Home আঞ্চলিক কাউন্সিলরের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল চেষ্টার অভিযোগ

কাউন্সিলরের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল চেষ্টার অভিযোগ

5

অভয়নগর (যশোর) প্রতিনিধি ।।
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হোসেন তানু ওরফে তানু মীরের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের আদেশ অমান্য করে জমির সীমানা ভেঙে ফেলারও অভিযোগ উঠেছে।
এছাড়া ওই জমির মালিক সৈয়দ মাসুম বিল্লাহ ও মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মর্মে রোববার (১৬ অক্টোবর) অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের রাজ টেক্সটাইল মিল সংলগ্ন মহাকাল মৌজায় মীরবাড়ী ঘাট এলাকায়।

মামলার বাদী সৈয়দ মাসুম বিল্লাহ বলেন, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু ওরফে তানু মীর সম্পর্কে আমার চাচাতো ভাই হন। পৈতৃক সূত্রে প্রাপ্ত অভয়নগরের মহাকাল মৌজায় জেএল-১৯, আরএস ৭৬৬ খতিয়ানে ২০৭৩ দাগে ২৬ শতক জমি রয়েছে। আমি সপরিবারের যশোর কোতোয়ালি থানার চাঁচড়া বাজার এলাকায় বসবাস করার কারণে কাউন্সিলর তানু মীর আমার জমির ওপর মালবাহী ট্রাক লোড-আনলোডের কাজ শুরু করেন। বিষয়টি জানার পর আমি আমার জমিতে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলি এবং আদালতের শরণাপন্ন হলে গত ১২ অক্টোবর যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন। যার স্মারক নং-২০৪২।

তিনি আরও বলেন, ১২ অক্টোবর আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে তার পরের দিন ১৩ অক্টোবর কাউন্সিলর তানু মীর ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহকারে আমার জমিতে প্রবেশ করেন এবং বাঁশের বেড়া দেওয়া সীমানা ভেঙে ফেলেন। এছাড়া গত ১৫ অক্টোবর ওই জমিতে আসলে আমাকেসহ সাক্ষীদের হত্যা করা হবে বলে তিনি হুমকিও দেন। এ ব্যাপারে রোববার (১৬ অক্টোবর) আমি অভয়নগর থানায় কাউন্সিলর তানু মীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু ওরফে তানু মীর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে আমাকে নিয়ে সৈয়দ মাসুম বিল্লাহসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা ষড়যন্ত্র শুরু করেছে। আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ বা অন্যের জমি দখলের কোনো প্রশ্নই ওঠে না।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, আদালত কর্তৃক ১৪৪ ধারা জারির নির্দেশনা হাতে পেয়েছি। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মর্মে তানভীর হোসেন তানু ওরফে তানু মীরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।