বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে দলীয় কোন্দলের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মোজাহার মোল্লা (৫৫) নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে আলীপুর গ্রামে দলীয় প্রতিপক্ষ শেখ আফসার গ্রুপের হামলায় গজালিয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হাফিজুর রহমান গ্রুপের সদস্য মোজাহার মোল্লা নিহত হয়।
মোজাহার মোল্লা আলিপুর গ্রামের জোনাব আলী মোল্লার ছেলে ও গজালিয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এ হত্যাকাণ্ডের পর ফের হামলার আশঙ্কা আলীপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের ভাতিজা মোল্লা আজিজুল ইসলাম জানান, দলীয় কোন্দলের জের ধরে শনিবার সকাল ১০টার দিকে নব্য আওয়ামী লীগের শেখ আফসার গ্রুপের সদস্যরা দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে গজালিয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হাফিজুর রহমান গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হাফিজুর রহমানের চাচাতো ভাই আওয়ামী লীগ সদস্য মোজাহার মোল্লাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত মোজাহার মোল্লাকে দ্রুত বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নব্য আওয়ামী লীগের শেখ আফসার গ্রুপের সদস্যরা এলাকায় পুরাতন আওয়ামী লীগের সদস্যদের নিশ্চিহ্ন করতে হত্যাকাণ্ড শুরু করেছেন বলে দাবি করেন আজিজুল ইসলাম।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা পুলিশ পরির্দশক এসএম আশরাফুল আলম জানান, শনিবার সকাল ১০টার দিকে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলীপুর গ্রামে প্রতিপক্ষ শেখ আফসার গ্রুপের হামলায় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোজাহার মোল্লা নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ফের হামলার আশঙ্কায় আলীপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।










































