খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিধি মেনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সভায় ১৯ মার্চ অনুষ্ঠিত ক্লাবের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ২১ থেকে ২৫ জনে উন্নীত করার লক্ষ্যে ১ জন সহকারী সম্পাদক ও ৩ জন কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত করা হয়। সভায় নতুন একজন সহকারী সম্পাদক হিসেবে সুনীল কুমার দাসকে ‘তথ্য প্রযুক্তি সম্পাদক’র দায়িত্ব দেয়া হয়। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সম্পাদক কোটায় দৈনিক জন্মভূমির প্রকাশক ও সম্পাদক আসিফ কবির, ঢাকা কোটায় দৈনিক সময়ের আলো’র খুলনা ব্যুরো প্রধান মল্লিক সুধাংশু এবং স্থানীয় কোটায় দৈনিক আজকের তথ্য’র বিশেষ প্রতিনিধি মোঃ আব্দুল হালিমকে অর্ন্তভুক্ত করা হয়। সভায় খুলনা প্রেস ক্লাবের ইফতার মাহফিল আগামী ২ রমজান ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মাই টিভির খুলনার সাংবাদিক শিশির মল্লিকের বিরুদ্ধে খুলনা প্রেসক্লাবের একজন স্থায়ী সদস্যের সঙ্গে দুর্ব্যবহারের লিখিত অভিযোগ উত্থাপন করা হয়। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যরা জানান, তার বিরুদ্ধে সাংবাদিক ও রাজনীতিকসহ খুলনা অঞ্চলের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির নাম ব্যবহার করে বিতর্কিত কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে। সভায় আলোচনা শেষে খুলনা প্রেসক্লাবে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়। তার সদস্য পদ বাতিল করার জন্য খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটিকে আহবান জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও সভায় ক্লাবের উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ক্লাবের সহ-সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য এস এম জাহিদ হোসেন, হাসান আহমেদ মোল্লা, মো. হাবিবুর রহমান, সোহরাব হোসেন, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মো. সেলিম, মকবুল হোসেন মিন্টু, মো. শাহ আলম উপস্থিত ছিলেন।











































