স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় একটি পাটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনের বেশিরভাগ পাট পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আড়ংঘাটা বকুলতলা এলাকার মো. সেলিম শেখের পাটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কীভাবে আগুন লেগেছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয়দের অভিযোগ, বীমার টাকা তোলার জন্য পরিকল্পিতভাবে এই গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে মালিকপক্ষ। এর আগেও দুইবার একইভাবে এই গোডাউনে আগুন লেগেছিল। গত দুইবারের মতো এবারও আগুন লাগার পর মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে আসেনি।
স্থানীয় ইউপি সদস্য মো. আল-আমিন শেখ অভিযোগ করে বলেন, আবাসিক এলাকার মধ্যে অবৈধভাবে এই গোডাউনটি গড়ে তোলা হয়েছে। আগুনে পার্শ্ববর্তী স্কুল শিক্ষক তুহিন আহমেদের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, গোডাউনটি আবাসিক এলাকার মধ্যে কিনা এবং পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে।










































