আন্তর্জাতিক ডেস্ক।।
বিশ্বে করোনার সংক্রমণ আবার বাড়ছে। ভাইরাসটি ক্রমাগত তার রূপ পরিবর্তন করে চলছে। করোনার সংক্রমণ রোধে নেওয়া পদক্ষেপের চেয়ে ভাইরাসটি এক ধাপ এগিয়ে রয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনা বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।
ডেভিড নাবারো বলেন, ‘করোনার সংক্রমণ আবার বাড়ার কারণ হলো ভাইরাসটির ক্রমাগত রূপ বদল। আর ভাইরাসটি বেশ চতুর হয়ে উঠছে। এটা আমাদের রোগ প্রতিরোধব্যবস্থা ভেঙে ফেলতে পারছে। আর এ কারণেই সংক্রমণ আবারও বাড়ছে।’
করোনাভাইরাসকে অবহেলা-অবজ্ঞা না করার আহ্বান জানিয়েছেন নাবারো। তিনি বলেন, করোনা বিস্তারের বিরুদ্ধে সতর্কতার বিষয়টিতে মানুষ অনেকটাই শিথিলতা প্রদর্শন করছে। যেমন লোকজনকে এখন আর মাস্ক পরতে দেখা যাচ্ছে না; যা সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখছে।
ডব্লিউএইচওর বিশেষ দূত বলেন, ‘সবার জন্য আমার পরামর্শ হলো, ভাইরাসটি চলে যায়নি। ভাইরাসে এখন হয়তো বেশি মানুষের মৃত্যু হচ্ছে না, কিন্তু এটা সত্যিই অস্বস্তিকর, বিশেষ করে যদি কেউ দীর্ঘ করোনায় সংক্রমিত হয়।’
গত মঙ্গলবার ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানম ঘেব্রেয়াসুস বলেন, ‘ভাইরাসটি বিনা বাধায় ছড়াচ্ছে। দেশগুলো কার্যকরভাবে ভাইরাসটি নিয়ন্ত্রণ করছে না।’
গত সপ্তাহে বিশ্বে নতুন করে ৫৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে; যা আগের সপ্তাহের চেয়ে ৬ শতাংশ বেশি। তবে গত বছরের তুলনায় করোনায় মৃত্যু এখন কম।











































