Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

34
মিষ্টি কুমড়ার পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন দোকানি : পিবিএ

নির্বাচন নিয়ে এখনই ভবিষ্যৎ বাণী করা যাবে না: সিইসি

গোপালগঞ্জ প্রতিনিধি

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ বিষয নিয়ে এখনই ভবিষ্যৎ বাণী করা যাবে না। একটু সময় গড়াতে দিন। আমরা ধীরে ধীরে তা জানাতে পারবো। তিনি বলেন, আমরা একটি কমিশন হিসেবে মাত্র দায়িত্ব নিয়েছি। আমাদের আরও সময় দিতে হবে। একটু সময় গড়ানোর পর যথাসময়ে আমরা এ ব্যাপারে জানাতে পারবো।

রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, তার নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা। ৭ মার্চের ভাষণের ধারাবাহিকতায় ২৬ মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়ে ১৬ ডিসেম্বর আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করি।

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় নবনিযুক্ত নিবার্চন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, নিবার্চন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মুহা. ফয়জুল মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াস হোসেন, শেখ সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কলারোয়ায় রবিউল চেয়ারম্যানের নির্দেশে ড্রেজার দিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ নং যুগীখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের নির্দেশে অবৈধ পন্থায় বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। জানা গেছে, যুগীখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আমিন উদ্দীন শেখ এর ছেলে রায়হান শেখ একই গ্রামের প্রয়াত জনাব আলী শেখ এর ছেলে করিম শেখ এবং প্রয়াত ওমর আলী শেখ এর ছেলে কাদের শেখ সম্মিলিতভাবে তাদের শরীককৃত পুকুরে গভীরতা ভরাট করার নিমিত্তে পাশর্^বর্তী পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি ছাড়াই অবৈধ পন্থায় ড্রেজার মেশিন দিয়ে রবিউল হাসান চেয়ারম্যানের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলন করছে রায়হান শেখসহ তার শরিকরা। জনবসতি এলাকা হওয়ায় বালু উত্তোলনের ফলে যে কোন সমসয় ভূমি ধ্বংসের ঘটনা ঘটতে পারে বলে তারা আশংকা প্রকাশ করেছেন। তারা আরও জানান রায়হান শেখ ৫৫ হাজার টাকা দিয়ে কেশবপুর থানার বরণডালী থেকে ড্রেজার মেশিন ভাড়া করে বালু উত্তোলনের মহোৎসবে মেতেছেন। তারা আরও জানান সরকারি নির্দেশনা উপেক্ষা করে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। যেন দেখার কেউ নেই। এ বিষয়ে বালু উত্তোলনকারী রায়হান শেখের সাথে মুঠোফোনে আলাপকালে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সংশ্লিষ্ট কোন কর্মকর্তার অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন যুগীখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের নির্দেশে ৫৫ হাজার টাকা চুক্তিতে ড্রেজার মেশিন ভাড়া নিয়ে বালু উত্তোলন করছি পুকুর ভরাট করার জন্য। এ বিষয়ে যুগীখালী ১২ নং ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের সাথে মুঠোফোনে আলাপকালে পাইকপাড়া পুকুর থেকে ড্রেজার মেশিন  দিয়ে বালু উত্তোলনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রায়হান শেখ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে এটা সত্য। তবে কর্তৃপক্ষের কোন অনুমতি নেই। মানবিক দৃষ্টিকোন থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন, বালু ভরাটকৃত অংশে জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সাপ্লাই পানির ট্যাংকি নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তর থেকে ২ কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্ধ এসেছে । বালু দিয়ে গভীর পুকুরটি ভরাট না করলে প্রকল্পটি ফেরত চলে যাওয়ার আশঙ্কায় বালু উত্তোলন করা হচ্ছে। রায়হান শেখ আপনার নির্দেশে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি রায়হানকে কোন নির্দেশ দেয়নি। এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরীর সাথে মুঠোফোনে আলাপকালে ড্রেজার মেশিন দিয়ে পাইকপাড়ায় রায়হান শেখের পুকুর থেকে বালু উত্তোলনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আপনার মাধ্যমে আমি অবগত হয়েছি। তাদেরকে বালু উত্তোলনের কোন প্রকার অনুমতি দেওয়া হয়নি।

বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে তিনি অমানসিক নির্যাতন স্বীকার করে আ’লীগকে শক্তিশালী করেছেন: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আব্দুল জলিল ছিলেন মুজিব আদর্শের একনিষ্ঠ কর্মি ছিলেন। তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে তিনি নওগায়ে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলেছিলেন। নওগায়ের মানুষ তাঁকে প্রচন্ড ভালোবাসতেন। বঙ্গবন্ধুর আহবানকে সফল করতে তিনি ওই অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ করে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। তাঁর দক্ষ পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছিলো। এরশাদ খালেদার দু:শাসনের প্রতিবাদ করতে গিয়ে তিনি শারীরিক ভাবে প্রচণ্ড নির্যাতিত হয়েছিলেন। তবুও তিনি স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে তিনি অমানসিক নির্যাতন স্বীকার করে আ’লীগকে শক্তিশালী করেছেন। তাঁর এই ত্যাগ ও আর্দশকে সামনে রেখে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী আব্দুল জলিলের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মল্লিক আবিদ হোসেন কবীর, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যাপক আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, এস এম আকিল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, অধ্যা. এ বি এম আদেল মুকুল, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী, জেসমিন সুলতানা বিথী, চ. ম. মজিবুর রহমান, সেলিম মুন্সি, মো. শিহাব উদ্দিন, কবীর পাঠান, মো. বাবুল হোসেন, মো. কামরুল ইসলাম, আলমগীর মল্লিক, লাবু, কিংকর সাহা, মো. ইখতিয়ার উদ্দিন মোল্লা, নাছরিন সুলতানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মো. আব্দুল জলিলের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জে গরুসহ ৩ চোর আটক ॥ পিকআপ জব্দ

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে একটি চোরাই গরুসহ চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ। রবিবার সকাল ৮ টার দিকে যশোর – ঝিনাইদহ মহাসড়কের ফুলবাড়ি নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। পরে চোরসহ চুরি কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার ফকিরহাটের নওয়াপাড়া গ্রামের মৃত,আনোয়ার শেখের ছেলে আলামিন শেখ (২৪),খুলনার তেরখাদা থানার মধুপুর গ্রামের হাসমত গাজির ছেলে রাব্বি গাজি (২১)  ও একই গ্রামের আব্দুল গফুরের ছেলে রাবিব (২২)।

হাইওয়ে থানার এস আই কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে হাইওয়ে পুলিশের একটি দল বারোবাজারের নিকটবর্তী ফুলবাড়ীগেটে গাড়ি তল্লাশী করে। এ সময় বুলু রংয়ের ঢাকা মেট্রো-ন- ১৩-৫৮৫৭ নম্বরের একটি পিকআপ একটি গরুসহ চোরচক্রের ৩ যুবককে আটক করা হয়।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় পুলিশ সদস্যরা ফুলবাড়ি গেট থেকে চোরচক্রের ৩ যুবকসহ গরুর পিকআপটি আটক করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) মতলেবুর রহমান ও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সময়ে এ এলাকায় গরুচোর সিন্ডিকেট মাথাচাড়া দিয়েছে। লাগাতরভাবে চোরেরা   অনেক কৃষকের গোয়াল খালি করলেও তারা ছিল ধরা ছোয়ার বাইরে। আটক চোরেদের জিজ্ঞাসাবাদে  গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

কেশবপুর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি নাহিদ, সম্পাদক রমেশ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গত শনিবার রাতে সৈয়দ নাহিদ হাসানকে সভাপতি ও রমেশ চন্দ্র দত্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তাঁদেরকে আগামী ৭ দিনের মধ্যে উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি করে জেলা নেতৃবৃন্দের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শহরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে শনিবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। প্রথম পর্বের অধিবেশন কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, যশোর জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ।

দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে পৌরসহ উপজেলার ১১টি ইউনিয়নের কৃষকলীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এদিন উৎসবের আমেজ বিরাজ করছিল। কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অতীতে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে ফের দায়িত্ব দেওয়ায় সংগঠন শক্তিশালী হবে বলে জানান তৃণমূল পর্যায়ের একাধিক নেতাকর্মী।

পাইকগাছার সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছার সরল জিরোপয়েন্টে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকালে  খুলনা জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে এসকল স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময়ে মাধ্যমিক শিক্ষা সমিতির দ্বিতল ভবন, ডাঃ সুজন কুমার সরকার ও সাইদুর রহমানের  এর ভবণের  আংশিক,  অবৈধভাবে গড়ে উঠা হোটেল, রেস্তরা, চায়ের দোকান সহ সকল স্থাপনা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়। এনিয়ে গত একবছরে দুইবার উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জান মাসুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান পাটয়ারী, উপ-সহকারী প্রকৌশলী আজিম কাওসার, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

এ বিষয় ভারপ্রাপ্ত পৌর মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু বলেন, আমরা স্বচ্ছ পরিকল্পিত  পৌর সভা গড়ার লক্ষে ইতিপূর্বে উচ্ছেদ করেছিলাম। পরে আবারো দখল হয়ে যাওয়ায় এ অভিযান পরিচালানা করা হয়েছে। অমার পৌর সভায় অবৈধভাবে সরকারী জায়গা দখলকরে স্থাপনা তৈরী করে থাকতে পরবে না। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, এ জায়গাটি সড়ক ও জনপদ বিভাগের একোয়ারকৃত জায়গা। এখানে কিছু মানুষ দখল করে বহুল ভবন তৈরী করেছে। এখন সড়ক ও জনপদ বিভাগের জায়গায় রাস্তা হবে। তারা তাদের জায়গায় অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে। তবে কিছু স্থাপনা রয়েছে ১ মাস সময় চেয়েছে এর মধ্য তারা নিজেদের খরচে সরিয়ে নিবেন বলে তারা জানান।

পাইকগাছায় ভাড়াটিয়া দোকান মালিক সেজে ঘর দখলে ব্যার্থ

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় ভাড়াটিয়া দোকান মালিক সেজে ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শনিবার বিকালে দোকান মালিক শতশত মানুষ ও ব্যবসায়ী নের্তৃবৃন্দের উপস্তিতে তার ঘর বুঝে নিয়েছেন বলে দোকান মালিক জানিয়েছেন। এদিকে ভাড়াটিয়া জোরকরে ঘর দখলের অভিযোগ এনেছে।

 দোকান মালিক জানান, পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে দোকান শ্রেনীতে ০.০৩ একর জমি ১ আনা অংশে উত্তর সলুয়া গ্রামের আঃ জব্বার সরদারের স্ত্রী রোকেয়া খাতুন এর নামে রেকর্ড প্রকাশিত হয়। পরে ওই জমি বাজার পেরিফেরী ভুক্ত হলে রেকর্ডীয় মালিক রোকেয়া খাতুন সরকারের নিকট থেকে ডিসি আর গ্রহণ করে সন সন ইজারা প্রদান করিয়া ভোগ দখলে রয়েছেন। এদিকে তালা থানার গংগারাম পুর গ্রামের বিপ্রদাস দেবনাথ ব্যবসা করার জন্য ১৪২১ সালের ১ ফাল্গুন থেকে ১৪২৮ সালের ৩০মাঘ মাস পর্যন্ত লিখিত চুক্তিবদ্ধ হয়। কিন্তু পেরিফেরীভুক্ত জমি দেখে সুচতুর বিপ্রদাস নিজের নামে ডিসি আর নেওয়ার জন্য গোপনে সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করে। এ ঘটনা জানতে পেরে দোকান ঘর মালিক তাকে দোকান ঘর ছাড়তে বলে।  এদিকে স্থানীয় তফসিলদার ও বনিক সমিতির প্রতি বেদন ও পূর্ব রেকর্ডীয় মালিক পর্যালোচনায় বিপ্রদাশ এর আবেদন খারিজ করে পূর্ব ইজারা গ্রহিতা রোকেয়া খাতুনের নামে কর খাজনা গ্রহণ করে ইজারা প্রদান করে। তখন বিপ্রদাশ এডিসি রেভিনিউ খুলনায় আপিল করলে সেখানে তার আবেদন খারিজ করে দেয়। এত ঘটনার পর ও বিপ্রদাস দোকান ঘর অবৈধভাবে দখলে রাখার চেষ্টা করলে কপিলমুনি বনিক সমিতি, স্থানীয় প্রশাসন ও গন্য মান্য ব্যক্তি বর্গের মধ্যস্থতায় তার মালামাল বের করে দোকানের মালিককে তার দোকান ঘর বুঝে নেয় বলে তিনি জানান। ভাগাটিয়া বিপ্রদাশ বলেন দোকান মালিকের লোকজন আমাদের মারপিট করে ঘর থেকে বের করে দিয়েছে। ঘরমালিক এটি অস্বীকার করে বলেন শতশত মানুষের উপস্থিতে তাদের মালামাল বুঝে দেয়া হয়েছে।মারপিটের কোন ঘটনা ঘটেনি। ওসি জিয়াউর রহমান জিয়া জানান, ঘটনা শুনেছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, ঘটনা শুনেছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষকে কাগজ পত্র সহ ৬ মার্চ হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

জাতীয় পাট দিবস উপলক্ষে খুলনাতে ওয়েভ জুট টেক্সটাইল মিলস্ লিঃ এর র‌্যালী

ফুলবাড়ীগেট প্রতিনিধি

সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ৬ মার্চ রবিবার বেলা সাড়ে ১০টায় খুলনার বিভিন্ন সড়কে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে খুলনার স্বনামধন্য ওয়েভ জুট টেক্সটাইল মিলস্ লিমিটেডও অংশ নেয়। র‌্যালীটিতে উপস্থিত ছিলেন এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার হাফেজ আহমদ সরকার, ম্যানেজার (জুট) মোঃ রমজান আলী, এডমিন অফিসার মোঃ আমজাদ হোসেন, টেকনিক্যাল সমন্বয়কারী এস এম সিরাজ আহম্মেদ, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ শফিয়ার রহমান, জুট অফিসার মোঃ সিরাজুল ইসলাম, এ্যাকাউন্টস্ অফিসার মোঃ হায়দার আলী, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, ষ্টোর এন্ড পারচেজ অফিসার মোঃ সোহাগ ,সহঃ সিকিউরিটি অফিসার মামুনুর রশীদ সহ ষ্টাফ ও শ্রমিকবৃন্দ।

ডুমুরিয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় প্রেম প্রত্যাখ্যান করায় অসিত কুমার পাল (১৬) নামের এক স্কুলছাত্র গলায় বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ধামালিয়া ইউনিয়নের ছয়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  ছয়বাড়িয়া এলাকার পূণ্যচন্দ্র পালের স্কুল পড়ুয়া ছেলে জনৈক এক মেয়ের সাথে প্রেম করে।এক পর্যায়ে মেয়েটি তার প্রেম প্রত্যাখ্যান করায় ঘটনার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডুমুরিয়ায় রমজান উপলক্ষে ভতুর্কি মুল্যে টিসিবি পন্য পাবে ২১ হাজার ৭শত ৩৭ পরিবার

ডুমুরিয়া প্রতিনিধি 

ডুমুরিয়ায় আসন্ন  পবিত্র রমজান উপলক্ষে ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে (২বার) ভর্তুকি মুল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পন্য দেয়া কর্মসুচি শুরু হ”েছ। এতে উপজেলায় ১৪টি ইউনিয়নে ২১ হাজার ৭থশ ৩৭টি পরিবার টিসিবিথর পন্য কেনার সুযোগ পা”েছ। এসব পরিবারকে দেওয়া হবে একটি করে কার্ড। যার ফলে দীর্ঘ সময় লাইনে না দাঁড়িয়েই সংগ্রহ করতে পারবে ন্যায্য মুল্যে পন্য।     

জানা যায়, করোনাকালে সরকার দেশের প্রায় ৩৫ লাখ পরিবারকে বিনামুল্যে খাদ্য সহায়তা দেয়। প্রথমে সিদ্ধান্ত নেয় এই পরিবারগুলোকেই শুধু টিসিবি পণ্যের কার্ড দেওয়া হবে।  ডুমুরিয়ায় করোনাকালে সরকার ৬৩ হাজার ৮৯০ টি পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদান করে। এরমধ্যে আর্থিক প্রণোদনা পায় ৩৫ হাজার পরিবার, ১৬ হাজার ৩৯০টি পরিবার (দুইবার) ভিজিএফ খাদ্য সহায়তা পায়। এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে সাড়ে ১২ হাজার পরিবারকে প্যাকেজের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হয়। এবার নিম্নআয়ের পরিবার পা”েছ কার্ডের মাধ্যমে রমজান মাসে ন্যায্যমুল্যে টিসিবির পন্য কেনার সুযোগ। প্রত্যেক কার্ডধারী পাবে ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা দরে ২.৫ কেজি পেয়াজ। এই কর্মসুচিকে সামনে রেখে ইতিমধ্যে টিসিবির উপকারভোগী বাছাই শেষ হয়েছে। এখন শুধু কার্ড বিতরণের অপেক্ষায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াদুদ বলেন, উপজেলার সব ইউনিয়নে যাচাই-বাছাই শেষ হয়েছে। দুই এক দিনের মধ্যেই উপকারভোগীদের মাঝে এসব কার্ড পৌঁছে দেয়া হবে। আশাকরি আগামী ১৫ মার্চ তারিখ থেকে টিসিবির পন্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। প্রত্যেক ইউনিয়নে ৩ থেকে ৪টি স্পট নির্ধারণ করা হয়েছে, যাতে কোন ধরনের ভীড় ছাড়া উপকারভোগীরা সহজে টিসিবির পন্য ক্রয় করতে পারেন। টিসিবি ভ্রাম্যমান ট্রাকে নির্ধারিত ¯’ানে চলবে বিক্রি কার্যক্রম।  

বাগেরহাটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা ছাত্রলীগ। রবিবার (৬ মার্চ) বিকেলে বাগেরহাট জেলা ছাত্রলীগের নেতৃত্বে রেলরোড দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যা লী বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যাৃলীটি পুনরায় রেল রোড দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি ও জামাত-শিবিরের মদদে দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে দেশ বিরোধী চক্র। এটা কখনওই মেনে নেওয়া হবে না। বাগেরহাটে কোন জামাত-বিএনপির আশ্রয় হবে না। বাংলাদেশ ছাত্রলীগ সকল দেশ বিরোধী চক্রকে প্রতিহত করবে। ২০২৩ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অহবান জানান বক্তারা।

কৃষক লীগ নেতার পিতার শয্যাপাশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু

খবর বিজ্ঞপ্তি

পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙ্গে যাওয়ার কারণে রাজধানী ঢাকা শের-এ-বাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন পাইকগাছা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব, খুলনা জেলা কৃষক লীগের সদস্য এবং ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারি অধ্যাপক ময়নুল ইসলামের পিতা মোঃ হারুনার রশিদকে দেখতে গত শনিবার দুপুরে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু-সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এএইচ কামাল ও খুলনা জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক শিমুল দেবনাথ।

দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’

খবর বিজ্ঞপ্তি

 ভারতের বিশাখাপত্তনম-এ অনুষ্ঠিতব আন্তর্জাতিক নৌ মহড়া এ অংশগ্রহণ শেষে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ রবিবার চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। জাহাজটি চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

জাহাজটি গত ২৫ ফেব্রুয়ারি হতে ০৪ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম-এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া ঊঢ গওখঅঘ-২০২২ এ অংশগ্রহণ করে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূুঞা এর নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌসদস্য এই মহড়ায় অংশগ্রহণ করে। আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশে¡র ৪৬ টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যূতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য। উক্ত মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অরো জোরদার হবে বলে আশা করা যায়। এর আগে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে।

গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা নাসিরের স্ত্রীর ইন্তেকাল 

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড  বিএনপি নেতা মোঃ নাসির উদ্দিনের স্ত্রী শিল্পী বেগম (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না- রাজিউন) ৫ মার্চ  শনিবার রাত ১১ টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তাকে ফুলতলা উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন ।   তিনি স্বামী  ৩ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে যান। রবিবার সকাল ১১ টায় গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ে জানাযা শেষে কেডিএ আবাসিক এলাকার কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। সাবেক ইউপি চেয়ারম্যান এস.এ রহমান বাবুল, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, এনামুল হাসান ডায়মন্ড, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মোড়ল আঃ সোবহান, হারুনুর রশিদ, আবু সাইদ হাওলাদার আব্বাস, শেখ আঃ সালাম, সেলিম সরদার, কাজী মিজানুর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোঃ জামাল, মিনা মুরাদ, শেখ আনোয়ার হোসেন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ সেলিম, সাইফুল্লাহ তারেক, মোঃ বাচ্চু, বিল্লাল , যুবদল নেতা মোল্লা সোলায়মান, আল মামুন জুয়েল, আলমগির হোসেন, শাহাদাত হোসেন সাজু, ফয়সাল কবির বাবু, এনামুল , ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, জানাযায় ইমামতি করেন হাফেজ মোঃ গোলাম মোস্তফা।

পরিত্যক্ত জমিতে কুল চাষ, বছরে ৬ লাখ টাকা আয় শরিফুলের

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে শখের বশে পরিত্যক্ত জমিতে করা কুল বাগান থেকে শরিফুলের বাৎসরিক আয় ৬ লাখ টাকা। কুল চাষ করেই তার সংসারে এসেছে সচ্ছলতা। শরিফুলের এ সফলতায় প্রতিবেশীরাও ঝুঁকছে কুল বাগানে। শুধু মোল্লাহাটে নয়, বাগেরহাট জেলার প্রতিটি উপজেলার চাষিরাও ঝুঁকছেন কুল চাষে।

মোল্লাহাট উপজেলার ছোট খাচনা গ্রামের শিকদার শরিফুল ইসলাম (৫০)। বাড়ির জমি দেখা-শুনাই ছিল যার প্রধান কাজ। প্রতিবেশী শেখ এনছান উদ্দিনের বাগান দেখে শখ হয় কুল বাগান করার। শখের বশেই ২০১৭ সালে ৫২ শতক জমিতে আপেল কুলের বাগান করেন তিনি। প্রথমে ৭০ হাজার টাকা বিনিয়োগ করেন তিনি। মাত্র দুই বছরেই কয়েক লাখ টাকা লাভ হয় তার কুল বাগান থেকে। এরপর থেকে চাষ সম্প্রসারণের পরিকল্পনা করেন শরিফুল। মাত্র তিন বছর পরে ২০২০ সালে চার একর জমিতে কুল চাষ করেন তিনি। ভূমি উন্নয়ন, চারা ক্রয়, সার-ঔষধ ও শ্রমিক বাবদ ৫ লক্ষাধিক টাকা বিনিয়োগ ব্যয় হয় বাগানে। ওই বছরই দুই লাখ টাকা লাভ হয় তার। পরে ২০২১ সালে চার একর বাগানের ৩শ’ গাছ থেকে ৬ লক্ষাধিক টাকার কুল বিক্রি করেন তিনি। এবছরও ৬ থেকে ৭ লাখ টাকার কুল বিক্রি হবে বলে আশা করছেন শরিফুল। ইতোমধ্যে প্রায় চার লাখ টাকার কুল বিক্রি করেছেন তিনি।

জানুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত কুল বিক্রি করা যায়। এরপরেও কিছু কিছু কুল বিক্রি হয়। গাছ থেকে কুল তোলা, বাছা ও বাজারজাত করণের জন্য শরিফুলের সঙ্গে নিয়মিত আরও তিনজন শ্রমিক কাজ করেন। তিনি বলেন, আমরা তিনজন নিয়মিত কুল তোলা, বাছাই, বক্সে ভরার কাজ করি। সকাল থেকে বিকেল পর্যন্ত, অনেক দিন সন্ধ্যা পর্যন্তও কুল তুলতে হয় আমাদের। এর পরে বস্তা বা বক্সে ভরে বাজারে নিয়ে যাই। সেখান থেকে পাইকাররা নিয়ে যান। অনেক সময় মোল্লাহাট বাজার ও গোপালগঞ্জ জেলা সদরেও ভ্যান বা নসিমনে করে কুল নিয়ে যাই। কুল শেষের পরে গাছের ডাল ছাঁটাই, সার প্রয়োগ, পানি দেওয়াসহ কুল বাগানেই সারাবছর জুড়ে মাঝে মধ্যে কাজ করি।

শরিফুলের বোন নাসিমা বেগম বলেন, শরিফুল ২০১৭ সালের দিকে আপেল কুলের বাগান করার পর থেকে আর্থিক আমরা অনেক ভাল আছি। বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে সবাই যদি এভাবে কুলসহ অন্যান্য ফলের বাগান করে তাহলে সংসারে সচ্ছলতা আসবে বলে মনে করি।

স্থানীয় দিদার ফকির ফকির বলেন, শরিফুল ইসলাম ও শেখ এনছান উদ্দিনের কুল বাগান দেখে, আমি অনুপ্রাণিত হয়েছি। চারা ও অন্যান্য বিষয়ের জন্য শরিফল ভাইয়ের সাথে আলোচনা করেছি। আশাকরি এবছর শুরু করতে পারব।

সফল কুল চাষি শিকদার শরিফুল ইসলাম বলেন, স্বল্প সময় ও কম কষ্টে অধিক লাভ দেখে আমি কুল চাষ শুরু করি। আমার চাষ করা আপেল কুল খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও। এজন্য এই কুলের চাহিদা অনেক। পুরো সিজিন ধরে প্রতি কেজি কুল ৫০ থেকে ৯০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারি। আশা করি এবছর ৭ লক্ষাধিক টাকার কুল বিক্রি করতে পারব।

কুল বাগানের খরচ ও আয়ের বিষয়ে শরিফুল ইসলাম বলেন, চারা, শ্রমিক, ভূমি উন্নয়ন, সার ও ঔষধ দিয়ে এক একর বাগানের জন্য প্রথম বছর ১ লাখ টাকার মত ব্যয় হয়। এরপর থেকে একর প্রতি ব্যয় ২৫ থেকে ৩৫ হাজারে নেমে আসে। ভাল ফলন হলে প্রতি একর জমি থেকে ১ লাখ থেকে ২ লাখ টাকার কুল বিক্রি করা সম্ভব।

নতুন চাষিদের উদ্দেশ্যে শরিফুল ইসলাম বলেন, নতুন চাষিদের জন্য প্রথমে খেয়াল রাখতে হবে কুলের জাত বিবেচনা করা। বাণিজ্যিকভাবে অনেক কুলের চাষ হয়ে থাকে। এর মধ্যে তার নিজ এলাকার বাজারে যে জাতের কুলের সর্বাধিক চাহিদা রয়েছে এবং ফলন বেশি সেই কুল চাষ করা ভাল। তবে আমার ধারণা আপেল কুলে লাভ বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ আজিজুর রহমান বলেন, মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে এসব কুলের চাহিদা অনেক বেশি। বর্তমানে জেলায় অনেকই কুল চাষ শুরু করছেন। আমরাও কুল চাষিদের সব ধরনের কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি। এবার বাগেরহাট জেলায় ৩২৭ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৬৯৬ মেট্রিক টন। ভবিষ্যতে কুল আবাদের জমির পরিমাণ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

একই প্রতিষ্ঠানে চাকরি: ছোট ভাইয়ের বয়স ৩৭, বড় বোনের ৩৪

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত ভাইবোনের বয়স নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিউধারা জিউধারা এম বাজার নেছারিয়া দাখিল মাদ্রাসা নামের এই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত আপন ছোট ভাইয়ের বয়স তার বড়বোনের চেয়েও তিন বছর বেশি। ফলে বিষয়টি এখন সর্বত্র আলোচিত হচ্ছে।

সম্প্রতি এ মাদ্রাসায় ‘ন’ আদ্যাক্ষরের বড় বোনকে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখানে কাগজ পত্রে তার বয়স দেখানো হয়েছে ৩৪ বছর। অথচ এই প্রতিষ্ঠানে এর আগেই থেকেই চাকরিরত তার ছোট ভাইয়ের বয়স ৩৭ বছর।

জানা যায়, মাদ্রাসা কর্তৃপক্ষ ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর পত্রিকায় সার্কুলার দেয়। সে অনুযায়ী দু’টি পদে ১৩ জন প্রার্থী আবেদন করে। এর মধ্যে চতুর্থ শ্রেণির কর্মচারী (মহিলা) পদে ৭জন অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তির দীর্ঘ ৪ মাস পর গত ১৫ জানুয়ারি অন্য উপজেলার (রামপাল) একটি মাদ্রাসায় বসে গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়া হয় বলে অভিযোগ। নিয়োগ বোর্ডে ডিজি প্রতিনিধির প্রধান ঢাকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আ. হান্নান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. গফ্ফার হাওলাদার, যাচাই-বাছাই কমিটির প্রধান এম বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ ইয়াকুব আলী, সদস্য আলহাজ্ব মাস্টার নুর ইসলাম মৃধাসহ ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ বোর্ড’র প্রতিনিধিরা উপস্থিত থেকে দুই জনকে মাদ্রাসায় নিয়োগ প্রদান করেন।

এতে ‘ন’ আদ্যাক্ষরের বড় বোনের শিক্ষাসনদ, জন্ম নিবন্ধন সনদসহ অন্যান্য সব কাগজপত্রই তৈরি করা। ফলে তার বয়স ছোট ভাইয়ের চেয়েও ৩ বছর কম দেখানো হয়।

সোনিয়া ও শিল্পি আক্তার নামে দুজন চাকরির প্রার্থী জানায়,  এ ঘটনায় তারা শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ১২টি দপ্তরে অভিযোগ দিয়েছে।  প্রতারনামূলক এ নিয়োগ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ওই মাদ্রাসার সুপার মাও. মো. ইয়াকুব আলী বলেন, এই মাদ্রাসায় এই বোনের ছোট ভাই অফিস সহকারী হিসেবে চাকরি করছেন এটা সত্য কিন্তু আমি এ প্রতিষ্ঠানে সুপারিন্টেন্ডেন্ট হিসেবে আমি নতুন তাই নিয়োগ বোর্ডে দেওয়া কাগজ পত্র অনুযায়ী নিয়োগ দিয়েছি। তবে তার কাগজ পত্রে জালিয়াতির আশ্রয় নিলে চাকরিচ্যুতসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করানো হয়েছে এবং অভিযুক্তকে এখনই বেতন ভাতাদির আওতায় না নেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও তার কাগজ পত্র যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত চলছে, জালিয়াতি বা প্রতারণার আশ্রয় নিলে অবশ্যই সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. হেলাল উদ্দিন বলেন, সনদ জালিয়াতির বিষয়টি আমার জানা নেই। তবে প্রমানিত হলে তার ভাইসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাটের ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুকে দলের পদ থেকে অব্যহতি ও সাময়িক বহিস্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক রোববার এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, নিশানবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু অনৈতিক কার্যকলাপ, ব্যাপক দুর্নীতি, উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে অসাধাচরণ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মেতাবেক তাকে অব্যহতি ও সাময়িক বহিস্কার করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, তিনি এ বিষয়ে কোন চিঠি পাননি। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন ।

মেয়াদোত্তীর্ন ঔষধ সংরক্ষনে ক্লিনিককে এক লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, লাইসেন্স নবায়ন না থাকা, ধারন ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তিসহ বিভিন্ন অপরাধে আহম্মদ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশিম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই জরিমানার আদেশ প্রদান করেন। সেই সাথে ক্লিনিকটিকে একমাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরণের সংকট পূরণের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এই বিচারক।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশিম বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেই অংশ হিসেবে ফকিরহাট উপজেলা সদরের আহম্মদ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এসময়, ক্লিনিকটিতে সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যথাযথ ব্যবস্থা না থাকা, লাইসেন্সের মেয়াদ না থাকা, আসনসীমার অতিরিক্ত রোগী রাখার ব্যবস্থা এবং নিয়মিত মেডিকেল অফিসার না থাকা, রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ঔষধ সংরক্ষণের মত গুরুত্বর অসংগতি পাওয়া যায়। অবহেলা, দায়িত্বহীনতা ও অসতর্কতা দ্বারা সেবাগ্রহীতাদের স্বাস্থ্য বা জীবনহানী ঘটানোর আশঙ্কা প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় মালিকের পক্ষে ম্যানেজার ক্লিনিকের শেখ আকরাম হোসেনকে এক লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রেফ্রিজারেটরে সংরক্ষণ করা মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে। এক মাসের সময় মধ্যে লাইসেন্স নবায়নসহ ক্লিনিকের সকল ত্রুটি সমাধান করতে বলা হয়েছে। একমাস পরে আবারও ওই ক্লিনিক পরিদর্শণ করা হবে। সবকিছু স্বাভাবিক না থাকলে আবারও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাগেরহাটে  পিআইবির ৬ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে রবিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ [পিআইবি} আয়োজিত ৬ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির পরিচালক অধ্যায়ন ও প্রশিক্ষন মোহাম্মদ আফরাজুর রহমান।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা,সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার। এই প্রশিক্ষন পরিচালনার সমন্নয়কারী পিআইবির  প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতের সঞ্চালনায়  অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রশিক্ষনার্থী শরনখোলার সাংবাদিক মোহাম্মদ আলী, মোল্লাহাটের সাংবাদিক মোহাম্মদ আলী মোহন। দুটি বিষয়ে ২ ব্যাচে  বিভিন্ন গনমাধ্যমে বাগেরহাট জেলায় কর্মরত ৭০ জন সাংবাদিক  এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। ১ মার্চ  এ প্রশিক্ষন কর্মশালা শুরু হয়। মোবাইল বিষয়ক সাংবাদিকতার এই কোর্সটি শেষ হয় ৩ মার্চ। ১ম ব্যচের এ প্রশিক্ষনে ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। ২য় ব্যাচের প্রশিক্ষন ৪ মার্চ শুরু হয় এবং শেষ হয় ৬ মার্চ বিকালে। এ ব্যাচেও ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। ২য় ব্যাচে অনুসন্ধানমূলক রিপোটিং বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। ২য় ব্যাচে রিসোর্স পারসন হিসাবে প্রশিক্ষন প্রদান করেন ইনভেস্টিগেশন জার্নালিজিমের প্রধান মোঃ বদরুদ্দোজা বাবু ও বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মানিক। বাগেরহাট প্রেসক্লাবের ব্যাবস্থাপনায় এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

দাকোপের সেরা স্কুল চিলড্রেন পার্ক স্কুলে সফলতা

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন কতৃক সমগ্র বাংলাদেশ ব্যাপী ২০২১ এর বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়ে স্কুল সহ দাকোপ উপজেলার মুখ উজ্জ্বল করেছে দাকোপের সেরা প্রি-ক্যাডট স্কুলের শিক্ষার্থীরা। যে সকল শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করেছে তাদের প্রতি প্রি-ক্যডেড স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের পরিচালক সাগর সেন। প্রথম শ্রনীতে তিন”জনের মধ্যে দু”জন অনুঙ্কা রায় ও পুণ্য সরদার বৃত্তি পেয়েছে, দিতীয় শ্রনীতে ১১ জনের মধ্যে পাঁচজন যথাক্রমে রাইসা বাবুল পিউ, আরবার ফারহান, তৌফিক আলম ইফতি, অংকন ও মুস্তাফিজুর রহমান নাহিদ। দাকোপের এই প্র-ক্যাডেড স্কুলটি শির্ষ স্হানে পৌছে গেছে কেবল মাত্র স্কুলের পরিজালক সাগর সেন সহ স্কুলের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অনুশিলন ও অধ্যায়ণের কারণে এই সাফলতা অর্জন করতে সক্ষম হলো সাত জন শিক্ষার্থী।

সাতক্ষীরা থেকে বাই-সাইকেল চড়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলেন বৃদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা থেকে দুই চাকার বাই-সাইকেলে চেপে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলেন বৃদ্ধ জয়নাল আবেদিন। চোখেমুখে এখনও তারুন্যের দীপ্তি, দেহে এখনও শক্তি রয়েছে গর্ব করার মতো। বয়সের ভারে তবু ন্যুজ হয়ে পড়া মানুষটির অদম্য ইচ্ছাশক্তি তাকে টেনে নিয়ে চলেছে রাজশাহীর নওদাপাড়ায়। সেখানে আহলে হাদিসের এজতেমায় যোগ দেওয়ার পণ করেছেন তিনি।

সাতক্ষীরা সদর উপজেলার কাওনডাঙ্গা গ্রামের বৃদ্ধ জয়নাল আবেদিন একটি অতি সাধারন কৃষক পরিবারের মানুষ হিসেবে বড় হয়েছেন। বিপত্নীক বৃদ্ধ জয়নাল ইলামী বিধি বিধান ও অনুশাসন মেনে চলেন।

জয়নাল আবেদিন এবার নিয়ে ১৮ বার সাইকেলে চেপে আজ শনিবার সকালে সাতক্ষীরা থেকে রওনা হয়েছেন রাজশাহীর উদ্দেশ্যে। নিজের ব্যবহৃত সাইকেল চড়ে আহলে হাদিসের এজতেমায় যাওয়া জয়নাল আবেদিন বলেন ‘আমি কোনো কষ্ট বোধ করিনা। যাতায়াতের পথে দুই এক স্থানে যাত্রা বিরতি করে থাকি। হয়তো কোনো মসজিদে রাত কাটাই। নিজের কাছে থাকে শুকনো খাবার, থাকে কয়েকটি ট্যাবলেট। গ্যাস হলে কিংবা হজমে সমস্যা হলে তা খেয়ে নেই’। তিনি বলেন রাজশাহী পৌছাতে তার সময় লাগে দুই দিন ও এক রাত। এজতেমা শেষে একইভাবে বাই সাইকেলে চেপে আবারও ফিরে আসি বাড়িতে। তিনি আরো বলেন, রাতে সাইকেল চালাই না। তবে, সাতক্ষীরার তালা উপজেলা থেকে আবদুল বারী নামের আরও একজন সাইকেলে চড়ে রাজশাহী যান এজতেমার মাঠে। তার বয়স ৫৮ বলে জানান তিনি। আগামিতেও একইভাবে সাইকেল চড়ে রাজশাহী যেতে চাই উল্লেখ করে তিনি বলেন আমার দেহে বল, শক্তি ও দৃষ্টি ঠিক থাকলে কোনো সমস্যা হবে না।

দাওয়াত খেতে এসে বাড়ি ফেরা হলনা শিশু রিয়ামনির

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

নানার সাথে বিয়ের দাওয়াত খেতে এসে আর বাড়ি ফেরা হলনা রিয়ামনি নামের ছয় বছরের শিশুর। ইজিবাইক চাপায় গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোড়েলগঞ্জ ফেরিঘাট এলাকায় মৃত্যুবরন করে। ৬ মার্চ রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে বাগেরহাটের শরণখোলার দক্ষিণ কদমতলা গ্রামে স্থানীয় ইউপি সদস্য শরীফ খাইরুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় ঘটনাটি ঘটে।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্র জানায়, উপজেলার দক্ষিন কদমতলা গ্রামের মো. বেল্লাল তালুকদারের কন্যা বিয়ামনি তার নানা মোঃ শহিদুল ইসলামের সাথে স্থানীয় হারেজ শরীফের পূত্র শামীম শরীফের বিবাহ পরবর্তী বৌভাত অনুষ্ঠানে আসে। পরে চকলেট কেনার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় একই গ্রামের আবুল আকনের পূত্র মো. বেল্লাল আকনের বেপরোয়া গতির একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এত শিশুটির মাথা ও বুকে প্রচন্ড আগাত পায় এবং পাঁজরের একটি হাড় ভেঙ্গে বেরিয়ে যায়। ইউপি সদস্য খায়রুল শরীফ মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে এ্যাম্বুলেন্স যোগে খুলনা নেয়ার পথে মোড়েলগঞ্জের ফেরীঘাট এলাকায় বিকাল ৪টার সময় শিশুটি মৃত্যুবরন করে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশুর মৃতদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেবহাটা টাউনশ্রীপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটি গঠনে তথ্য গোপনের অভিযোগ

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটার উপজেলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেছে। আর এঘটনায় স্কুলের এক শিক্ষকও জড়িত আছেন বলে অভিযোগ উঠেছে। যার কারনে স্কুলের অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার পুনরায় শিক্ষা বোর্ড ও মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের দাবী জানিয়েছেন। জানা গেছে, স্কুলটির পূর্বের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ¦ আবুল কাশেম সভাপতি থাকাকালীন সময়ে নিজস্ব অর্থায়নে স্কুলের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার উন্নয়নে বিভিন্ন কাজ করেছেন। স্কুলটির প্রধান শিক্ষক আবুল কালামকে দূর্নীতি ও অনিয়মের অভিযোগে আবুল কাশেম প্রধান শিক্ষককে ১ বছরের মতো সাসপেন্ড করে রাখেন। পরে প্রধান শিক্ষক অন্যায় করার জন্য ক্ষমা প্রার্থনা করলে সভাপতি তাকে মাফ করে দেন। গত বছর ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলে আবুল কাশেমের সহধর্মীনি মনিরা বেগম মুন্নীকে এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়। পরে এডহক কমিটির মেয়াদ শেষ হলে করোনাকালীন সময়ের পরে শিক্ষা বোর্ড থেকে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়। তখন প্রধান শিক্ষক আবুল কালাম যাতে আবুল কাশেম পুনরায় সভাপতি হতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় এক সভাপতি ২ বারের বেশী হতে পারবেনা এমন নির্দেশনা বোর্ড দিয়েছে বলে অপপ্রচার দিতে থাকেন। আর প্রধান শিক্ষকের সাথে এই অপপ্রচারে স্কুলের আরেক সহকারী শিক্ষক সঞ্জীব ব্যানার্জী যোগ দেন। সঞ্জীব ব্যানার্জীও একই কথা প্রচার দেন। তাদের এই কথায় বিশ^াস করে ম্যানেজিং কমিটির সদস্যরা ভুল বুঝে গত ১ সপ্তাহ আগে নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করেন। নির্বাচন পরবর্তী প্রধান শিক্ষকের কারসাজি প্রচার হলে তখন সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রধান শিক্ষক আবুল কালাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কোন সদস্য নির্বাচনের বিষয়ে বা সভাপতি কাকে করবেন না করবেন সে বিষয়ে কোন কথা বলেননি তাই তিনিও কাউকে এবিষয়ে কিছু বলেননি। সহকারী শিক্ষক সঞ্জীব ব্যানার্জী বলেন, পূর্বের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলে এডহক কমিটির সভাপতি সভাপতি হিসেবে আবুল কাশেমের নাম বোর্ডে পাঠানো হলে বোর্ড সেটা গ্রহন না করলে আবুল কাশেমের সহধর্মীনি মুনিরা বেগমকে এডহক কমিটির সভাপতি করা হয় তিনি শুধু এটুকুই বলেছেন। প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমক সুপারভাইজার মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষক নির্বাচনের প্রক্রিয়া যেভাবে করেছেন সেভাবেই ম্যানেজিং কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়েছে। একটানা দুইবারের বেশী সভাপতি হতে পারবেন কিনা সেবিষয়ে তার কাছে কেউ কিছু শোনেননি তাই এবিষয়ে কোন আলোচনাও হয়নি। বর্তমানে স্কুলটির উন্নয়ন ও পরিবেশ স্বাভাবিক করতে সরকারী বিধিমালা মেনে যাতে পুনরায় আবুল কাশেমকে সভাপতি করা হয় সেজন্য সকল অভিভাবক ও এলাকাবাসী কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

শরণখোলায় জাটকা বিক্রির অপরাধে জরিমানা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ইলিশের পোনা বিক্রির অপরাধে বেলায়েত হোসেন (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করা হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদে চত্বরে ইউএনও মো. আজগর আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

জাটকাবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টার দিকে উপজেলার সাউথখালী ইউনয়িনের সুন্দরবন সংলগ্ন সোনাতলা তজুরগেট এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করে মৎস্য বিভাগ। এসময় তার আড়ত তল্লাশি করে এক ইঞ্চি সাইজের ৩৫ কেজি ইলিশের পোনা জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস জানায়, পোনাসহ বিক্রেতাকে আটক করার পর মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ৩৫ কেজি ইলিশের পোনা স্থানীয় দুটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।

কিছু অসাধু জেলে সুন্দরবনের ভোলা নদী থেকে ছোট ফাঁসের জাল দিয়ে পোনাগুলো আহরণ করে। একেকটি ইলিশের পোনা এক থেকে দুই ইঞ্চি সাইজের। তারা এই ইলিশের পোনাগুলোকে এলাকার হাটবাজারে চাবলি মাছ বলে বিক্রি করে আসছে।

কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির নেতৃত্বে  খাইরুল ও উজ্জল

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনা বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের হলরুমে মাসিক সাধারণ সভায় সংগঠনের প্রধান উপদেষ্ঠা ড. এস, এম, মাহবুবুর রহমান সহ সকল সদস্যদের উপস্থিতিতিতে আগামী এক বছরের জন্য পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিশ^বিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খায়রুল আলম সভাপতি ও এফএমআরটি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ¦লকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রুমানা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নাহার কেয়া, সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহবুব হাসান, অর্থ সম্পাদক মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক রাবিনা সুলতান, প্রচার সম্পাদক আলমগীর হোসেন সিয়াম, ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ, কার্য- নির্বাহী সদস্য মাসুদ রানা, মাহবুবা নাসরীন, বিবেক বর্মন, ফারুক হোসেন, তাপস দাস।

বটিয়াঘাটায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

বটিয়াঘাটা প্রতিনিধি:

দেশব্যাপি জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গত শনিবার বেলা পৌনে বারটায় অনুপম বিশ্বাসের সভাপতিত্বে ও মিজানুর রহমান মিজান’র পরিচালনায় এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন শেখ মোঃ হাদীউজ্জানান হাদী, মোঃ ওহিদুর রহমান, সোলায়মান শেখ, ডাঃ আসলাম শেখ, বিপুল রায়, খায়রুল ইসলাম, তরিকুল ইসলাম, সমর রায়, জহির রায়হান লালন, বিকাশ হালদার, ইমরান হোসেন, ইফতেখার, সেতু,সাধন বিশ্বাস, সজল আকুঞ্জি, বিপ্লব শেখ, সহিদ শেখ, মনিরুল ইসলাম, হাই বিশ্বাস, শশাঙ্ক মন্ডল, জসিম উদ্দিন, শফিকুজ্জামান, রিংকু, হায়দার আলী, আনন্দ সরকার, কবির শেখ, তরিকুল ইসলাম, এনামুল শেখ, আরিফুল ইসলাম, সুমন হাওলাদার, নুরু আকুঞ্জি, সুজয় রায় সুজিত, অলোক প্রমূখ।

বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির  প্রতিবাদে উপজেলা বাসষ্ট্যান্ড চত্বরে বিকাল ৪ টায় এক  বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি আবু হোসেন বাবু। বিশেষ অতিথির বক্তৃতা করেন মোল্লা খায়রুল ইসলাম, ফারুক খোন্দকার, এজাজুর রহমান শামীম, সাইফুর রহমান, জাহিদুর রহমান বাবু, সুদীপ্ত মল্লিক, রুহুল মোমেন লিটন, ইমরান হোসেন, ওলিয়ার রহমান, সেলিম হাওলাদার, রাকিব ফকির, আবুবক্কর সিদ্দিক নিরু, বাহাদুর মুন্সি।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে: আ.ক.ম মোজাম্মেল হক

তথ্য বিবরনী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বড় করতে হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে কুয়েট এই অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা মহানগর ও জেলার ৫১ জন বীর মুক্তিযোদ্ধাকে কুয়েট অডিটোরিয়ামে রবিবার এই সংবর্ধনা দেওয়া হয়।  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম যেন স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা রেকর্ড করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। একসময় মুক্তিযোদ্ধারা থাকবেন না কিন্তু তাদের কন্ঠের এই রেকর্ড যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর ২৯ বছর দেশটা পেছন দিকে হেটেছে। গত এক দশকে যে উন্নয়ন হয়েছে আগের ৩০ বছরেও তা হয়নি। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে উন্নত দেশে উন্নীত হবে। মুক্তিযোদ্ধাদের উন্নয়নে সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা-বোনাস বাড়ানো হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখার ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধের স্থান, বধ্যভূমি ইত্যাদি সংরক্ষণ ও স্মৃতিসৌধ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ।

জাতীয় পরিবেশ পদকের জন্য আবেদন আহবান

তত্য বিবরনী

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জাতীয় পরিবেশ পদক-২০২২ এর জন্য আবেদন আহবান করা হয়েছে। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরীতে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে অথবা তার পক্ষে অন্য কেউ পদকের জন্য পরিবেশ অধিদপ্তর অথবা সংশ্লিষ্ট কমিটির নিকট মনোনয়ন প্রেরণ করতে পারবে। প্রত্যেক আবেদনপত্রের মনোনয়ন দাখিলকারীর স্বাক্ষর ও পূর্ণ ঠিকানা থাকতে হবে এবং প্রস্তাবিত প্রার্থীর পরিচিতি, ঠিকানা এবং পরিবেশ বিষয়ক কর্মকান্ডের বিস্তারিত বিবরণ ও এসংক্রান্ত প্রামাণ্য কাগজপত্র/ভিডিও চিত্র (যদি থাকে) সংযুক্ত করতে হবে। আগামী ৫ জুন বিশ^ পরিবেশ দিবসের অনুষ্ঠানে বা সরকার কর্তৃক নির্ধারিত যে কোন সুবিধাজনক সময়ে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে/তার পক্ষে কেউ পরিবেশ আইন লংঘন, পরিবেশ বিরোধী অথবা অনৈতিক কর্মে জড়িত থাকলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না।

আগামী ১৫ মার্চ তারিখ পর্যন্ত খুলনার বয়রাস্থ পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে। 

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) খুলনার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের বেগম মুন্নুজান সুফিয়ান অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপত্বি করেন খালিশপুর স্বাশিপের সভাপতি শেখ জাহিদুজ্জামান, প্রধান অতিথি ছিলেন স্বাশিপের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মোঃ দেলোয়ার হোসেন। অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ বক্তৃতা করেন স্বাশিপ খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সম্পাদক এডিএম আরিফ বিল্লাহ, জেলা সম্পাদক মোঃ মনিরুজ্জামান, মোঃ রবিউল ইসলাম পলাশ, মিতা বাগচী, শহিদুল ইসলাম, মনিরা খাতুন, আব্দুল্লাহ হেল বাকী, মোঃ তরিকুল ইসলাম, মোঃ মাহবুব রহমান,মোঃ ইউনুস আলী, মোঃ আনিছুর রহমান, মোঃ আব্দুল গফফার, মোঃ নজরুল ইসলাম, মোঃ শাওন, মোঃ কাওছার আলী, মোঃ শহিদুল হক, খন্দকার আব্দুল হালিম, গোলাম রসুল বাদশা, অভিজিৎ কুমার মন্ডল, প্রীতিশ কুমার রায়, মোঃ লুৎফর রহমান. শেখ মোঃ তৌহিদুল ইসলাম, বিনোদ বিহারী বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বে-সরকারি শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদুল ফিতরের পূর্বে শতভাগ উৎসব ভাতা প্রদান করতে সরকারের প্রতি জোরালো দাবী জানান। এবং স্বাশিপের শিক্ষা জাতীয়করণের দাবী সহ ৮ দফা দাবী পূরণের দাবী জানান।

খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২১ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ৬ মার্চ (রবিবার) সকাল ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান মোঃ হাসান হাওলাদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসান, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, সহকারী অধ্যাপক বায়জিদ খান ও প্রভাষক ফারহানা হক। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সায়াদ বিন মোস্তফা ও অলব্রাইট বাড়ই। সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থী শাকিল উদ্দিন রিমন ও বিজুরিয়া ইসলাম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষ্যে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহেশপুরে ভারতীয় মদসহ দু’ ব্যবসায়ী আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ভারত থেকে চোরাই পথে বিভিন্ন ব্যান্ডের মদ নিয়ে ঢাকায় যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ খালিশপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ২২ বোতল মদসহ ব্যবসায়ী গাজিউর রহমান (৩৮) ও মেহেদী হাসানকে (৪০) আটক করেছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আব্দুল জলিল ও এস আই আসাদ মিয়া খালিশপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় মদসহ মহেশপুর উপজেলার ইশালডাঙ্গা গ্রামের আয়ুব হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী গাজিউর রহমান ও কোটচাঁদপুর পৌর এলাকার মৃত খালেক শেখের ছেলে মেহেদী হাসানকে আটক করে।

এ ঘটনায় মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।   

মহেশপুরে শুত্রুতার কারনে এক ব্যক্তিকে পিটিয়ে সর্বস্ব ছিনতার করা হয়েছে

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা নগত টাকা,মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুরের মিয়াবাড়ীর মোড় নামক স্থানে।

এলাকাবাসী জানান, শনিবার বিকালে যাদবপুরের আনছার মোড় এলাকার মৃত গোলাম রসুলের ছেলে আব্দুল কুদ্দুস বাজার থেকে বাড়ী যাওয়ার সময় উত্তর পাড়ার ঝুমুর শেখ,লিমন হোসেন,শাকিল আহাম্মেদ ও ইমরান হোসেন তাকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা নগত টাকা ও মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত আব্দুল কুদ্দুসকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে।      

এঘটনায় আহত আব্দুল কুদ্দুস নিজেই বাদি হয়ে উল্লেখিতদেরকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।

করমজলে একটি বটাগুরবাস্কা ৩৪টি ডিম দিয়েছে, বাচ্চা ফুটবে ৬০/৬৫ দিনে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনে দেশের একমাত্র করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের একটি বাটাগুরবাস্কা কচ্ছপ ৩৪ টি ডিম দিয়েছে। শনিবার রাতে প্রজনন প্রকল্পের পুকুর পাড়ের স্যান্ডবিজে (বালুর মধ্যে) এ ডিম দেয় কচ্ছপটি।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, কচ্ছপের ডিম দেয়ার পরিবেশ উপযোগী করে আগে থেকেই প্রকল্পের পুকুর পাড়ে বালুর স্যান্ডবিজ তৈরি করে রাখা হয়েছিলো। সেখানে শনিবার রাতে ডিম দেয় প্রকল্পের একটি কচ্ছপ। এরপর রবিবার সকালে স্যান্ডবিজ থেকে ডিমগুলো তুলে ইনকিউভেশন (বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ) করা হয়েছে। বালুর স্যান্ডবিজ থেকে তুলে বাচ্চা ফুটানোর জন্য আবারো বালুর ইনকিউভেশনে রাখা হয়েছে ডিমগুলো। ইনকিউভেশনে সঠিক তাপমাত্রায় (২৭/২৮ ডিগ্রি সেলসিয়াস) ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে এ ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। গত বছর অর্থাৎ ২০২১ সালে এ প্রকল্পের ৪টি কচ্ছপ ৯৬টি ডিম দেয়। তারমধ্যে ৭৯ টি বাচ্চা ফুটে। আর ২০২০ সালে ২টি কচ্ছপের দেয়া ৫৬টি ডিমে বাচ্চা হয় ৫২টি। যার গড় বাচ্চা ফুটার হার ৯০ ভাগ ও তার চেয়েও বেশি। এবারও অন্তত ৯০ ভাগের মতই ডিমের বাচ্চা পাওয়া যাবে বলে আশাবাদী বনবিভাগ। এছাড়া আরো একটি কচ্ছপ দুই একদিনের মধ্যে ডিম দিবে জানান বন কর্মকর্তা মোঃ আজাদ কবির।

করমজল কচ্ছপ প্রজেক্টের ষ্টেশন ম্যানেজার আঃ রব জানান, ২০১৪ সালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে গড়ে তোলা হয় দেশের বিলুপ্ত প্রায় বাটাগুরবাস্কা কচ্ছপের প্রজনন প্রকল্প। শুরুতেই ৪টি পুরুষ ও ৪টি নারী কচ্ছপ দিয়েই এ প্রজনন কার্যক্রম শুরু হয়। ২০১৭ সাল থেকে এ প্রকল্পে কচ্ছপ ডিম দিতে শুরু করে। বর্তমানে এ প্রজেক্টে ছোট বড় মিলিয়ে ৪শ ৩৬ টি কচ্ছপ রয়েছে। মুলত বিলুপ্ত প্রায় বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের বংশবিস্তার, প্রজনন, খাদ্যাভাস, আচরণ ও বিচরণক্ষেত্রসহ নানা বিষয়ে জানতে গবেষণার জন্যই এ প্রকল্প চালু করে বনবিভাগ। বনবিভাগের এ প্রকল্পের সাথে রয়েছে অস্ট্রিয়ার জুভিয়েনা, আমেরিকার টিএসএ ও ঢাকার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তবে এ প্রকল্পটি সফলতার দিকেই অগ্রসর হচ্ছেন বলে জানিয়েছেন কচ্ছপ প্রকল্পের ষ্টেশন ম্যানেজার আঃ রব।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও ভারতীয় নাগরিক অরবিন্দের ঝুলন্ত লাশ উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও ভারতীয় নাগরিক অরবিন্দ কুমার শ্রীবাস্তার (৪১) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে মোংলা বন্দর শিল্প এলাকার দিগরাজ এলাকার নাসির উদ্দিন হাওলাদারের ভাড়া বাসা থেকে ভারতীয় এ নাগরিকের লাশ উদ্ধার করা হয়। অরবিন্দ বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের হিসাব বিভাগের সহকারী ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তার চাকুরীর পিপি নম্বর আর-২২৫৪২০৬।

এ ঘটনায় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রবিবার দুপুরের দিকে অরবিন্দের অপর সহকর্মীদের দেয়া খবরে ভারতের নাগরিক অরবিন্দ কুমার শ্রীবাস্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে নিজেই তার ঘরের দরজা ভিতর দিয়ে আটকে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সে দিগরাজ এলাকার নাসির উদ্দিন হাওলাদারের পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তবে পরিবারের অন্য কোন সদস্য তার সাথে থাকতেন না। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে, কারণ তার রুমের দরজা ভিতর দিয়ে দেয়া ছিলো। আমরা দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করেছি। লাশের ময়নাতদন্তের জন্য বিকেলেই বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

মহেশপুর এসবিকে ইউনিয়নে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১নং এসবিকে ইউনিয়ন পরিষদ সচিব জহুরুল হক ও উদ্যোক্তা রেখা খাতুনের বিরুদ্ধে জন্ম নিবন্ধন ও নাম-বয়স সংশোধনী সনদ প্রদানে নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সচিবের এ বাণিজ্য নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দেশে শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী জন্ম নিবন্ধনের কোনো ফি নেওয়া হয় না। তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উপজেলার এসবিকে ইউনিয়ন পরিষদ সচিব জহুরুল হক সরকারি বেঁধে দেওয়া টাকার জায়গায় নিজেই নতুন নিয়ম করেছেন। সে নিয়মে প্রতি জন্ম নিবন্ধনে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

জন্ম-নিবন্ধন নিতে আসা কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, জন্মনিবন্ধন নিতে গেলে নানা কাগজপত্রের ভুল ধরেন এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দিলেই কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলেন উপজেলায় যোগাযোগ করেন। তবে ইউনিয়ন পরিষদে এ অভিযোগ নতুন নয়। সরকারি নিয়ম উপেক্ষা করে ইউপি সচিব জহুরুল হক জন্ম নিবন্ধন সনদে অতিরিক্ত ফি আদায় করেন বলে অনেকেই অভিযোগ করেছেন। তবে জন্ম নিবন্ধন মানেই ভোগান্তি। এটা দেখারও কেউ নেই বলে জানান স্থানীয়রা।

অত্র ইউপি’র হাটখালিশপুর গ্রামের দিলিপ কুমার দাসের ছেলে হৃদয় বলেন, পুরাতন জন্ম নিবন্ধন ভুল আছে এটা সংশোধন করে ডিজিটাল করতে হলে বিভিন্ন দপ্তরে অনেকবার যেতে হয়েছে। তাই তিন হাজার টাকা দাবি করেন তিনি। পরে ওই জন্ম সনদ উঠাতে ২ হাজার ২০০ টাকা নেন উদ্যোক্তা রেখা খাতুন।

ইউপি সচিব জহুরুল হক জানান, সরকারি ফি ৫০ টাকা করেছে ঠিক আছে। এখানে পরিষদ বাবদ কিছু খরচ আছে। তাই সবকিছু খরচ ধরে প্রতিজনের কাছ থেকে ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে। সনদপত্রে ভুল থাকলে একটু বেশি লাগে। ইউনিয়ন পরিষদের ডিজিটাল ই-সেবার উদ্যোক্তা রেখা খাতুন এ ব্যাপারে স্পষ্ট করে কোন উত্তর দিতে পারেননি। এ বিষয়ে এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান বলেন, এ বিষয়টি নিয়ে তাকে সর্তক করা হয়েছে। যদি না শোনে তাহলে জেলা প্রশাসকের কাছে জানানো হবে। দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।

বেনাপোল বন্দর দিয়ে অনির্দিস্টকালের জন্য দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ

বেনাপোল প্রতিনিধি                                 

বেনাপোল বন্দর দিয়ে রবিবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে অনির্দিস্ট কালের জন্য। বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন অনির্দিস্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দিয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষর দায়ের করা মামলা ও বাতিলকৃত সিএন্ডএফ লাইসেন্স প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে আমদানি-রফতানিসহ সব ধরনের পন্যখালাশ কার্যক্রম বন্ধ করে দিয়েছে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো। ফলে দু’পাড়ে পচনশীল পণ্যসহ আটকা পড়েছে কয়েক হাজার পন্য পণ্যবাহী ট্রাক।

গত ২ মার্চ ভারত থেকে বন্ড লাইসেন্সের (শুল্কমুক্ত) মাধ্যমে আমদানিকৃত ডেনিম ফেব্রিক্স’র ২টি চালান বহনকারী ভারতীয় ট্রাকের মধ্যে লুকিয়ে আনা প্রায় অর্ধকোটি টাকার আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, বিস্ফোরক দ্রব্য, সিগারেট, কারেন্ট জাল  শাড়ি, থ্রি-পিসসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনার সঙ্গে ভারতীয় ট্রাকচালকরা সরাসরি জড়িত থাকলেও তাদের ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ সিএন্ডএফ ব্যবসায়ীদের।

ডেনিম ফেব্রিক্সের আমদানিকারক অনšত ফ্যাশন লিমিটেড ও আইডিএস গ্রুপ লিমিটেড। আটকের পর বুধবার বেনাপোলের সিএন্ডএফ শিমুল ট্রেডিং এজেন্সি ও আইডিএস গ্রুপ নামে দুটি সিঅ্যান্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করেছে কাস্টম কর্তৃপক্ষ। পরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের শাসুল ইসলামের নামেও বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার সুষ্ঠু তদšত ও ভারতীয় ট্রাক চালকদের আটক না করে সিঅ্যান্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল ও কর্মচারীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে ৩ মার্চ সকালে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও  ্রটাক ও ট্যাং লড়ি শ্রমিক ইউনিয়নের  গতরাতের যৌথসভায় আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধাšত হয়। লাইসেন্স পুনর্বহাল, ও মামলা প্রত্যাহার না করা পর্যšত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত না করে সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মামলা প্রত্যাহারসহ কাস্টমস কর্মকর্তাদের হয়রানি বন্ধ না হলে অনির্দিস্টকালের জণ্য আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধাšত নেয়া হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারতীয় একশ্রেণির ট্রাকচালকরা অর্থের লোভে দীর্ঘদিন ধরে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে বৈধ আমদানি পণ্যের ট্রাকে চোরাচালানি সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ পণ্য পাচার করছে। ইতিমধ্যে বেশ কয়কটি চালানও আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। এ অচলাবস্থা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের হস্থক্ষেপ কামনা করেছেণ।

বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া বলেন, গত ২ ফেব্্রুয়ারি মিথ্যা ঘোষণায় বৈধ চালানের আড়ালে ফেনসিডিল, সিগারেট, ভারতীয় মদসহ বিভিন্ন চোরাচালান পণ্যসহ বন্দর থেকে ভারতীয় একটি ট্রাক আটক করা হয়। এ অভিযোগে দুটি সিঅ্যান্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। অবৈধ পণ্য আমদানির অভিযোগে থানায় মামলাও করা হয়েছে। আমদানি-রফতানিসহ কার্যক্রম চলমান রাখতে সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা চলছে।

সর্বশেষ বেনাপোল কাস্টমস হাউসে কাস্টমস কর্মকর্তাদের  সাথে আন্দালনরত ৫ টি সংগঠনের নেতৃবৃন্দের সাথে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয় উদ্বুত পরিস্থিতি নিয়ে। অনুষ্ঠানে কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সভাপতিত্বে বিরাজমান বিভিণ্ন সমস্যা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসু হয়নি। 

ঝিনাইদহে কলেজ ছাত্রীকে অপহরণের প্রতিবাদ ও উদ্ধারের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিকা আশরাফ প্রমি অপহরণের প্রতিবাদ ও উদ্ধারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে তার সহপাঠীরা।

রোববার সকালে শহরের কেজি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে ঘন্টা ব্যাপী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।

প্রমির পিতা আশরাফুদ্দৌলা খোকন জানান, শনিবার বিকেলে প্রমি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন প্রমি জোরর্পূবক তুলে নিয়ে যায় মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সেই সময় প্রমি আত্মচিৎকার করেছে। কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি গাফফারের শাস্তি চাই।

সানজানা ইসলাম ওহি নামের এক সহপাঠী বলেন, প্রমি খুবই মেধাবী ছাত্রী। তার চলাফেরা খুব ভালো। আমার সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপরহরণ করে নিয়ে গেছে আমরা তাদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। তার যদি কোন ক্ষতি হয় আমরা তার উদ্ধার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

ঘন্টব্যাপী চলা এই কর্মসূচীতে শিক্ষার্থীরা প্রমিকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবী জানান। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচী প্রত্যাহার করে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, অপহরণের ঘটনায় থাকায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মহেশপুরে সীমান্তে আটক ১৬ জন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী-পুরুষ ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। রবিবার সকালে উপজেলার যাদবপুর ইউপির বড়বাড়ী সীমান্ত থেকে ১৩ জন ও নেপা ইউপির নেপা বাজার থেকে ৩ জনকে  আটক করে।আটককৃতদের মধ্যে ১০জন পুরুষ, ২জন নারী ও ৪জন শিশু রয়েছেন। আটককৃতরা হলেন চট্টগ্রাম জেলার হিমেল চৌধুরী (৪০), খুলনার জুলফিকার আলী মোল্যা (৪৭) গোপালগঞ্জের মুছা শেখ (৩৬) আলাউদ্দিন শেখ (৩২) রেজাউল করিম সরদার (৩৫) হামিদা খাতুন (২৬) মোঃ ইয়াছিন শেখ (০৯) লাজমি আকতার (০৭) লাইজু আকতার (০৮) জয়ন্তী বিশ্বাস (৪২) গোপাল বিশ্বাস (৪০) সুমিত্র বিশ্বাস (১৫) যশোর জেলার নয়ন হোসেন (১৯), নাজমুল হোসন (২২) বিপ্লব হোসেন (২৩) ও নারায়ণগঞ্জ জেলার গোপাল চন্দ্র বর্মন (২২)।

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা কালে যাদবপুর সীমান্ত থেকে ১৩ ও নেপা সীমান্ত থেকে ৩জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে: শ্রম প্রতিমন্ত্রী

তথ্য বিবরনী

‘সোনালি আঁশের সোনার দেশ-পরিবেশবান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার খুলনায় জাতীয় পাট দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর শহিদ হাদিস পার্কে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। শ্রম প্রতিমন্ত্রী জাতীয় পাট দিবসে পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং ডিউটি তুলে নেওয়া এবং বাণিজ্য বাধা দূর করার জন্য ভারতের কাছে দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পাট শিল্পের আধুনিকায়ন করা হলে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং ডিউটি প্রত্যাহার করলে শীঘ্রই আমাদের পাট শিল্পের সুদিন ফিরে আসবে। সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাটচাষীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি পাট শিল্পের সম্প্রসারণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, জাতির পিতা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পাটখাতকে সুসংহত ও গতিশীল করার উদ্যোগ নিয়েছিলেন। এসময় খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, খুলনা পাট অধিদপ্তরের সহাকরী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে পাট দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। রোববার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির জেলা শাখা। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা, দেশের দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যর্থতা উল্লেখ করে সরকারকে পদত্যাগ করার দাবী জানান।

শোরে দু’টি মটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত ২-আহত ২

নিজস্ব সংবাদদাতা বেনাপোল,

বেনাপোল-যশোর মহসড়কের শ্যামলীগাছি এলাকায় দু’টি মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ২ জন। আহত হয়েছেন মোটর সাইকেলের দ’ুজন আরহী ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার রাত সাড়ে আটটায় বেনাপোল-যশোর মহসড়কের শ্যামলীগাছি এলাকায় বিপরীতমূখী দু’টি মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন ২ জন। 

নিহতরা হচ্ছেন, আশরাফুল আলম (৪৫) ও মোহিন (৩৫)নামে দুইজন নিহত হয়েছে ।এ সময় আহত হন ২ জন। নিহত আশরাফুল ইসলাম বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামে রমজান আলীর ছেলে ও মহিন একই গ্রামের আঃ খালেকের ছেলে।   

শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদšেতর জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে।

দাকোপে সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারী সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে এ কথা উল্লেখ করে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি বলেন, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যেক সরকারি কর্মকর্তা, কর্মচারি ও জন প্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তাহলে সরকারের লক্ষ্যমাত্রা ৪১ সালের আগেই এদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশেষ পরিচিতি লাভ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি গৃহহীন অসহায় পরিবারের জন্য জায়গাসহ পাঁকাঘর নির্মাণ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রোববার দুপুর সাড়ে ৩ টায় দাকোপ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ রাশেদ হাসান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ আননূর যায়েদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, সমাজসেবা কর্মকর্তা প্রবির রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আকতার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক এস এম মামুনুর রশিদ। মতবিনিময় সভায় দাকোপের বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলো সমাধানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরবেন বলে আশ্বাস দেন। এরপর তিনি দাকোপের খোনা এলাকায় মুজিব বর্ষের ৩য় পর্যায়ের ঘর নির্মান কাজ পরিদর্শন করেন। তিনি কাজের গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদসহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির খুলনা মহানগরী ও জেলা শাখার নব গঠিত আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৮নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ফজলুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক। নবগঠিত আহবায়ক কমিটি দলকে আরও সু-সংগঠিত করে চলমান আন্দোলন কে ত্বরান্বীত করবেন এমন আশাবাদ ব্যক্ত করা হয়।

নগরীতে দু:স্থ পরিবারের মাঝে বিএনপির ভোজ্য তেল বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, সরকার নিয়ন্ত্রিত ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই বাজারে দ্রব্যমূল্য বাড়ছে। তাদের সম্মিলিত লুটপাটের মাশুল দিচ্ছে দেশের সাধারণ মানুষ। অতীতের সব রেকর্ড ভেঙ্গে জিনিপত্রের দাম লাগামহীন ভাবে বাড়লেও তা নিয়ন্ত্রণে সরকারের কোন সংস্থার কার্যত কোন উদ্যোগ নেই। তিনি বলেন, বিএনপি জনগনের দল বলেই গত এক যুগ শাসক দলের শত অত্যাচার নির্যাতন সহ্য করেও সকল দু:সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। দলীয় বিবেচনায় সুবিধাভোগ নয়, রমজান মাসে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কার্ড যাতে প্রকৃত অসহায় দু:স্থরা পান তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

রবিবার (৬ মার্চ) ২৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দু:স্থদের মাঝে ভোজ্য তেল বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং গণমানুষের নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধায়নে পালিত হয় এ কর্মসূচি। বেলা সাড়ে ১১টায় নগরীর ইসলামপুর রোড কাজী বাড়ি চত্ত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়কবৃন্দ কাজী মো: রাশেদ, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ। উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য বেগ তানভিরুল আযম, হুমায়ুন কবির, এহতেশামুল হক শাওন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, আফসারউদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, জাফরী নেওয়াজ চন্দন, বিএনপি নেতা মঈদুল হক টুকু, এইচ এম আসলাম, জাহাঙ্গীর হোসেন, মাহবুব উল্লাহ শামীম, হুমায়ুন কবির চৌধুরী, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, কাজী মিজানুর রশিদ, শেখ বায়েজীদ হোসেন, মাসুদ খান, সাইদুল ইসলাম, সোহাগ, হান্নান, সরোয়ার, আবুল কালাম, ইস্তিয়াক আহমেদ ইস্তি, রাসেল, বশির, মেহেদী, আবুল কালাম প্রমুখ।

চোখে ধুলা দিয়ে হাসপাতাল থেকে নবজাতক চুরি

যশোর অফিস

যশোর শিশু হাসপাতাল থেকে দিনদুপুরে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বারবার হাসপাতাল বেডে মূর্ছা যাচ্ছেন মা আসমা খাতুন। চিৎকার করতে করতে কান্নাজড়িত কণ্ঠে বলছেন, ‘আমার বুকের ধনরে এনে দেও।’ তার কান্নায় ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা একে একে ভিড় করতে থাকে তার কাছে। জানতে পারেন তার ৮দিন বয়সী একমাত্র সন্তনাটি চুরি হয়ে গেছে।

নবজাতকটির স্বজন, দায়িত্বরত নার্স, স্টাফ ও নিরাপত্তা প্রহরীর চোখে ধুলো দিয়ে এক নারী রোববার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটায়। চুরি হওয়া শিশুটির বয়স ৮ দিন। ওই শিশুটির মা আসমা খাতুন ও বাবা মেহেদী হাসান জনি ঝিনাইদহের কালিগঞ্জ পৌর শহরের বাসিন্দা। সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন শিশুটির মা, বাবাসহ স্বজনরা।

১ বছর আগে কালিগঞ্জ পৌর শহরের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের দপ্তরি মেহেদী হাসান জনির সঙ্গে বিয়ে হয় কোটচাঁদপুরের গাংনা এলাকার আসমা খাতুনের। ২৭ ফেব্রুয়ারি কালিগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের সংসারে আসে প্রথম সন্তান।

জন্মের পরপরই ছেলে নবজাতকটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে ওইদিন রাতেই স্থানীয় ক্লিনিকের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর শিশু হাসপাতালে রেফার্ড করেন। শিশু হাসপাতালে ৭ দিন চিকিৎসা শেষে রোববার বেলা ১১টার দিকে চিকিৎসক নবজাতককে সুস্থ ঘোষণা করে রিলিজ দেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটির বাবা তাদের সবাইকে বাড়িতে নেওয়ার জন্য গাড়ি আনতে গেলে শিশুটির মা ও নানির চোখ ফাঁকি দিয়ে বোরকা পরিহিত ৪০ বছরের এক নারী হাসপাতাল থেকে বের হয়ে যান। পরে তারা ওই নারীকে পুরো হাসপাতাল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানান।

একমাত্র সন্তানকে হারিয়ে বারবার হাসপাতাল বেডে মূর্ছা যাচ্ছে মা আসমা খাতুন। তিনি বলেন, ‘সংসারে প্রথম সন্তান হয়েছে; তাও ছেলেসন্তান। আমার শ্বশুরবাড়ি ও স্বামীর বাড়িতে আনন্দের বন্যা বইছে। সন্তান হওয়ার পরে ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। তাই দ্রুত যশোর শিশু হাসপাতালে নিয়ে আসি। এখানে ৭ দিন চিকিৎসা শেষে আজ দুপুরে বাড়ি নেওয়া কথা ছিলো। তার আগেই আমার সোনার মানিকরে চুরি করে নিয়ে গেছে। আমি এখন কাকে নিয়ে বাঁচব। সবাই আমার বুকের ধনরে খুঁজে বের করে দেন।’

নবজাতকের বাবা মেহেদী হাসান জনি বলেন, সকালে হাসপাতালের চিকিৎসক রাউন্ড শেষে আমার ছেলেকে রিলিজ দিয়ে দেয়। তার পর ছেলে ও তার মাকে বাড়ি নেওয়ার জন্য একটা ইজিবাইক আনতে গিয়েছিলাম। নিচে ইজিবাইক দাঁড় করে এসে শুনি আমার ছেলেকে কে যেন চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও আমার ছেলেটার খোঁজ পাইনি।

শিশু হাসপাতলের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ নূর ই হামিম বলেন, নবজাতক চুরি যাওয়ার ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং পুলিশ প্রশাসনকে জানাই। এখানে আমাদের কোনো নিরাপত্তার ঘাটতি ছিলো না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) তাসমীম আলম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে। উল্লেখ্য, গেল দেড় বছরে শহরের বিভিন্ন হাসপাতাল থেকে আরও তিনটি শিশু চুরির ঘটনা ঘটেছে।

বিকেলে বেরিয়েছিল শিশুটি, রাতে আড়ার সঙ্গে ঝুলছিল মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি।।

প্রতিদিনের মতো গত শনিবার বিকেলেও খেলতে গিয়েছিল কুষ্টিয়ার মিলপাড়ার সাত বছরের শিশু সুরাইয়া পারভীন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরে রাত ৭টার দিকে বাড়ির পেছনের টিনের একটি ঘরের আড়ার সঙ্গে তাকে গলায় কাপড় পেঁচানো অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। হত্যার ঘটনাকে পরিকল্পিতভাবে ‘আত্মহত্যা’ হিসেবে দেখাতে মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরের নানা স্থানে ক্ষতিচহ্ন রয়েছে। তবে পুলিশ ও ময়নাতদন্তকারীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ সময় সুরাইয়ার বাবা-মা ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে। তারা হত্যার সুষ্ঠু তদন্ত ও ঘাতকদের কঠোর বিচার দাবি করেন।

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেল হোসেন। তার দুই মেয়ের বড়টির নাম সুরাইয়া। স্থানীয় আলাউদ্দিন আহমেদ একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। ফুটফুটে সুরাইয়া এলাকার সবার কাছেই ছিল অতি আদরের। ৪৫ দিন আগে সুরাইয়ার ছোট বোনের জন্ম হয়। এতে সে আরও খুশি হয়। বোনকে আদর করেই সময় কাটত তার।

রুবেল হোসেন এ হত্যার জন্য অভিযুক্ত করেছেন প্রতিবেশী রেজাউল ইসলাম ওরফে রেজনের ছেলেদের। তার তিন ছেলে সিরাজুল, মিরাজুল ও রেজাউলকে সন্দেহ তাদের। ঘটনার পর থেকে তারা বাড়ি ছাড়া।

সুরাইয়ার মা ইমা খাতুন জানান, তার মেয়ে চঞ্চল ও ফুটফুটে হওয়ায় খুব একটা বাড়ির বাইরে বের হতে দিতেন না। তবে মাঝেমধ্যে সে খেলতে চলে যেত। শনিবার মাগরিবের আজানের অনেকক্ষণ পরও সে না ফেরায় তিনি তাকে খুঁজতে বের হন। এলাকার মসজিদ থেকেও মাইকিং করা হয়। তাদের বাড়ির পেছনে একটি টিনের ঘর আছে। এলাকার ৬০ বছর বয়সী এক অসহায় নারীকে সেখানে ঘর করে থাকতে দেওয়া হয়েছে। তবে দুইদিন হলো তিনি সেখানে ছিলেন না। একপর্যায়ে সেই ঘরে গিয়ে তিনি দেখতে পান, সেখানে সুরাইয়ার স্যান্ডেল পড়ে আছে। ওপরে তাকিয়ে দেখেন, আড়ার সঙ্গে কাপড় বাঁধা। নিচে তার মেয়ে বসার ভঙ্গিতে মাটিতে অচেতন অবস্থায় রয়েছে।

গতকাল দুপুরে চিকিৎসক রুমন ফারহানার নেতৃত্বে ফারজানা আক্তার ও ইকবাল হোসেন নামের দুই চিকিৎসক সুরাইয়ার ময়নাতদন্ত করেন। এরপর আত্মীয়স্বজনের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। বারবার মেয়ের নাম ধরে ডাকছিলেন রুবেল ও ইমা। চাচা ও মামারাও কান্নায় ভেঙে পড়েন।

সুরাইয়ার মামা অভিষেক বলেন, সে আমাদের খুবই আদরের ছিল। আমার ৪ মেয়ের জন্য যা কিনতাম, ওর জন্যও তা কিনতাম। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ময়নাতদন্তের ব্যাপারে চিকিৎসকরা কোনো ভাষ্য দেননি। তবে পোস্টমর্টেম ঘরের ডোম লক্ষণ লাল জানান, এমন নির্যাতন তিনি খুব কমই দেখেছেন। স্যাররা আরও ভালো বলতে পারবেন।

দুপুর ১টার পর একটি অ্যাম্বুলেন্সে করে সুরাইয়ার মরদেহ মিলপাড়ার বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে তখন করুণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন। এই প্রতিবেদক যে ঘরে সুরাইয়ার মরদেহ পাওয়া যায়, সেটি ঘুরে দেখেন। ছোট একটি টিনের দোচালা ঘর। শোবার জন্য একটি চৌকি রয়েছে সেখানে। ঘরের বাইরে তাকে হত্যা করে এখানে এনে ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা পরিবারের। গলায় পেঁচানো সাদা কাপড় আড়ার সঙ্গে যেভাবে শক্ত করে বাঁধা ছিল তা সুরাইয়ার পক্ষে সম্ভব নয়; দুই থেকে তিনজন মিলে এ কাজ করেছে বলে জানান তারা।

সুরাইয়ার দাদা সগিরুল ইসলাম সগির জানান, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার নাতনি হত্যার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। হাসপাতালে এ কথা বলার পরই তিনি অচেতন হয়ে যান। এ সময় সুরাইয়ার বাবাও অচেতন হয়ে মাটিতে পড়ে যান।

এলাকার লোকজন জানান, সিরাজুল, মিরাজুল ও রেজাউল তিন ভাই। এলাকায় তাদের নানা বদনাম আছে। আওয়ামী লীগের কর্মী এবং স্থানীয় কাউন্সিলের সঙ্গে ওঠাবসার সুবাদে ক্ষমতার দাপটও দেখিয়ে থাকেন বলে জানান তারা। রুবেলদের সঙ্গে জমি নিয়েও দীর্ঘদিনের বিরোধ রয়েছে এ পরিবারের। ঘটনার পর সিরাজুলদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের বাড়িঘরে হামলা করেছে।

সুরাইয়ার মরদেহ উদ্ধারের পর সংবাদকর্মীদের কাছে প্রাথমিকভাবে থানার কয়েকজন কর্মকর্তা এটিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করেন। কিন্তু হাসপাতালে সংবাদকর্মীরা যাওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। পরিবারের সদস্যরা থানা-পুলিশ ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা নিয়ে মিডিয়া কর্মীদের কাছে প্রশ্ন তোলেন। তখন হাসপাতালে উপস্থিত কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিশিকান্ত সাহা মন্তব্য করেন, ‘কোনো কথা বলতে পারব না। মিডিয়ার সামনে কথা বলা বারণ আছে। ওপরের স্যারদের অনুমতি নিতে হবে।’

বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে লিটন আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার রাত লিটন বিগগাথুয়া সীমান্তের ১৫১/৬ এক্স পিলারের কাছে মাঠে যায়। অসাবধানতাবশত সে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে ভারতের হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় লিটন গুলিবিদ্ধ হলে বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধ লিটনকে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ লিটন মারা গেছে বলে রোববার সকালে জানা যায়।

লিটনের চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য মো. ইসলাম জানান, লিটন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত। কোনো কারণে হয়ত সে মাঠে গিয়েছিল।

স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, লিটন বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

বিজিবি প্রাগপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আমজাদ আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে লিটনের মৃত্যুর খবর পেয়েছি। বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়ার রেনউইক যজ্ঞেশ্বর// লাভের প্রতিষ্ঠানটি এখন লোকসানে

কুষ্টিয়া প্রতিনিধি

টানা ১৫ বছর লাভ করেছে। কিন্তু তিন বছর ধরে প্রতিষ্ঠানটি লোকসান গুনছে। করোনার ধাক্কা ও ছয়টি চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় যন্ত্রাংশ তৈরির ফরমাশ অর্ধেক কমে গেছে। এতেই মুখ থুবড়ে পড়েছে দেশের চিনিকলের যন্ত্রাংশ তৈরি ও মেরামতের একমাত্র কারখানা রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড। শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি এই কোম্পানিটির কর্মকর্তা ও শ্রমিকদের দাবি, প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে হলে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। এ জন্য তাঁরা কিছু সুপারিশও করেছেন।

কুষ্টিয়ার কমলাপুর এলাকায় গড়াই নদঘেঁষা প্রতিষ্ঠানটির অবস্থান। ১৪০ বছরের পুরোনো এ প্রতিষ্ঠানটি দেশের চিনিকলগুলোর যন্ত্রাংশ তৈরি ও মেরামত করে। ১৮৮১ সালে স্কটল্যান্ডের ডব্লিউ বি রেনউইক নাটোরের লক্ষ্মণহাটিতে আখমাড়াইকলের যন্ত্রাংশ তৈরির জন্য রেনউইক অ্যান্ড কোম্পানি নামে কারখানা স্থাপন করেন। পরে সেই কারখানা কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়। আর ১৮৯৬ সালে কুষ্টিয়ার বড় বাজার এলাকায় যজ্ঞেশ্বর নামে এক বাঙালি যজ্ঞেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একই ধরনের আরেকটি কারখানা গড়ে তোলেন। ১৯৪৫ ও ১৯৬২ সালে দুবার হাতবদলের পর ১৯৭০ সাল পর্যন্ত দুটি প্রতিষ্ঠানই ব্যক্তিমালিকানায় পরিচালিত হয়েছে। স্বাধীনতাযুদ্ধের পর ১৯৭২ সালে দুটি মিলই জাতীয়করণ করা হয়। ১৯৭৫ সালে মিল দুটি বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের হাতে ন্যস্ত হয়। আর ১৯৭৯ সালে দুটি মিল একীভূত হয়ে প্রায় ৪০ একর জায়গার ওপর গড়ে ওঠে রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় দেশের চিনিকলের সব যন্ত্রাংশ আমদানি করা হতো। তাই চিনিকলের যন্ত্রাংশের আমদানির বিকল্প প্রতিষ্ঠান হিসেবে রেনউইককে গড়ে তোলা হয়। কিন্তু দুই বছর আগে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ হয়ে গেলে কোম্পানিটির ব্যবসা হুমকিতে পড়ে। কর্মকর্তারা জানান, একসময় সারা বছরই রেনউইক কারখানা জমজমাট ছিল। সারা মাস কাজ চলত। এখন কাজ আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ কমে গেছে। তাতে আয়ও কমেছে রেনউইকের।

২০০৩-০৪ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত লাভেই চলছিল কারখানাটি। সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৮৪ লাখ টাকা লাভ করে। তার আগের বছর লাভ করে ১ কোটি টাকার বেশি। এরপর থেকে লোকসান শুরু হয়। বিশেষ করে করোনা শুরুর পর থেকে লোকসানের পাল্লা ভারী হতে থাকে রেনউইকের। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৪ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করে। ২০১৯-২০ অর্থবছরে প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রির পরিমাণ ছিল ১৩ কোটি ৩৫ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৭ কোটি ৭৫ লাখে। আর চলতি ২০২১-২২ অর্থবছরে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে বিক্রি হয়েছে ৪ কোটি ৭৫ লাখ টাকার যন্ত্রপাতি।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) আকুল হোসেন জানান, রেনউইকের কারখানায় চিনিকলে ব্যবহৃত ৩৫টি হালকা ও ভারী যন্ত্রাংশ তৈরি হয়। ১৫টি চিনিকল চালু অবস্থায় বছরে ১৮ কোটি টাকার যন্ত্রাংশ বিক্রির রেকর্ডও ছিল। এখন তা কমে ৭–৮ কোটি টাকায় নেমেছে। এ কারণে লাভের জন্য বিকল্প উপায় খুঁজছে কোম্পানিটি। এ জন্য একটি টাস্কফোর্স কমিটিও গঠন করা হয়েছে। এ ছাড়া রেনউইকের অব্যবহৃত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমেও আয় বাড়ানোর চেষ্টা চলছে।

রেনউইকের শ্রমিকদের সংগঠন সিবিএ সভাপতি সেলিম রেজা বলেন, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ। পদের তুলনায় লোকবল কম। কর্মকর্তা-কর্মচারীদের বেতন হচ্ছে কয়েক মাস পরপর। অনেকে দুই থেকে তিন বছর আগে অবসরে গিয়েও পাওনা পাচ্ছেন না। জানা গেছে, ২০১৫ সালের পর অবসরে যাওয়া ৪৭ কর্মকর্তা-কর্মচারীর প্রায় ৩ কোটি ৪৭ লাখ টাকা পাওনা বকেয়া পড়েছে। গত রোববার দুপুরে কারখানায় গিয়ে কথা হয় শ্রমিক ওবাইদুর রহমানের সঙ্গে। চাকরিজীবনের ৩৫ বছর কাটিয়েছেন এই কারখানায়। তিনি বলেন, এ দীর্ঘ চাকরিজীবনে কারখানার এমন নীরবতা আগে কখনো দেখেননি। ৪২ বছর ধরে এ কারখানায় কাজ করছেন মোশাররফ হোসেন। তিনি বলেন, যন্ত্রাংশ তৈরির সবকিছুই আছে এ কারখানায়। শুধু কাজ নেই।

কোম্পানিটির প্রশাসনিক কর্মকর্তারা জানান, বিভিন্ন চিনিকলের কাছে কোম্পানিটির ২২ কোটি টাকা বকেয়া রয়েছে। রেনউইকের আয়ের বড় উৎস ছিল আখ পরিবহনে ব্যবহৃত ট্রলি বিক্রি। প্রতিবছর চিনিকলগুলোর কাছে ট্রলি বিক্রি করে প্রতিষ্ঠানটির আয় হতো ৩ থেকে ৫ কোটি টাকা। এ আয়ের পথটি এখন পুরোপুরি বন্ধ।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, চিনিকল ছাড়াও সরকারের মালিকানাধীন সার কারখানাসহ নানা ধরনের শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। সরকার চাইলে এসব প্রতিষ্ঠানের যন্ত্রাংশ তৈরির কিছু কাজ রেনউইককে দিতে পারে। কাজের ফরমাশ পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে কোম্পানিটি। এ ছাড়া বেসরকারি খাতের অটো চালকল, কেব্ল উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের কারখানার যন্ত্রপাতিও রেনউইক থেকে তৈরি করা যেতে পারে। সেটি হলে প্রতিষ্ঠানটিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে। আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে কোম্পানিটির। ২০৮টি পদের বিপরীতে কর্মরত ১৬৬ জন।

কারখানার আয় বাড়াতে গড়াই নদের তীরে একটি পার্কও পরিচালনা করছে কোম্পানিটি। করোনার কারণে সেই পার্ক থেকেও আয় কমে গেছে। ২০১৯ সালে এ পার্ক থেকে ৪২ লাখ টাকা আয় হয়েছিল। করোনার কারণে তা কমে ২১ লাখ টাকায় নেমে এসেছে। পার্কটিতে নতুন রাইড সংযোজনসহ আধুনিকায়নের মাধ্যমে দর্শনার্থী টানতে নতুন করে বিনিয়োগ করতে চায় কোম্পানিটি। এ জন্য করপোরেশন থেকে অর্থ চাওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে রেনউইকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল ওয়াদুদ আমিন বলেন, ‘আমরা এখন চেষ্টা করছি বিকল্প উপায়ে প্রতিষ্ঠানটিকে লাভজনক করার। এ জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কিছু প্রস্তাব পাঠানো হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে কয়েক বছরের মধ্যে আবার ঘুরে দাঁড়াবে রেনউইক।’

নড়াইলে বাস কাউন্টারে হামলার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নড়াইল প্রতিনিধি

নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় বাস কাউন্টারে হামলার অভিযোগ উঠেছে রেজওয়ান মোল্লা নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ সময় কাউন্টার ম্যানেজারের ছোট ভাই রাজিব বিশ্বাসকে (২৩) লাঠিপেটা করা হয়েছে। ভাঙচুর করা হয় কাউন্টারের কাঁচ।

এ ঘটনায় শনিবার (৫ মার্চ) রাত ১০টার দিকে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঈগল কাউন্টারের ম্যানেজার রাসেল। অভিযুক্ত রেজওয়ান মোল্লা নড়াইল পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আহত রাজিব অভিযোগ করে বলেন, ‘শনিবার রাত পৌনে ৮টার দিকে ছাত্রলীগ নেতা রেজওয়ান মোল্লার নেতৃত্বে একটি গ্রুপ ঈগল কাউন্টারের সামনে এসে প্রথমে আমাকে লাঠিপেটা করে। পরে কাউন্টারে হামলা চালিয়ে টেবিলের কাঁচ ভাঙচুর করা হয়।

কাউন্টারের ম্যানেজার রাসেল জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। এ ঘটনায় বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৩ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

হামলার অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ান মোল্যা বলেন, আপনারা আশপাশের সিসিটিভির ফুটেজ দেখেন আমি ভাংচুর করেছি কিনা। এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ বলেন, ‘অভিযোগের বিষয়টি শুনেছি। এ ধরনের কোনো প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগিপোলে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী মোহন জেলহাজতে

স্টাফ রিপোর্টার ।।

নগরীর খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের জাব্দিপুর ৬নং ওয়ার্ডে ৬বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ মামলার আসামী মোহন মিয়া (১৭) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রবিবার (৬ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা আসামীকে আদালতে হাজির করেন। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রফিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। মোহন মিয়া যোগিপোল ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইকবালের ফার্নিচারের দোকানের কর্মচারী ও সেলিম মিনার ছেলে। শনিবার বিকালেই মোহনকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, ৫ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে যোগিপোল ইউনিয়ন পরিষদ মোহন মিয়া যোগিপোল ইউনিয়ন এলাকার একটি মাদরাসার নার্সারী ছাত্রী (৬) কে  পাশ্ববর্তী মনিরা খাতুনের পরিত্যাক্ত ভবনে ধর্ষন করে। এ সময় শিশু মেয়েটির চিৎকারে প্রতিবেশী হালিমা খাতুন পান্না এগিয়ে এসে বিষয়টি জানতে পেরে মেয়েটির মাকে খবর দেয়। মেয়েটি তার মার কাছে বলে মোহন মিয়া এর আগেও ভয়ভীতি দেখিয়ে এ কাজ করেছে। খবর পাওয়ার পর খানজাহান আলী থানা পুলিশ মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তে ভর্তি করে। এঘটনায়  শিশুটির মা বাদী হয়ে খানজাহান আলী থানায় ধর্ষণ মামলা করেছেন যার নং- ২ তারিখ, ০৬/০৩/২২ ইং।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস জানান,  শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তে ভর্তি করা হয়েছে। সেখানে  মেডিকেল টেষ্টও সম্পন্ন করা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১১৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ছোট বয়রা পূজাখোলা রোডের সুশান্ত ঘোষের ছেলে

পাপ্পু ঘোষ (২৬), ১৪৬/২ পশ্চিম বানিয়াখামার মেইন রোডের মৃত. শেখ আফজাল হোসেন এর ছেলে  মো. মহিদুল ইসলাম বাবু (৩৬), ১০১ পশ্চিম বানিয়াখামার মেইন রোডের মোস্তাফিজুর রহমানের ছেলে হেলাল-উজ-জামান (১৯) ও দিলখোলা রোডের হাবিব হাওলাদার ওরফে হাবির ছেলে লিটন হাওলাদার ওরফে লিটু (৫০)। 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১১৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।