Home আঞ্চলিক ১মণ পেঁয়াজ-রসুন বিক্রি করেও কেনা যাচ্ছে না একটি তরমুজ!

১মণ পেঁয়াজ-রসুন বিক্রি করেও কেনা যাচ্ছে না একটি তরমুজ!

8

খুলনাঞ্চল রিপোর্ট।।

পেঁয়াজ-রসুনের বাজারে ধ্বস নেমেছে। ঝিনাইদহের পাইকারি বাজারে একমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩শ থেকে ৫শ টাকায়। একমণ পেঁয়াজের সকল খরচ বাদ দিলে কোনো লাভই পাচ্ছেন না কৃষকরা। শুধু তাই নয়, ১ মণ পেঁয়াজ বা রসুন বিক্রির পর একটি তরমুজ কেনার টাকাও থাকছে না তাদের।

মসলা জাতীয় ফসল পেঁয়াজ-রসুনের উত্তোলন ও কেনা-বেচার ভরা মৌসুম চলছে। তবে চাষী সহ ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের কপালে ভাজ পড়েছে পেঁয়াজ-রসুনের দাম নিয়ে। প্রকারভেদে অবশ্য পেঁয়াজ ৫শ থেকে ৭শ টাকা মণ দরেও বিক্রি হচ্ছে।

তবে রসুন বিক্রি হচ্ছে আরোও কম দামে। ২শ থেকে ৩শ টাকা মণ আবার সর্বোচ্চ ৫শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো হাটে রসুনের কোন দামই পাচ্ছে না চাষী এবং ব্যবসায়ীরা। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা হিসাবে খ্যাত ঝিনাইদহের শৈলকুপার হাট-বাজারে এমন দৃশ্য দেখা গেছে ।

অন্যদিকে বাজারে উঠেছে মৌসুমী ফল তরমুজ। তবে আগাম জাতের এক একটা বড় সাইজের তরমুজ বিক্রি হচ্ছে ৫শ টাকা দরে। যেখানে এক মণ পেঁয়াজ বা রসুনের দাম ৫০০ সেখানে ১টি তরমুজ কেনা ওইসব চাষীদের পক্ষে অসম্ভব। কেননা পেঁয়াজ ক্ষেত থেকে বাজারে তোলার একটা খরচ আছে সে খরচটা মেটানোর পর কিছুই অবশিষ্ট থাকছে না বলে জানিয়েছেন কৃষকরা।

প্রতিকূল আবহাওয়ার কারণে এবার ঝিনাইদহে পেঁয়াজের ফলন এমনিতে কম হয়েছে। প্রতি মণ পেঁয়াজ গত মৌসুমে ১৪শ’ থেকে ১৫শ’ টাকা দরে বিক্রি হলেও এবার ৫শ’ থেকে ৭শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি ১বিঘা জমি থেকে কৃষকেরা গত মৌসুমে কমপক্ষে ৭০ মণ করে পেঁয়াজ ঘরে তুললেও এবার বিঘা প্রতি ৫০থেকে করে পেঁয়াজ হয়েছে।

শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে পেঁয়াজের ছড়াছড়ি। পাইকপাড় গ্রামে গিয়ে দেখা গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে পেঁয়াজ, ক্ষেতেও রয়েছে। কৃষকেরা বাড়িতে এনে স্তুপ করে রাখছেন বিক্রির আশায়। তবে পেঁয়াজ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় বেশীর ভাগ পেঁয়াজ তুলেই বিক্রি করতে বাধ্য হন উপজেলার কৃষকরা।

শৈলকুপার পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল বিশ্বাস জানান, দেশের চাহিদার বড় একটি অংশের যোগান শৈলকুপা থেকে হয়ে থাকে। শৈলকুপা বাজারের আরেক পেঁয়াজ-রসুন ব্যবসায়ী মশিউর রহমান, শরিফুল ইসলাম বলেন রসুন-পেঁয়াজের কোন দাম নেই, অবিক্রিত থেকে যাচ্ছে এসব ফসল।

উপজেলার পাইকপাড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কোরবান আলী জানান, এ ব্লকে ৪’শ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। এখানে ১৫৬০টি কৃষি পরিবার রয়েছে। কম-বেশি প্রায় সব পরিবারে জমিতে রয়েছে পেঁয়াজ । চাষটি ক্রমেই বাড়ছে বলে তিনি জানান।

শৈলকুপা উপজেলা বণিক সমিতির সভাপতি আব্দুস সোবহান জানান, ১মণ রসুন বিক্রি করে সেই টাকায় ১টি তরমুজও কেনা যাচ্ছে না। তিনি দাবি জানান দ্রুত রসুন ও পেঁয়াজের এলসি (আমদানী) বন্ধ করতে হবে।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন জানান, এ উপজেলায় ক্রমেই পেঁয়াজের চাষ বাড়ছে। এবার অবশ্য প্রাকৃতিক কারণে উপজেলায় পেঁয়াজের ফলন ভালো হয়নি। আর পেঁয়াজের দাম নিয়ে কৃষকদের হতাশা প্রসঙ্গে বলেন, চাষীদের উচিৎ পেঁয়াজ কিছুদিন সংরক্ষণ করা। পেঁয়াজ-রসুনের দাম কমের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান।