খুলনাঞ্চল ডেস্ক।।
আগামী আট দশকে বিশ্বের দুই তৃতীয়াংশ হিমাবাহ গলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সতর্কবার্তা দিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘সায়েন্স’।
একদল গবেষকের র্দীর্ঘদিনের পর্যালোচনা ও পর্যবেক্ষণের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত জার্নালে দাবি করা হয়, জলবায়ু পরিবর্তনের গতি রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ২১০০ সাল নাগাদ বিলীন হবে বিশ্বের দুই তৃতীয়াংশ হিমবাহ। এই গবেষণায় গ্রিনল্যান্ডের মতো সমতলের বরফ স্তরকে বাদ রেখে ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত দুই লাখ ১৫ হাজার পাহাড়-পর্বতকে আমলে নেওয়া হয়। তথ্য-উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে এই গবেষণাকে আগের যেকোন সময়ের তুলনায় সবচেয়ে নিখুঁত ও বিস্তৃত বলে দাবি করেছেন গবেষকরা।
এই বিপর্যয়ের পূর্বাভাস বাস্তবে রূপ নিলে আটচল্লিশ দশমিক পাঁচ ট্রিলিয়ন বা ৪৯০ হাজার ৮২০ লাখ মেট্রিক টন বরফ গলবে। সমুদ্রের উচ্চতা বাড়বে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত। সামুদ্রিক দুর্যোগের হুমকিতে পড়বে যুক্তরাষ্ট্রের লক্ষাধিকসহ বিশ্বের এক কোটিরও বেশি উপকূলবাসী। দাবির পক্ষে যুক্তি তুলে ধরতে স্যাটেলাইট থেকে তোলা ছবি ছাড়াও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করেছেন গবেষকরা। সূত্র: আল জাজিরা










































