Home জাতীয় খালাস চেয়ে বাবরের আপিল

খালাস চেয়ে বাবরের আপিল

6

ঢাকা অফিস।।

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আট বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল আবেদন করা হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য জানান। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় জানিয়ে তিনি বলেন, আপিলের একটি অনুলিপি হাতে পেয়েছি।

২০০৭ সালের ২৮ মে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যৌথবাহিনীর হাতে আটক হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলা হয়।

মামলাটি করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১- এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম। তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়েছে। তিনি দুদকে ৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৩১২ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন। তার অবৈধ সম্পদের মধ্যে প্রাইম ব্যাংক এবং এইচএসবিসি ব্যাংকে দুটি এফডিআর-এ ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকা এবং বাড়ি নির্মাণ বাবদ ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা গোপনের কথা উল্লেখ করা হয়।

একই বছরের ১২ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১৯ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২১ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

এরপর চলতি বছরের ১২ অক্টোবর লুৎফুজ্জামান বাবরের আট বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭- এর বিচারক মো. শহিদুল ইসলাম ওই রায় দিয়েছিলেন। একই সঙ্গে বাবরের জ্ঞাত আয়-বহির্ভূতভাবে অর্জিত ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকাসহ তার প্রাইম ব্যাংক গুলশান শাখার মালিকানাধীন ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।