Home জাতীয় গণতন্ত্র ধ্বংসের খেসারত এই ভিসানীতি: আ স ম রব

গণতন্ত্র ধ্বংসের খেসারত এই ভিসানীতি: আ স ম রব

37

ঢাকা অফিস।।

আওয়ামী লীগ সরকারের গণতন্ত্র ধ্বংসের খেসারত এই ভিসানীতি, যা রাষ্ট্রের মর্যাদাকে তলানিতে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গতকাল সোমবার মার্কিন ভিসানীতির প্রশ্নে প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে এ মন্তব্য করেন আ স ম রব।

বিবৃতিতে আ স ম রব বলেন, মুক্তিযুদ্ধের মৌলিক অঙ্গীকার ‘গণতন্ত্র’ এবং ‘মানবাধিকার’কে রাষ্ট্র ও সমাজ থেকে ক্ষমতাসীন সরকার ঝেঁটিয়ে বিদায় করার কারণে বিচার বিভাগসহ প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এ ধরনের অভূতপূর্ব নিষেধাজ্ঞা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্য কোনোক্রমেই সম্মানজনক নয়। ক্ষমতার মোহে অন্ধ সরকার বাস্তবতাকে অস্বীকার ও উপেক্ষা করার কারণে কোনটা ‘প্রশংসা’ আর কোনটা ‘অপমান’, কোনটা ‘শাস্তিমূলক’ আর কোনটা ‘হুশিয়ারিমূলক’- তাও উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে।

বিবৃতিতে রব বলেন, ভোটারবিহীন সরকার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। শুধু ক্ষমতাকে ধরে রাখার জন্য গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনকে জলাঞ্জলি দিয়েছে সরকার। এসব আত্মঘাতী নীতি রাষ্ট্রকে অভ্যন্তরীণভাবে চরম বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রকে ঝুঁকি ও বিপদের দিকে ঠেলে দিচ্ছে।

আ স ম রব বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো তথাকথিত ‘অবাধ ও নিরপেক্ষ’ নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করার এবং সরকারের ভুয়া প্রতিশ্রুতি বিদ্যমান সংকট সমাধানে কোন ভূমিকা রাখবে না। সরকারের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক শাসন এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে জনগণ ক্রমাগত প্রতিরোধ গড়ে তুলছে।