শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
শরণখোলায় বিভিন্ন গ্রামে ফসলের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। এ সকল ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোয় একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে অন্যদিকে জমির উর্বরতা কমে যাচ্ছে। সাবাড় হচ্ছে খেজুরগাছসহ বিভিন্ন প্রজাতির গাছপালা।
সরেজমিনে উপজেলার উত্তর তাফালবাড়ী, ধানসাগর, হোগলপাতি, কালীবাড়ী, রাজাপুরসহ কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায়, একশ্রেণীর মুনফালোভী মানুষ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ইটভাটা গড়ে তুলেছে। ভাটা মালিকরা আইন অনুযায়ী কয়লা না পুড়িয়ে দেশীয় খেজুরগাছসহ গ্রামাঞ্চল থেকে বিভিন্ন ধরনের কাঠ কিনে এনে তা দিয়ে ইট পোড়াচ্ছে। ইট পোড়ানো কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষণসহ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, কতিপয় লোক প্রতি বছর ইটভাটায় কাঠ দিয়ে ইট পুড়িয়ে আসছে ফলে গ্রামে পরিবেশ দূষণ হচ্ছে মানুষজন কাঠ পোড়ানোর ধোঁয়ায় এলার্জিসহ এ্যাজমা কাশিতে আক্রান্ত হচ্ছে। ইটভাটা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঐ চেয়ারম্যান বলেন ভোট রাজনীতির কারণে আমরা প্রকাশ্যে কিছু বলতে পারি না।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী বলেন, উপজেলার গ্রামাঞ্চলে ইটভাটার খবর তার জানা নেই, বিষয়টি খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।











































