স্টাফ রিপোর্টার||
গেলো দুইদিন ধরে খুলনায় বইছে মৃদু তাপদাহ। তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। উপকূলীয় জেলা হওয়ায় খুলনা বরাবরের মত তীব্র তাপদাহ থেকে কিছুটা রেহাই পেলেও, মৃদু এবং মাঝারি তাপদাহেই নাকাল হয়ে পড়েছেন নগরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কম আয়ের খেটে খাওয়া মানুষ। তাছাড়া সাধারণ পথের যাত্রী ও মানুষদেরও নাভিশ্বাস উঠছে এক স্থান থেকে অন্য স্থানে যেতে। এদিকে হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর ভিড়। বিশেষ করে বেশি অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। সোমবার ভোর থেকে খুলনায় সময়ের সঙ্গে সঙ্গে অসহনীয় তাপদাহে গরম বাড়তে থাকে। সূর্যের প্রখর তাপে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত।
তপ্ত রোদে খাঁ-খাঁ করছে সড়ক জনপদ। গায়ে জ্বালা ধরাচ্ছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খুলনার উপকূলে পানি সংকট। খুলনাঞ্চলে এখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এ অঞ্চলের দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমজীবী মেহনতি মানুষ, কৃষকরা পড়েছেন চরম বিপাকে। সাধারণত ঘরের বাইরেই কাজ করতে হয় তাদের, কিন্তু প্রচণ্ড তাপদাহে রোদের ভেতরে চলাফেরা করতেই কষ্ট হচ্ছে তাদের। প্রচণ্ড গরমে পক্ষীকুল মরিয়া হয়ে উঠেছে একটু পানির আশায়। গরম থেকে একটু রেহাই পেতে শিশুরা মেতেছে পানির সঙ্গে দুরন্তপনায়। আর প্রচণ্ড তাপে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শরীরে আর কাজ করার মত শক্তি পাচ্ছে না বেশিরভাগ দিনমজুর।
আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, খুলনা বিভাগজুড়ে বইছে তাপদাহ। যা আরও ৩-৪ দিন থাকবে। খুলনায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যশোর ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গরমজনিত রোগীদের ভিড় বেড়েছে খুলনা শিশু হাসপাতালে। দূর-দূরান্ত থেকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের খুলনা শিশু হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা। অতিরিক্ত গরমে শিশুদের সুস্থ রাখতে প্রচুর পরিমাণে পানি পান ও সহজে হজমযোগ্য তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন পরিচালক খুলনা শিশু হাসপাতালের পরিচালক ডা. কামরুজ্জামান। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপদাহ অব্যাহত থাকতে পারে আরও এক সপ্তাহ। তবে এর মাঝে কাল বৈশাখী হওয়ার সম্ভাবনাও রয়েছে। গেলো ২০ বছরের মধ্যে খুলনায় তীব্র তাপদাহ হয়েছিলো একই বছরে দুইবার।
২০১৪ সালের ২৩ এপ্রিল ও ১৬ মে। তাপমাত্রা পৌঁছেছিলো ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।










































