কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ায় দিন দিন কমতে শুরু করেছে বিষবৃক্ষ খ্যাতি এই তামাকের আবাদ। অতিরিক্ত খরচ আর বেশি পরিশ্রমের কারণে কৃষকরা তামাকে চাষে নিরুৎসাহিত হয়ে বিকল্প ফসল চাষে ঝুঁকেছেন। ফলে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ বেশি হয়েছে। গত বছর ভুট্টার দাম ভালো পাওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়েছে বলে জানায় কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের দাবি, সরকারি বিভিন্ন প্রণোদনাসহ বিভিন্ন সামাজিক প্রচারণা ও কম খচরে বেশি লাভের কারণে তামাকের পরিবর্তে চাষিরা ভুট্টার চাষে আগ্রহী হচ্ছে।
কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেওয়া তথ্য মতে, গত মৌসুমে কুষ্টিয়ার ৬টি উপজেলায় ৯ হাজার ৮১৬ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছিলো।
কিন্তু চলতি মৌসুমে কুষ্টিয়ার ৬টি উপজেলায় ৯ হাজার ৯১৬ হেক্টর জমিতে ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।কিন্তু আবাদ হয়েছে ১১ হাজার ৯৫০ হেক্টর। যা থেকে প্রায় ১ লাখ ২৮ হাজার ৪৬২ মেট্রিকটন ভুট্টা উৎপাদিত হবে বলে আশা কৃষি বিভাগের।
মিরপুর উপজেলার কচুবাড়ীয়া এলাকার কৃষক সানোয়ার হোসেন জানান, গত বছর ৪ বিঘা জমিতে তামাক চাষ করলেও এবার তামাক চাষ করিনি। সেই জমিতে ভুট্টা লাগিয়েছি আসা করছি ভালো লাভ হবে।
সাইদুল ইসলাম নামের আরেক চাষি বলেন, ভুট্টার যে দাম, আর তামাকে যে পরিশ্রম তাই তামাকের চেয়ে ভুট্টার চাষ করা ভালো।
দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকার কৃষক জিনারুল ইসলাম বলেন, ভুট্টায় তেমন খরচ হয় না। বিঘাপ্রতি ৪-৫ হাজার টাকার মতো। সেখানে ৪৫-৫০ মণ ভুট্টা পাওয়া যায় এখন। যার বাজার দাম মণ প্রতি ১০৫০-১১০০ টাকা। গত বছর চার বিঘা জমির ভুট্টা বিক্রি করেছি ২ লাখ ১০ হাজার টাকায়। তাই এবছর ৭ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি।
ভুট্টা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে জেলার বাইরে থেকে ক্রেতা না আসায়, এই অঞ্চলের ভুট্টা কম দামে বিক্রি করতে হতো। কিন্তু গত দুই বছর যাবৎ বাইরের ক্রেতারা এসে ভুট্টা কিনে নিচ্ছে তাই দাম ভালো পাচ্ছেন কৃষকরা।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন বলেন, চলতি মৌসুমে সরকারি প্রণোদনায় কৃষকদের ভুট্টা বীজ ও সার দেয়া হয়েছে। সেই সঙ্গে ভুট্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এছাড়া ভুট্টার দাম ভালো পাওয়ায় বেশ আগ্রহী হচ্ছেন কৃষকরা ভুট্টা চাষে।
তিনি আরো জানান, এবছর মিরপুর উপজেলায় গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ জমিতে তামাকের আবাদ কমেছে। আগামীতে তামাকের পরিবর্তে কৃষকরা ভুট্টাসহ অন্যান্য খাদ্যশস্য এবং উচ্চমুল্যের ফসল চাষে আগ্রহী হবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ জানান, দিন দিন তামাকের আবাদ ত্যাগ করে কুষ্টিয়ার চাষিরা ভুট্টার আবাদে ঝুকছে এটা আমাদের জন্য একটি ভালো খবর। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২ হাজার হেক্টর জমিতে বেশি ভুট্টার আবাদ হচ্ছে। আগামীতে এই আবাদ আরো বাড়বে।










































