Home আঞ্চলিক যশোর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যানসেলসহ তিনজন আটক

যশোর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যানসেলসহ তিনজন আটক

6

যশোর অফিস।।
যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এক কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় যশোর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যানসেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ৩টার দিকে যশোর রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি সুব্রত কবিশেখর জানান, দুপুর ১টার দিকে ম্যানসেল নামে একজন তাদের কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর তাকে কিছু ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তার থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আলামিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। ওই সময় অফিসের প্রধান কর্মকর্তা মুনা আফরিন তাকে (আলামিন) ডাক দিলে তিনি মেশিনটি অন না করে দিয়েই চলে যান। এরপর ম্যানসেল ও তার সাথে থাকা লোকজন আলামিনকে ডেকে মারপিট করেন। চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে তার সাথেও দুর্ব্যবহার করা হয়। তার মোবাইলফোনটিও কেড়ে নেয় ম্যানসেলের লোকজন। অবশ্য পরে তারা সেটি ফিরিয়ে দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, আমি এই মুহূর্তে থানায় আছি। এ বিষয়ে পরে কথা বলবো।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার অভিযোগের পর অভিযান চালিয়ে ম্যানসেল ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।