খুলনাঞ্চল রিপোর্ট।।
নেশার টাকা না পেয়ে সন্তানকে বিষ প্রয়োগে হত্যা করেছে এক পাষন্ড বাবা। অপর দুই সন্তানও অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের গোপালপুর গ্রামে।
রবিবার (১৪ নভেম্বর) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু হোসেন শেখ-এর (৩) মৃত্যু হয়। অপর দুই শিশু সিয়াম শেখ (১০) ও হাসান শেখ (৩) মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে তিন শিশুর বাবা আলম শেখ স্ত্রী সিমা বেগম-এর কাছে মাদক কেনার জন্য টাকা চায়। টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে তিন শিশু পুত্রকে জোর করে বিষ পান করায় ওই মাদকাসক্ত বাবা আলম।
ওই শিশুদের মা সীমা বেগম জানিয়েছেন, তার স্বামী আলম শেখ মাদকাসক্ত। গত বৃহস্পতিবার মাদকের জন্য টাকা না পেয়ে তাকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং তিন শিশুকে জোরপূর্বক বিষ পান করায়। বিষ প্রয়োগের ফলে তার এক সন্তান হোসেন মারা গেছে। অপর দুই জন হাসপাতালে। এতে ওই পাষন্ড স্বামী আলম শেখ-এর দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন মা সীমা বেগম।
মুকসুদপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, ওই শিশুদের পিতা আলম শেখ মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই স্ত্রী সীমা বেগমকে মারপিট করতেন। গত বৃহস্পতিবার স্ত্রীর কাছে নেশার টাকা চাইলে না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে নিজ হাতে তিন সন্তানকে জোর করে বিষপান করান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে ওই দিনই ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়।
গত শুক্রবার ওই তিন শিশুকে মা সীমা বেগম বাড়িতে নিয়ে আসেন। গতকাল শনিবার তাদের অবস্থা আবার অবনতি হলে স্থানীয়দের আর্থিক সহায়তায় আবার ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে হোসেন শেখ মারা যায়। তিনি আরও জানান, ওই দিনই (বৃহস্পতিবার) ওই শিশুদের বাবা আলম শেখকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে সে গোপালগঞ্জ জেল হাজতে রয়েছে। একটি শিশু মারা যাওয়ায় ওই মামলাকে হত্যা মামলা হিসেবে দেখানো হবে।











































