শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভূয়া কাগজপত্র তৈরী করে কর্মচারী নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই বিদ্যালয়ের দাতা সদস্য মো. সুলতান শিকদার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে যানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতির সাথে যোগসাজসে গোপনে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আপন ছোট ভাই সঞ্জয় কুমার দাসকে অফিস সহায়ক পদে নিয়োগ প্রদান করেন। নিয়োগ সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, কর্মচারী কেউই জানে না। সর্বশেষ ২০২১ সালে প্রকাশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী চাকরিতে যোগদানের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর। এক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়। অথচ প্রধান শিক্ষক দিপক দাস তার ছোট ভাইকে নিয়োগ দেয়ার স্বার্থে এফিডেভিটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্রে বয়স ৫ বছর কমিয়ে ৯ আগস্ট ১৯৮৭ বানিয়ে ৮ম শ্রেণি পাস দেখিয়ে নিয়োগ প্রদান করেন। কিন্তু সঞ্জয় দাস শরণখোলা উপজেলার তাফালবাড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এসএসসি পাস করে। সেখানে তার জন্মতারিখ ৯ আগস্ট ১৯৮২। এছাড়া সাউথখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভোটার তালিকায়ও তার জন্ম তারিখ ৯ আগস্ট ১৯৮২। এ বিষয়ে প্রধান শিক্ষক দিপক কুমার দাস বলেন, এফিডেভিট করে জাতীয় পরিচয় পত্রের বয়স ৩৫ বছরের মধ্যে করা হয়েছে এবং ৮ম শ্রেণী পাশ দেখিয়ে নিয়োগ দেয়া সম্ভব হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত জানায়, সঞ্জয় কুমার দাস বিজ্ঞাপন অনুযায়ী যে কাগজপত্র জমা দিয়েছে তার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে কোন তথ্য গোপন করে থাকলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।











































