Home আঞ্চলিক শেখ রাসেল দিবস উদযাপনে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

শেখ রাসেল দিবস উদযাপনে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

14

খবর বিজ্ঞপ্তি।।

আগামীকাল ১৮ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রাতা শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ উদযাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এর পাশে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টা ৩০ মিনিটে মাইকেল মধুসূদন অতিথি ভবন সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ, বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান ও গল্লামারীস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা) লাইব্রেরিতে পুস্তক বিতরণ। উক্ত কর্মসূচিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গুচ্ছ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে
খুবিতে অনলাইনে প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ ১৭ অক্টোবর (সোমবার) বেলা ১২টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট kuadmission.online লিঙ্ক চালুর মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি এই ওয়েবসাইট তৈরির সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, প্রাক্তন পরিচালক সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সহযোগী অধ্যাপক ড. মনিশঙ্কর মন্ডল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, আইসিটি সেলের কর্মকর্তা মো. ফারুক হোসেন, মো. আইনুল মঈন নূর, রাহুল দেব মহালদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ku.ac.bd তে অনলাইনে আবেদন পদ্ধতি এবং বিভিন্ন স্কুল (অনুষদ) ও ডিসিপ্লিন (বিভাগ)সমূহের জন্য আরোপিত শর্তসমূহ বিস্তারিতভাবে জানতে পারবে। এছাড়া kuadmission.online ওয়েবসাইটে গিয়ে ভর্তি সংক্রান্ত আবেদন সম্পন্ন করতে পারবে। শিক্ষার্থীরা ২৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ পাবে। এক বা একাধিক ইউনিটে আবেদনের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রদান করতে হবে। তবে চারুকলা স্কুলের অধীন ডিসিপ্লিনসমূহে এবং স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য পুনরায় বিশেষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে পরীক্ষাপ্রতি ৩০০/- (তিনশত) টাকা ফি অনলাইনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে হবে।

 

খুবিতে ইকোটক্সিকোলজি শীর্ষক দু’দিনব্যাপী
আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামী বুধবার
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী ১৯ অক্টোবর (বুধবার) শুরু হচ্ছে। ভারতের ইনস্টিটিউট অব ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইইএন্ডইএস) এবং স্বেচ্ছাসেবী সংগঠন বেডস যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ১৯ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে এ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন সম্মেলনের উপদেষ্টা কমিটির চিফ প্যাট্রন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি কি-নোট স্পিকার হিসেবে ‘Is The Sundarbans of Bangladesh in a state of pollution’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলন আয়োজক কমিটির চেয়ারপার্সন আইইএন্ডইএস’র সভাপতি প্রফেসর শর্মিলা পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখবেন আয়োজক কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করবেন আয়োজক কমিটির ভারত চ্যাপ্টারের আহ্বায়ক আইইএন্ডইএস’র সেক্রেটারি ড. দেবব্রত মুখার্জি। আরও বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সহ-সভাপতি বেডস এর প্রধান নির্বাহী মো. মাকসুদুর রহমান।
সম্মেলনের আয়োজক কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম জানান, দু’দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের ১৩০ জন প্রতিনিধি সশরীরে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকেও ভার্চুয়ালি এই সম্মেলনে অংশ নেবেন গবেষকরা। সম্মেলনে ১০টি সেশনে শতাধিক নিবন্ধ উপস্থাপন করা হবে। ইতোমধ্যে আজ বিকেলে ভারতের প্রতিনিধিদের অগ্রবর্তী একটি অংশ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।