খুলনাঞ্চল রিপোর্ট।।
যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চারটি জোনে এক সময়ের অনাবাদি ও পতিত জমিতে আধুনিক পদ্ধতিতে তুলার চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। একই যন্ত্র দিয়ে তুলা গাছে কীটনাশক স্প্রে ও তুলা উত্তোলনের ফলে অনেক প্রান্তিক ও বর্গাচাষি অর্থকরী এ ফসল চাষে দিনদিন ঝুঁকছেন।
লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ। এতে তুলা চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
যশোর আঞ্চলিক তুলা উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহের বিভিন্ন এলাকায় তুলার চাষ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মেহেরপুর, মাগুরা ও নড়াইলেও তুলার চাষ হচ্ছে। এ আঞ্চলিক অফিসের অধীনে চারটি জোনের আওতায় বর্তমানে ৬৭টি তুলা ইউনিট চালু রয়েছে।
চলতি মৌসুমে হাইব্রিড হোয়াইট গোল্ড-১, রুপালি-১, সিবি হাইব্রিড-১, ডিএম-৪ এবং দেশীয় উচ্চ ফলনশীল সিবি-১৪ ও সিবি-১৫ জাতের তুলার ফলন সবচেয়ে বেশি হয়েছে। এসব জাতের তুলা প্রতি বিঘায় ১৩ থেকে ১৪ মণ করে উৎপাদন হয়েছে। এ বছর প্রতি মণ তুলা মানভেদে তিন হাজার ৪০০ টাকা থেকে ৩৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তুলা উন্নয়ন অফিস সূত্রে আরো জানা যায়, চলতি মৌসুমে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জোনের বিভিন্ন জেলায় ১৬ হাজার ৬৩১ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। আবাদকৃত জমিতে ৪৫ হাজার ৭৩৫ টন তুলা উৎপাদন হবে বলে আশা করছেন কর্মকর্তারা।
এর মধ্যে কুষ্টিয়া জোনে সবচেয়ে বেশি জমিতে তুলার আবাদ হয়েছে। এ জোনে চার হাজার ৪৩৯ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জোনে চার হাজার ৪৩২ হেক্টর, ঝিনাইদহ জোনে চার হাজার ৪০৮ হেক্টর এবং যশোর জোনে তিন হাজার ৩৫২ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। প্রতি বছর জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে তুলার চাষ শুরু হয় এবং চলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। আর জানুয়ারি থেকে তুলা কর্তন শুরু হয়ে চলে এপ্রিল পর্যন্ত।
এ অঞ্চলে তুলার চাষাবাদে আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি ২০২২-২০২৩ মৌসুমে একই যন্ত্র দিয়ে তুলা গাছে কীটনাশক স্প্রে ও তুলা উত্তোলনের জন্য চার জোনে আরো চারটি আধুনিক মানের বীজতুলা উত্তোলন যন্ত্র কাম পাওয়ার স্প্রে যন্ত্র প্রদান করা হবে। পর্যায়ক্রমে এক হাজারটি এ যন্ত্র প্রদানের পরিকল্পনা রয়েছে।
যশোরের শার্শা উপজেলার মাটিকুমড়া গ্রামের সফল তুলা চাষি আবু তালেব ও নজরুল ইসলাম জানান, তারা দুইজনে এ বছর সাড়ে তিন বিঘা করে জমিতে তুলার চাষ করেছেন। আবাদকৃত জমি থেকে ৫২ মণ করে তুলা ঘরে তুলেছেন। এ বছর তুলার আশানুরূপ ফলন হয়েছে। তাদের তুলা চাষ দেখে আশপাশের কৃষকরাও তুলা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।
শার্শা উপজেলা সহকারী কটন ইউনিট অফিসার রবীন্দ্র চন্দ্র মন্ডল জানান, এবার এ উপজেলায় ২৭৪ দশমিক ৭৪ হেক্টর জমিতে ৬৩৬ জন তুলা চাষ করেছেন। এ উপজেলায় ৭১৯ দশমিক ৮৪ টন তুলা উৎপাদন হয়েছে, যা বিক্রি করে ২৫ লাখেরও বেশি অর্থ পাবেন কৃষক।
যশোর আঞ্চলিক তুলা উন্নয়ন অফিসের উপপরিচালক কামরুল হাসান জানান, তুলা চাষে এ অঞ্চলের কৃষকদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তুলা উন্নয়ন অফিসের পক্ষ থেকে প্রতি মৌসুমে চাষিদের উদ্বুদ্ধকরণ, পরামর্শ, মাঠ দিবস, উঠান বৈঠক, নতুন নতুন জাতের বীজ সরবরাহ এবং প্রশিক্ষণ দেওয়া হয়। এসব কারণে এক সময় যেসব চাষিরা তুলা চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তারা নতুন করে তুলা চাষ শুরু করেছেন। অন্য যেকোনো ফসলের চেয়ে তুলা চাষ বেশি লাভজনক বলেও জানান তিনি।
কামরুল হাসান আরো জানান, তুলা বীজ থেকে উৎপাদিত ভোজ্য তেল অধিক পুষ্টিগুণ সম্পন্ন। এতে কোলেস্টেরল তুলনামূলক কম। তুলার চাষ বাড়লে বাজারে এ তেলের সরবরাহও বাড়বে। এছাড়া তুলা বীজের খৈল অধিক প্রোটিন সমৃদ্ধ।










































