ক্রীড়া ডেস্ক।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে অল্প রানে গুটিয়ে দিয়েও ম্যাচ জিততে বিস্তর বেগ পেতে হলো ঢাকা ডমিনেটর্সকে। ম্যাচ জয়ের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন নাসির হোসেন। বিপিএলের গেল আসরে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার তিনি ফিরলেন, সঙ্গে অধিনায়কের গুরুদায়িত্বও পেলেন। নিজেদেরে প্রথম ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়লেন।
শনিবার মিরপুর শের-ই-বাংলায় বিপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ডমিনেটর্স ও খুলনা টাইগার্স। শক্তিমত্তার বিচারে ঢাকার চেয়ে এগিয়েই খুলনা। তবে মাঠের লড়াইয়ে নিজেদের উজাড় করে দিলেন নাসির ও আল আমিনরা। সেই সঙ্গে জিতলেন ম্যাচও।
দলের জয়ে ব্যাটে-বলে অবদান ঢাকার অধিনায়ক নাসির হোসেনের। ৪ ওভার বল করে ২৯ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৬ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। দলের প্রয়োজনের সময়ে এর চেয়ে কার্যকর পারফরম্যান্স আর কিইবা হতে পারতো। নাসির যেন এলেন দেখলেন এবং জয় করলেন।
১১৪ রানের ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা ডমিনেটর্স। মাত্র ৪ রানেই আহত হয়ে মাঠ ছাড়েন ঢাকার ওপেনার আহমেদ শেহজাদ। সৌম্য সরকার করেন মাত্র ১৬ রান, দিলশান মুনাবিরাও ফেরেন ২২ রান করে।
তবে এরপরই অধিনায়ক নাসির হোসেন আর উসমান গনি মিলে দেখশুনে খেলে দলকে জয়ের দিকে নিয়ে যান। শেষমেশ উসমান গনি ১৪ রান করে আউট হলে ৩৩ বলে ৩৪ রানের জুটি ভাঙে।
ক্রিজের অপরপ্রান্তে দায়িত্ব নিয়েই ব্যাটিং করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক নাসির হোসেন। ৩৫ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রানে অপরাজিত থাকেন ঢাকা ডমিনেটরস অধিনায়ক। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ঢাকার অধিনায়ক।
এর আগে টসে জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকার অধিনায়ক নাসির। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান তুলতে পারে খুলনা শিবির। রান তুলতে ব্যর্থ তামিম, আজম খানের মতো তারকারা। ঢাকার বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি কেউ।
খুলনার হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। ২৫ বল খুঁইয়ে চার আর ছক্কা ছিল একটি করে। এ দলের তিনজন মাত্র ব্যাটার স্ট্রাইকরেট তিন অংকের ঘরে নিতে পেরেছেন। আজম খান ১২ বলে তিন চারে ১৮ রান করে আউট হন। এছাড়া ১১ বলে ১১ রান করে আউট হন সাব্বির রহমান। শেষ দিকে নেমে ৩ বলে ১০ রান করা ওয়াহাব রিয়াজের স্ট্রাইক রেট ৩৩৩।
ঢাকার হয়ে আল-আমিন হোসেন ২৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন। এছাড়া আরাফাত সানি ও নাসির হোসেন নিয়েছেন দুটি করে উইকেট।










































