যশোর অফিস।।
যশোর শিশু হাসপাতাল থেকে দিনদুপুরে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বারবার হাসপাতাল বেডে মূর্ছা যাচ্ছেন মা আসমা খাতুন। চিৎকার করতে করতে কান্নাজড়িত কণ্ঠে বলছেন, ‘আমার বুকের ধনরে এনে দেও।’ তার কান্নায় ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা একে একে ভিড় করতে থাকে তার কাছে। জানতে পারেন তার ৮দিন বয়সী একমাত্র সন্তনাটি চুরি হয়ে গেছে।
নবজাতকটির স্বজন, দায়িত্বরত নার্স, স্টাফ ও নিরাপত্তা প্রহরীর চোখে ধুলো দিয়ে এক নারী রোববার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটায়। চুরি হওয়া শিশুটির বয়স ৮ দিন। ওই শিশুটির মা আসমা খাতুন ও বাবা মেহেদী হাসান জনি ঝিনাইদহের কালিগঞ্জ পৌর শহরের বাসিন্দা। সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন শিশুটির মা, বাবাসহ স্বজনরা।
১ বছর আগে কালিগঞ্জ পৌর শহরের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের দপ্তরি মেহেদী হাসান জনির সঙ্গে বিয়ে হয় কোটচাঁদপুরের গাংনা এলাকার আসমা খাতুনের। ২৭ ফেব্রুয়ারি কালিগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের সংসারে আসে প্রথম সন্তান।
জন্মের পরপরই ছেলে নবজাতকটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে ওইদিন রাতেই স্থানীয় ক্লিনিকের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর শিশু হাসপাতালে রেফার্ড করেন। শিশু হাসপাতালে ৭ দিন চিকিৎসা শেষে রোববার বেলা ১১টার দিকে চিকিৎসক নবজাতককে সুস্থ ঘোষণা করে রিলিজ দেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটির বাবা তাদের সবাইকে বাড়িতে নেওয়ার জন্য গাড়ি আনতে গেলে শিশুটির মা ও নানির চোখ ফাঁকি দিয়ে বোরকা পরিহিত ৪০ বছরের এক নারী হাসপাতাল থেকে বের হয়ে যান। পরে তারা ওই নারীকে পুরো হাসপাতাল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানান।
একমাত্র সন্তানকে হারিয়ে বারবার হাসপাতাল বেডে মূর্ছা যাচ্ছে মা আসমা খাতুন। তিনি বলেন, ‘সংসারে প্রথম সন্তান হয়েছে; তাও ছেলেসন্তান। আমার শ্বশুরবাড়ি ও স্বামীর বাড়িতে আনন্দের বন্যা বইছে। সন্তান হওয়ার পরে ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। তাই দ্রুত যশোর শিশু হাসপাতালে নিয়ে আসি। এখানে ৭ দিন চিকিৎসা শেষে আজ দুপুরে বাড়ি নেওয়া কথা ছিলো। তার আগেই আমার সোনার মানিকরে চুরি করে নিয়ে গেছে। আমি এখন কাকে নিয়ে বাঁচব। সবাই আমার বুকের ধনরে খুঁজে বের করে দেন।’
নবজাতকের বাবা মেহেদী হাসান জনি বলেন, সকালে হাসপাতালের চিকিৎসক রাউন্ড শেষে আমার ছেলেকে রিলিজ দিয়ে দেয়। তার পর ছেলে ও তার মাকে বাড়ি নেওয়ার জন্য একটা ইজিবাইক আনতে গিয়েছিলাম। নিচে ইজিবাইক দাঁড় করে এসে শুনি আমার ছেলেকে কে যেন চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও আমার ছেলেটার খোঁজ পাইনি।
শিশু হাসপাতলের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ নূর ই হামিম বলেন, নবজাতক চুরি যাওয়ার ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং পুলিশ প্রশাসনকে জানাই। এখানে আমাদের কোনো নিরাপত্তার ঘাটতি ছিলো না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) তাসমীম আলম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে। উল্লেখ্য, গেল দেড় বছরে শহরের বিভিন্ন হাসপাতাল থেকে আরও তিনটি শিশু চুরির ঘটনা ঘটেছে।











































