়েছে সেটি আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি। একটা সরকার ১৫ বছর দেশ শাসন করার পর দুর্বলতম অর্থ বছর নিয়ে নির্বাচনে যাচ্ছে। সেটিকে কাটিয়ে উঠার জন্য যে অভিনবত্ব, সৃষ্টিশীলতা দরকার, সেটি এই বাজেটে না দেখে হতাশ হয়েছি।










































