Home আঞ্চলিক তুচ্ছ ঘটনায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম, ৯ দিন পর মৃত্যু

তুচ্ছ ঘটনায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম, ৯ দিন পর মৃত্যু

18

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দায়ের কোপে গুরুতর জখমের ৯ দিন পর শাহীন হোসেন (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে তিনি মারা যান।

নিহত শাহীন একই এলাকার একাব্বর গাজীর ছেলে ও কলারোয়ার খোর্দ্দ এলাকার ইসলামী ব্যাংকের কর্মকর্তা। প্রতিবেশী এক গৃহবধূর পরকীয়ার প্রতিবাদের জের ধরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৫ এপ্রিল কলারোয়া থানায় বাদী হয়ে একটি মামলা করেছিলেন নিহতের ভাই আফসার আলী গাজী। ঘটনার পর থেকে হামলাকারী আমিনুর সরদার পলাতক আছেন। তিনি কলারোয়ার পাকুড়িয়া এলাকার বজলে সরদারের ছেলে ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর কবির  বলেন, আমিনুর সরদারের স্ত্রীর সঙ্গে স্থানীয় এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। এ ঘটনায় প্রতিবেশী শাহীনের চাচি শাহানারা খাতুন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুর সরদার শাহানারা খাতুনকে পেটাতে থাকেন। একপর্যায়ে তার গলায় রশি বেঁধে দেন। বিষয়টি দেখে শাহীন এগিয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে আমিনুর।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান কর্তব্যরত চিকিৎসকরা। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর অল্প একটু সুস্থ হওয়ার পর বোনজামাই বাগেরহাটের শেখ আহমদ আলীর বাসায় গেলে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান  বলেন, মরদেহটি সদর হাসপাতালে আছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযুক্ত আসামিকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।