>> মরদেহের ময়না তদন্ত হলে অনেকটা স্পষ্ট হবে বলে ধারনা অনেকের
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সদস্য ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সাগর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সোয়া ১০টার দিকে গুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক ও দলীয় একাধিক সুত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুর খবরে খুলনার রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকে বিহ্বল হয়ে পড়েন।
এর পুর্বে গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দেখিয়ে মনিরুজ্জামান সাগরকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখান থেকে সোমবার (২১ ফেব্রুয়ারি) তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়।

তবে তিনি সেদিন রাতে সড়ক দুর্ঘটনার স্বীকার হননি বলে সন্দেহ করছেন অনেকে। রাত সাড়ে ১১টার দিকে তার সড়ক দুর্ঘটনার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে দেয়া হয়। ওই রাতে তার দুই চোখ ও মুখে গুরুতর জখম এবং পায়ের হাড় মারাত্বক ভাবে ভেঙ্গে যায়। সড়ক দুর্ঘটনায় যে ধরনের সিমটম দেখা যায় মনিরুজ্জামান সাগরের জখম গুলো ছিলো ভিন্ন। তার জখম গুলো পরিকল্পিত মারপিটের জখমের মতোই দেখা যায়। তবে তার আহত হওয়ার পর এ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, সরাসরি মুখ খোলেনি কেউ। ওই রাতে সেই প্রভাবশালী আওয়ামী লীগ নেতার সাথে সাগরের বাকবিতন্ডা হয়েছিলো বলে একটি সুত্রে জানা গেছে। সচেতনমহলের প্রশ্ন (১) সে কোথায় এবং কখন দুর্ঘটনায় আহত হয়েছেন? (২) সে কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? (৩) তাকে কারা হাসপাতালে নিয়ে গেলেন? (৪) শারীরিক অবস্থা দেখে আসলে কি মনে হয়? আসলে মনিরুজ্জামান সাগর ভাই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন না কি পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে?
মো. মনিরুজ্জামান সাগরের ছোট ভাই রিক্কন বলেন, ‘ঘটনার রাতে হঠাৎ ভাইকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। বলা হচ্ছে, রিকশা থেকে পড়ে আহত হওয়ার কথা।’ ‘রিকশা থেকে পড়ে কারও কী চোখ বের হওয়ার উপক্রম হয়? শরীরে এমন আঘতের ধরণ থাকে? প্রশ্ন রাখেন তিনি।
সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সাগরের মৃত্যু স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যা মোটাদাগে প্রশ্নই রয়ে গেলো। তবে মরদেহের ময়না তদন্ত হলে অনেকটা স্পষ্ট হবে বলে সচেতন মহলের ধারনা।









































