ঢাকা অফিস।।
চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্ন ফাঁস করার প্রলোভন দেখিয়ে টাকা ভাগিয়ে নিতো একটি কিশোর চক্র। তারা এই জন্য ফেসবুকে ফেইক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে পরীক্ষার্থীদেরকে প্রলুব্ধ করতো। চক্রের সদস্যরা সবে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) পড়াশুনা করলেও ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকায় প্রতারণার পথ বেছে নিয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগের একাধিক টিম ঢাকার উত্তরা, গাজীপুরের পূবাইল থানা এলাকা এবং নেত্রকোনার মোহনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে টাকা হাতিয়ে নেওয়ার দুইটি ভিন্ন চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি স্মার্টফোন, দুইটি বাটন ফোন, নগদ ১২০০০ টাকা এবং ছয়টি সিম। অভিযানে সার্বিক বিষয়ে তদারকি করেন ডিবি’র গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান।
গ্রেফতারকৃতরা হলো- টঙ্গী সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র কালিমুল্লাহ, মোহনগঞ্জ সরকারি কলেজের মানবিকের দ্বিতীয় বর্ষের ছাত্র আল-রাফি ওরফে টুটুল এবং হাবিবুল্লাহ বাহার কলেজর অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মারুফ ওরফে তপু।
অভিযানের বিষয়ে ডিবি’র গুলশান বিভাগের ডিসি মো. মশিউর রহমান বলেন, প্রতিটি পাবলিক পরীক্ষার সময় কিছু অসাধু চক্র টাকা হাতিয়ে নেওয়ার জন্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করে এবং তাতে ব্যর্থ হলে প্রশ্ন ফাঁস করার নামে প্রতারণার জন্য বিভিন্ন প্যাকেজ নিয়ে ফেসবুক, মেসেঞ্জার এবং অন্যান্য ইন্টারনেটভিত্তিক মাধ্যমগুলোতে প্রচারণা চালায়। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ এই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রেখে সাইবার পেট্রলি করে। সেই ধারাবহিকতায় আজ দুইটি চক্রের তিনজনকে গ্রেফতার করেছি আমরা।
তিনি বলেন, এই চক্রটি মূলত বিভিন্নভাবে ভুয়া মেসেঞ্জার, ফেইসবুক অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারে এবং ফেসবুকে শতভাগ নিশ্চয়তা সহকারে বিভিন্ন বোর্ডের সব বিষয়ের প্রশ্ন ফাঁস করার বিজ্ঞাপন দিয়ে থাকে। প্রশ্ন ফাঁসের এই চক্রের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য পরীক্ষার্থী বা তাদের অভিভাবকদেরকে প্রাথমিকভাবে ৫০০ থেকে ৫০০০ টাকা দিয়ে সদস্য হতে হতো এবং প্রতিটা প্রশ্নের জন্য ৫০০ থেকে ২০০০ টাকা হাতিয়ে নিতো। এই চক্র বিভিন্ন পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের অভিভাবকদেরকে এই মর্মে সার্কুলেশন করতো যে ঢাকা থেকে বিভিন্ন জেলা এবং জেলা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন বহন কালে দায়িত্বশীলদের একজন কৌশলে একাধিক প্রশ্নের সরিয়ে রেখে ছবি তুলে পাঠিয়ে দেবে। সেই ছবি তারা বিভিন্ন জনকে মেসেঞ্জার, টেলিগ্রাফে এবং জি মেইলে সেন্ড করে দিবে। এই প্রতিশ্রুতি দিয়ে তারা নগদ, বিকাশ, রকেট এর মাধ্যমে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
তিনি বলেন, এদের পরিচালিত প্রশ্নপত্র ফাঁসের মেসেঞ্জার, ফেসবুক পাবলিক গ্রুপ গুলো- কোয়েশ্চান ব্যাংক, এস এস সি কোয়েশ্চান ২০২১, এইচএসসি কোয়েশ্চান ২০২১, কোয়েশ্চান লিংক, PSC, JSC, SSC, HSC – All Exam Helping Zone এবং SSC 2021 All Board ইত্যাদি। এই প্রতারক চক্রের বিভিন্ন পেইজ এবং গ্রুপের ফলোয়ারের সংখ্যা প্রায় ৪৭০০ জন।
ডিসি মশিউর রহমান বলেন, পাবজি খেলায় পটু আল রাফি ওরফে টুটুল সাইবার সংক্রান্ত বিভিন্ন অপরাধ বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখে। সে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের জন্য ‘আলমগীর হোসেন’ নামে একটি ফেইক আইডি খুলে। আইডি-টি খোলার জন্য সে একটি টেম্পোরারী মেইল আইডি নিদিষ্ট ওয়েবসাইট থেকে সংগ্রহ করে। এই ভুয়া অ্যাকাউন্ট ও টেম্পোরারি মেইলটি দুই থেকে তিন দিন সক্রিয় থাকার পরে অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা আসলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিলো। তাদের পক্ষে প্রশ্নপত্র ফাঁস করা অসম্ভব। কিছু ছাত্র এবং অভিভাবক পড়াশোনাতে মনোযোগ না দিয়ে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন মাধ্যমে প্রশ্নপত্র ক্রয়ের জন্য ব্রাউজ করতে থাকে। প্রতারকরা মূলতঃ এদেরকেই টার্গেট করে প্রশ্নপত্র ফাঁস করার নানান রকমের আকর্ষণীয় প্যাকেজের কথা বলতো।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে ম্যানুয়ালি এবং সাইবার পেট্রোলিং এর মাধ্যমে প্রশ্ন ফাঁসে জড়িতদেরকে শনাক্ত করে গ্রেফতার করার জন্য চেষ্টা চালাচ্ছে জানিয়ে ডিবি’র ডিসি বলেন, মহানগর গোয়েন্দা পুলিশ বিশ্বাস করে যে সব ছাত্র এবং অভিভাবক চক্রের সংগে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।











































