কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়ায় আবারও অগ্নিকাণ্ডে চারটি বসতঘরসহ পুড়ে গেছে প্রায় ১০০ বিঘা পানের বরজ। বুধবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের হাজিরহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সবুজ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে আহাম্মদপুর মাঠে পানের বরজে আগুন ধরে যায়। এ সময় প্রায় ১০০ বিঘা পানের বরজ পুড়ে যায়। স্থানীয়দের ঘরের আসবাবপত্র সরিয়ে নিতে দেখা যায়।
স্টেশন অফিসার সবুজ হোসেন বলেন, ‘দুপুর ১টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বসতঘরসহ ১০০ বিঘা পানের বরজ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।’
এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার একই এলাকায় অগ্নিকাণ্ডে ১১টি বসতঘরসহ সাত বিঘা পানের বরজ পুড়ে যায়। উপজেলার পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটি বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।









































