Home আঞ্চলিক খুলনায় অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

খুলনায় অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

12

স্টাফ রিপোর্টার ।।

ফুলতলা থানার অস্ত্র মামলার এক আসামীরকে অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় ১০ বছর ও এফ ধারায় আরো ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক চৌধুরী মো. মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামী হলেন ফুলতলা থানার বেজেরডাঙ্গার রাড়ীপাড়া এলাকার আব্দুল হালিম মোল্লার ছেলে আলামিন মোল্লা। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী মো. নজরুল ইসলাম নথীর বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ১৬ এপ্রিল জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে রাতে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলষ্টেশনের পশ্চিম পাশে ইমানের বাগানে গাঁজার একটি বড় চালান বিকিকিনি হবে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় রাত সাড়ে আটটার দিকে ওই বাগানে অভিযান চালায়। গাঁজা লেনদেনের সময় আলামিনকে আটক করতে পারলেও আরও একজন একটি ব্যাগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া আলামিনের দেহ তল্লাশির সময় কোমর থেকে একশ’ গ্রাম গাজা ও দেশী তৈরি বন্দুক এবং প্যান্টের পকেট থেকে একটি গুলি উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মুক্ত রায় চৌধুরী ওই দিন রাতে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন যার নং- ৮। একই বছরের ১৯ মে গোয়েন্দা পুলিশের এসআই মোল্লা লুৎফর রহমান আলামিনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হেমন্ত কুমার সরকার ও এপিপি অ্যাডভোকেট শিউলী আক্তার লিপি।