স্টাফ রিপোর্টার।।
স্যুয়ারেজ লাইনের জন্য সড়ক খোঁড়াখুঁড়ি, সড়ক ও ড্রেন সংস্কার এবং ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে খুলনা মহানগরীতে প্রতিদিন ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। ইজিবাইক ও রিকশার দাপটে নগরীতে এখন পথ চলাই যেন দায়।
যানজটের কারণে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ যানজট নিরসন করতে পারছে না বলে নগরবাসীর অভিযোগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুয়্যারেজ লাইন স্থাপনের জন্য খুলনা ওয়াসা সম্প্রতি নগরীর আহসান আহমেদ রোড, শামসুর রহমান রোডসহ ১২টি সড়কে খোঁড়াখুঁড়ি করেছে। এই সড়কগুলো এখনও সংস্কার করা হয়নি। ফলে এই সড়কগুলো দিয়ে ঠিকমতো যানবাহন চলাচল করতে পারছে না। সড়ক ও জনপথ বিভাগ নগরীর রয়্যাল মোড় থেকে রূপসা ঘাট পর্যন্ত সড়কে খোঁড়াখুঁড়ি ও সংস্কার কাজ করছে।
এছাড়া খুলনা সিটি করপোরেশন নগরীর ১৪২টি সড়ক ও ড্রেন সংস্কারের কাজ করছে। এর মধ্যে কিছু সড়কে যানবাহন চলাচল করতে পারছে না। আবার কিছু সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এর ফলে চাপ পড়েছে অন্য সড়কগুলোতে।
অন্যদিকে ঈদকে সামনে রেখে খুলনা যেন পরিণত হয়েছে রিকশা ও ইজিবাইকের নগরীতে। হাজার হাজার ইজিবাইকের কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। খুলনা সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী নগরীতে লাইসেন্সধারী রিকশার সংখ্যা প্রায় ১৭ হাজার। আর লাইসেন্সধারী ইজিবাইক রয়েছে ৮ হাজার। তবে এর বাইরেও লাইসেন্স বিহীন কয়েক হাজার ইজিবাইক ও রিকশা চলাচল করছে।
নগরীর কয়েকটি রুটে বাস চলাচল করলেও নগরবাসীর প্রধান বাহন হচ্ছে রিকশা, ইজিবাইক, সিএনজি ও মাহেন্দ্র। জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়ত বিভিন্ন জেলা-উপজেলার অসংখ্য শ্রমজীবী মানুষ নগরীতে এসে রিকশা ও ইজিবাইক চালায়। এর পাশাপাশি ঈদকে সামনে রেখে দরিদ্র শ্রেণির বহু মানুষ রিকশা-ইজিবাইক চালাতে নেমে পড়েছে। এই অদক্ষ চালকদের নিয়ম বহির্ভূত চালানোর কারণে নগরীতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি যানজটের সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে নগরীর শান্তিধাম মোড়, ফারাজীপাড়া ফুলমার্কেট মোড়, স্যার ইকবাল রোড, পাওয়ার হাউজ মোড়, ডাকবাংলো মোড়, হাদিস পার্কের মোড়, খুলনা সদর থানার মোড়, পিকচার প্যালেস মোড়, ধর্মসভা মোড়, সিমেট্রি রোড, রূপসা ট্রাফিক মোড়, ময়লাপোতা মোড়, মৌলভীপাড়া মোড়, মডার্ন ফার্নিচার মোড়, গল্লামারী, সাত রাস্তার মোড়ে যানজট হচ্ছে। ঈদের কেনাকাটা উপলক্ষে নগরীর মার্কেটগুলোতে লোক সমাগম বেড়েছে। বেড়েছে নগরমুখী যানবাহনের সংখ্যা। বিভিন্ন মার্কেটের সামনে ও পার্শ্ববর্তী এলাকায় গাড়ি পার্কিং করা হচ্ছে। এর ফলেও যানজট বেড়েছে।
এ ব্যাপারে সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত ই-খুদা বলেন, নগরীর রাস্তার তুলনায় রিকশা, ইজিবাইক ও মাহেন্দ্রসহ ৩ চাকার যানবাহনের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে ইজিবাইকের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। রমজান মাসে তীব্র যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নগরীর পিকচার প্যালেস মোড়ে আলাপকালে পথচারী খলিলুর রহমান ও হুমায়ুন কবীর ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক কনস্টেবল মোতায়েন করা হয়। কিন্তু তারা রোদের সময় পার্শ্ববর্তী ছায়া জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকেন। এ অবস্থায় একবার যানজট শুরু হলে তা ছাড়াতে অনেক সময় লেগে যায়।
এ ব্যাপারে কেএমপির ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার মুনীরা সুলতানা বলেন, সড়কে খোঁড়াখুঁড়ি, সড়ক ও ড্রেন সংস্কার কাজ এবং ঈদের সময় চাপ বেড়ে যাওয়ায় যানজট বেড়েছে এটা ঠিক। যানজট নিরসনে তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দুই শিফটে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্রাফিক সার্জেন্ট ও কনস্টেবলরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্লে রোডসহ মার্কেট সংলগ্ন কয়েকটি সড়কে রিকশা-ইজিবাইক প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।










































