Home আঞ্চলিক বিকেলে বেরিয়েছিল শিশুটি, রাতে আড়ার সঙ্গে ঝুলছিল মরদেহ

বিকেলে বেরিয়েছিল শিশুটি, রাতে আড়ার সঙ্গে ঝুলছিল মরদেহ

11

কুষ্টিয়া প্রতিনিধি।।

প্রতিদিনের মতো গত শনিবার বিকেলেও খেলতে গিয়েছিল কুষ্টিয়ার মিলপাড়ার সাত বছরের শিশু সুরাইয়া পারভীন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরে রাত ৭টার দিকে বাড়ির পেছনের টিনের একটি ঘরের আড়ার সঙ্গে তাকে গলায় কাপড় পেঁচানো অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। হত্যার ঘটনাকে পরিকল্পিতভাবে ‘আত্মহত্যা’ হিসেবে দেখাতে মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরের নানা স্থানে ক্ষতিচহ্ন রয়েছে। তবে পুলিশ ও ময়নাতদন্তকারীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ সময় সুরাইয়ার বাবা-মা ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে। তারা হত্যার সুষ্ঠু তদন্ত ও ঘাতকদের কঠোর বিচার দাবি করেন।

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেল হোসেন। তার দুই মেয়ের বড়টির নাম সুরাইয়া। স্থানীয় আলাউদ্দিন আহমেদ একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। ফুটফুটে সুরাইয়া এলাকার সবার কাছেই ছিল অতি আদরের। ৪৫ দিন আগে সুরাইয়ার ছোট বোনের জন্ম হয়। এতে সে আরও খুশি হয়। বোনকে আদর করেই সময় কাটত তার।

রুবেল হোসেন এ হত্যার জন্য অভিযুক্ত করেছেন প্রতিবেশী রেজাউল ইসলাম ওরফে রেজনের ছেলেদের। তার তিন ছেলে সিরাজুল, মিরাজুল ও রেজাউলকে সন্দেহ তাদের। ঘটনার পর থেকে তারা বাড়ি ছাড়া।

সুরাইয়ার মা ইমা খাতুন জানান, তার মেয়ে চঞ্চল ও ফুটফুটে হওয়ায় খুব একটা বাড়ির বাইরে বের হতে দিতেন না। তবে মাঝেমধ্যে সে খেলতে চলে যেত। শনিবার মাগরিবের আজানের অনেকক্ষণ পরও সে না ফেরায় তিনি তাকে খুঁজতে বের হন। এলাকার মসজিদ থেকেও মাইকিং করা হয়। তাদের বাড়ির পেছনে একটি টিনের ঘর আছে। এলাকার ৬০ বছর বয়সী এক অসহায় নারীকে সেখানে ঘর করে থাকতে দেওয়া হয়েছে। তবে দুইদিন হলো তিনি সেখানে ছিলেন না। একপর্যায়ে সেই ঘরে গিয়ে তিনি দেখতে পান, সেখানে সুরাইয়ার স্যান্ডেল পড়ে আছে। ওপরে তাকিয়ে দেখেন, আড়ার সঙ্গে কাপড় বাঁধা। নিচে তার মেয়ে বসার ভঙ্গিতে মাটিতে অচেতন অবস্থায় রয়েছে।

গতকাল দুপুরে চিকিৎসক রুমন ফারহানার নেতৃত্বে ফারজানা আক্তার ও ইকবাল হোসেন নামের দুই চিকিৎসক সুরাইয়ার ময়নাতদন্ত করেন। এরপর আত্মীয়স্বজনের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। বারবার মেয়ের নাম ধরে ডাকছিলেন রুবেল ও ইমা। চাচা ও মামারাও কান্নায় ভেঙে পড়েন।

সুরাইয়ার মামা অভিষেক বলেন, সে আমাদের খুবই আদরের ছিল। আমার ৪ মেয়ের জন্য যা কিনতাম, ওর জন্যও তা কিনতাম। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ময়নাতদন্তের ব্যাপারে চিকিৎসকরা কোনো ভাষ্য দেননি। তবে পোস্টমর্টেম ঘরের ডোম লক্ষণ লাল জানান, এমন নির্যাতন তিনি খুব কমই দেখেছেন। স্যাররা আরও ভালো বলতে পারবেন।

দুপুর ১টার পর একটি অ্যাম্বুলেন্সে করে সুরাইয়ার মরদেহ মিলপাড়ার বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে তখন করুণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন। এই প্রতিবেদক যে ঘরে সুরাইয়ার মরদেহ পাওয়া যায়, সেটি ঘুরে দেখেন। ছোট একটি টিনের দোচালা ঘর। শোবার জন্য একটি চৌকি রয়েছে সেখানে। ঘরের বাইরে তাকে হত্যা করে এখানে এনে ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা পরিবারের। গলায় পেঁচানো সাদা কাপড় আড়ার সঙ্গে যেভাবে শক্ত করে বাঁধা ছিল তা সুরাইয়ার পক্ষে সম্ভব নয়; দুই থেকে তিনজন মিলে এ কাজ করেছে বলে জানান তারা।

সুরাইয়ার দাদা সগিরুল ইসলাম সগির জানান, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার নাতনি হত্যার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। হাসপাতালে এ কথা বলার পরই তিনি অচেতন হয়ে যান। এ সময় সুরাইয়ার বাবাও অচেতন হয়ে মাটিতে পড়ে যান।

এলাকার লোকজন জানান, সিরাজুল, মিরাজুল ও রেজাউল তিন ভাই। এলাকায় তাদের নানা বদনাম আছে। আওয়ামী লীগের কর্মী এবং স্থানীয় কাউন্সিলের সঙ্গে ওঠাবসার সুবাদে ক্ষমতার দাপটও দেখিয়ে থাকেন বলে জানান তারা। রুবেলদের সঙ্গে জমি নিয়েও দীর্ঘদিনের বিরোধ রয়েছে এ পরিবারের। ঘটনার পর সিরাজুলদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের বাড়িঘরে হামলা করেছে।

সুরাইয়ার মরদেহ উদ্ধারের পর সংবাদকর্মীদের কাছে প্রাথমিকভাবে থানার কয়েকজন কর্মকর্তা এটিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করেন। কিন্তু হাসপাতালে সংবাদকর্মীরা যাওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। পরিবারের সদস্যরা থানা-পুলিশ ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা নিয়ে মিডিয়া কর্মীদের কাছে প্রশ্ন তোলেন। তখন হাসপাতালে উপস্থিত কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিশিকান্ত সাহা মন্তব্য করেন, ‘কোনো কথা বলতে পারব না। মিডিয়ার সামনে কথা বলা বারণ আছে। ওপরের স্যারদের অনুমতি নিতে হবে।’