যশোর অফিস||
যশোরের বাঘারপাড়ায় এক ইউপি সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে বাঘারপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ১১ জন ইউপি সদস্য। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
মারপিটের শিকার ওই ইউপি সদস্যের নাম জাহিদ হাসান। তিনি উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য ও বলরামপুর গ্রামের মৃত ওহাব বিশ্বাসের ছেলে।
এর আগে শনিবার বিকেলে নারিকেলবাড়িয়া বাজারসংলগ্ন আনসার মাস্টারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। হামলার শিকার ইউপি সদস্য জাহিদ হাসান ৫ জনের নাম উল্লেখ করে রোববার বাঘারপাড়া থানায় মামলা করেন।
ভাইরাল হওয়া এক মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, সাদা টি-শার্ট পরা স্থানীয় জাহিদুল ইসলাম টুটুল ও কালো টি-শার্ট পরা শামীম হাসান শাপলা কাঠ দিয়ে বেধড়ক মারপিট করছে ইউপি সদস্য জাহিদ হাসানকে। মারপিটের একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয় কয়েকজন নারী বাধা দিতে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। ঘটনাটি এক যুবক ভিডিও ধারণ করে শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে দেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
এ ঘটনার প্রতিবাদে রোববার বাঘারপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহার মদদে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী শাপলা, টুটুল, তৌহিদুল চিহ্নিত মাদকসেবী। তারা চেয়ারম্যানের বাহিনী। হামলাকারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইউপি সদস্যদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকেলে হামলা চালানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মাসুদ কাইসার, শামছুর রহমান, ফেরদৌস খান সোহাগ, হাফিজুর রহমান, আদম আলী, সোহরাব হোসেন মন্ডল, খালেদা সুলতানা, হাসিয়া খাতুন, রেবা খাতুন, হামলার শিকার জাহিদ হাসান।
এদিকে, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মারপিট ঘটনার প্রত্যক্ষদর্শী নরিকেলবাড়িয়া গ্রামের নাজমা বেগমসহ তার তিন বোন।
নাজমা বেগম বলেন, মারপিটের ঘটনা তাদের সামনেই ঘটেছে। তারা ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তিন বোনকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়।
সংরক্ষিত ইউপি সদস্য খালেদা সুলতানা বলেন, তিন মাস আগে চেয়ারম্যানের বাহিনী তাকেও মাথায় পাঁচটি কোপ দেয়।
অভিযোগের বিষয়ে যুবলীগ কর্মী জাহিদুল ইসলাম টুটুল ও শামীম হাসান শাপলার মোব্ইাল ফোনে কল করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
তবে ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহার দাবি, ঘটনার সঙ্গে জড়িতরা কেউ তার লোক না। ইউপি মেম্বার জাহিদ ওই এলাকায় এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। ঘটনার দিন জাহিদ ওই নারীর সঙ্গে ধরা পড়ায় স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়েছে।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন জানান, মামলা রেকর্ড হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।










































