মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় এক যুবতীর ঘর থেকে মদ্যপ অবস্থায় স্থানীয় ইউপি মেম্বরের ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার পর উপজেলার কানাইনগরের খ্রিস্টান পাড়ার বাসিন্দা গিলবাট সরদারের (৪৭) যুবতী মেয়ের ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বর মোঃ সুলতান হাওলাদারের ছেলে জাকির হাওলাদার (৩৬)। মোংলা থানার এসআই দেবজিৎ কুমার সানা জানান, সোমবার দিবাগত রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন কানাইনগর এলাকার বাসিন্দা গিলবাট সরদারের যুবতি মেয়ে চাঁদনি সরদার (২৬) ওরফে চন্দ্রমুখী। স্থানীয় ইউপি মেম্বরের ছেলে জাকির মদ খেয়ে গিয়ে ওই যুবতীর ঘরে ঢুকে অবস্থান করছিলো এমন খবরেই ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়। এদিকে এ ঘটনায় ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিবাস সরদার, সহ-সভাপতি মুনসুর খাঁ ও যুবতির চাচা ডেবিট সরদার বলেন, ইউপি মেম্বর সুলতানের ছেলে জাকির মদ খেয়ে প্রায়ই ওই ঘরে আসে। ঘটনার দিন সোমবার গভীর রাতে একইভাবে ওই ঘরে এসে অবস্থান নিলে মেয়েটি জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে রাতেই জাকিরকে মদ্যপ অবস্থায় আটক করে থানায় নিয়ে যায়। জাকিরের বাবা সুলতান মেম্বর যুবতীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রেখেছে যাতে তারা থানায় কোন অভিযোগ না দিতে পারে।
তবে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের দাবী, ভুক্তভোগী কোন অভিযোগ না দেয়ায় আটককৃত জাকিরকে ৩৪ ধারায় মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এদিকে ইউপি মেম্বর সুলতানের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে কানাইনগর এলাকার কয়েকজন নারী ও পুরুষ বাসিন্দারা বলেন, ৯৯৯ নম্বরে কল দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ করা হয়। কিন্তু ইউপি মেম্বর সুলতান হাওলাদার মঙ্গলবার ভোরে ওই যুবতীর বাড়ীতে এসে তাকে ও তার বাবাকে থানায় গিয়ে এ ঘটনার বিষয়ে কোন কিছু না বলতে ভয়ভীতি দেখায়। এজন্যই ভুক্তভোগী পরিবার ভয়ে ও আতংকে থানায় গিয়ে ওসির কাছে কোন কিছুই বলেননি, অভিযোগও দেননি। আমরা পরে শুনেছি মদ্যপ অভিযোগে তাকে চালান দেয়া হয়েছে। আর যুবতীর ঘর থেকে গভীর রাতে তাকে আটকের প্রকৃত ঘটনা রহস্যজনক কারণে আড়াল করা হয়েছে। এদিকে মদ্যপ অবস্থায় গভীর রাতে যুবতির ঘর থেকে মেম্বর পুত্র জাকির আটকের প্রকৃত কারণ, মুল রহস্য ও গুঞ্জনের বিষয়ে জানতে চাওয়া হলে ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী লিখিত কোন অভিযোগ না দিলে আমাদের কি করার আছে। তিনি
আরো বলেন, কোন অভিযোগ না পাওয়ায় মদ খেয়ে জনবিরক্তি সৃষ্টির অভিযোগে তাকে ৩৪ ধারায় বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।











































