তথ্য বিবরণী
করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনা বিভাগের ঝিনাইদহ, কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আজ (সোমবার) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে পৌরসভার এক হাজার বিভিন্ন দোকান কর্মচারী, চা–বিক্রেতাসহ অন্যান্য পেশাজীবীদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল ও তিনশত টাকা বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসন আজ (সোমবার) একশত উপকারভোগী পরিবারের মাঝে নগদ ৮৩ হাজার টাকা, দুইশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে দুই মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় তিন হাজার উপকারভোগীদের মাঝে ৩০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়।
খুলনায় সোমবার করোনা ভ্যাকসিন নিয়েছেন ছয়শত ৬৯ জন
আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনশত এক জন এবং জেনারেল হাসপাতালে তিনশত ৬৮ জন করোনা ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ তিনশত ৩৯ জন এবং তিনশত ৩০ জন মহিলা। এ পর্যন্ত এক লাখ ৮২ হাজার সাতশত ৪৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে সাইনোফার্মার টিকা নিয়েছেন ছয় হাজার সাতশত ৮৬ জন।
খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।











































