যশোর অফিস।।
খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, এ দেশের সিংহভাগ মানুষ যাদের কৃষি উৎপাদন পণ্য মূল্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সেই সিংহভাগ মানুষকে আমরা জানাতে এসেছি, তাদের এ কষ্ট লাঘবের জন্য বিএনপি রাজপথে এসেছে। রাজপথে নেমে বিএনপির অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেকে কারাভোগ করেছেন। এছাড়া সন্ত্রাসী হামলার শিকার হয়ে অনেকেই জখম হয়েছেন।
তিনি আরও বলেন, বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলনে সম্প্রতি ৫ জন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। আমরা জনগণকে জানাতে এসেছি, এ দেশের জনসাধারণের জন্য বিএনপির আরও নেতাকর্মীর রক্ত এই রাজপথে ঝরে; তার পরেও এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিএনপি রাজপথে আন্দোলন করে যাবে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য বিএনপির যে আন্দোলন সংগ্রাম সমাবেশ করে আসছে সেটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি তাদের কর্মসূচি পালন করে যাবে। তাদের এই কর্মসূচিতে জনগণ ইতোমধ্যে দলবল নির্বিশেষে অংশ নিচ্ছে।
খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে রোববার বেলা সাড়ে ১১টায় যশোরে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ করার সময় অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে সদরের পুলেরহাট বাজারে এই গণসংযোগ শুরু হয়। পরে নেতারা যশোর বেনাপোল মহাসড়ক, স্থানীয় বাজারে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করেন।
নেতাকর্মীরা জানান, আগামী ২২ অক্টোবর খুলনায় সমাবেশে জনসম্পৃক্ততা বাড়াতে ও সমাবেশ সফল করতে সাধারণ মানুষের মধ্যে এ গণসংযোগ ও লিফলেট বিতরণের এই কর্মসূচি পালন করা হচ্ছে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতারা।










































