ঝিনাইদহ প্রতিনিধি।।
নজরুল ইসলাম ঋতু। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইউপি চেয়ারম্যান হলেও ঋতুর কথা জানেন অনেকে। তার জীবন-সংগ্রাম সাফল্যের গল্প পড়ে বড় হবে শিশুরাও। ঋতুর গল্প-ছবি এখন বইয়ের পাতায়। দেশের প্রথম নির্বাচিত তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান তিনি।
নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়েছেন সারাদেশের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষাবোর্ড ও মাদরাসার সপ্তম শ্রেণির ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের ৫২ নম্বর পৃষ্ঠায় সম্প্রদায় অধ্যায়ে ছাপা হয়েছে ঋতুর একটি ছবি। একই অধ্যায়ে সমাজজীবনে এবং পেশাগত জীবনে সংগ্রামী তৃতীয় লিঙ্গের লিনিয়া শাম্মী, রানী চৌধুরী ও বিপুল বর্মণদের কথাও রয়েছে। বইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের নানাদিক তুলে ধরা হয়েছে।
জন্মের পর খুব অল্প বয়সে বাবা-মাসহ পরিবারের সদস্যদের ছেড়ে গুরুমার কাছে চলে যেতে হয় তৃতীয় লিঙ্গের শিশুদের। সেখানে তৃতীয় লিঙ্গের সদস্যরা একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে পরিবারের মতো থাকেন। তারা শিশু আর নতুন বর-বউকে আশীর্বাদ করে টাকা উপার্জন করেন। স্বাভাবিক মানুষের মতো লেখাপড়া কিংবা চাকরি করতে চাইলেও অনেকে নিতে চান না।
২০১৩ সালে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বীকৃতি দিয়েছে সরকার। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও পাচ্ছেন তারা। শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টাও করা হচ্ছে।
২০২১ সালের ২৮ নভেম্বর চেয়ারম্যান নির্বাচিত হন নজরুল ইসলাম ঋতু। নির্বাচিত হওয়ার আগে-পরে বিবিসি, সিএনএনসহ বাংলাদেশ এবং বিশ্ব গণমাধ্যমে উঠে আসে দেশের প্রথম নির্বাচিত তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ঋতুর নাম। ফলাও করে তার জীবন-সংগ্রাম সাফল্যের নানাদিক তুলে ধরা হয়।
ঋতু ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের আব্দুল কাদেরের সন্তান। তার আরো তিন ভাই ও তিন বোন রয়েছে। তিন ভাই ঢাকায় থাকেন ও বোন তিনজনের বিয়ে হয়েছে। জন্মের পর তৃতীয় লিঙ্গ প্রকাশ পাওয়ায় মাত্র সাত বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয়। লেখাপড়া শুরু করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরোনো হয়নি ঋতুর। ছোটবেলা থেকে ঢাকার ডেমরায় দলের গুরুমার কাছেই বেড়ে ওঠা। এখন তার বয়স ৪৪ বছর।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগপর্যন্ত ঢাকায় থাকলেও পরিবারের টানে প্রায়ই বাড়িতে আসতেন। নিজের কষ্টার্জিত টাকা দিয়ে দাদপুর গ্রামসহ ইউনিয়নবাসীর উন্নয়নে সহযোগিতা করতেন। এ পর্যন্ত এলাকায় দুটি মসজিদ করেছেন। এছাড়া বিভিন্ন মন্দিরের উন্নয়নে টাকা দান করেছেন।
এলাকার কেউ অসুস্থ বা কন্যাদায়গ্রস্ত হয়ে তার কাছে গিয়ে কখনো খালি হাতে ফেরেননি। কয়েক বছর আগে গ্রামের বাড়ি দাদপুরে বানিয়েছেন একটি পাকা বাড়ি। বর্তমানে সেখানেই থাকেন ঋতু।
পাঠ্যবইয়ে ছবি ছাপা হওয়ার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম ঋতু ডেইলি বাংলাদেশকে বলেন, ‘এটা আমার জন্য বিশাল একটা পাওয়া। আমি অনেক খুশি হয়েছি। আমার দায়িত্ব আরো বেড়ে গেল। মানুষের উন্নয়নে ভালো কিছু করতে চাই।’
দেশের তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ঋতু বলেন, সমাজে তৃতীয় লিঙ্গের মানুষ অবহেলিত। প্রতিটি ক্ষেত্রে তাদের সমান অধিকার দেওয়া হয় না। সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের মানুষকে দক্ষ জনবল করার ব্যবস্থা করব।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে কর্মজীবনে সাফল্য পাওয়া তৃতীয় লিঙ্গের লোকজনের কথা তুলে ধরা হয়েছে বইতে।
ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, চেয়ারম্যান হওয়ার পর ঋতু আমার কাছে এসেছিলেন। আমি তাকে সবসময় উৎসাহিত করি। তার বিষয়টি পাঠ্যবইয়ে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।










































