০ খবর বিজ্ঞপ্তি
আজ ৬ জুন ২০২১ খ্রি. রবিবার বেলা সাড়ে ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপাচার্য কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের সমাজবদ্ধ হয়ে ভালোভাবে বেঁচে থাকার একটি পথ হচ্ছে ধর্মের প্রতি আনুগত্য। সব ধর্মেই সত্য, ন্যায় ও কল্যাণের কথা উল্লেখ আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রত্যেক ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। তিনি মন্দির নির্মাণে প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মন্দিরের সামনে বালু ভরাটের বাকি অংশ কাজ সম্পন্ন করার ব্যাপারেও উদ্যোগ নেওয়ার কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, মন্দির নির্মাণ কমিটির সদস্য প্রফেসর ড. আশীষ কুমার দাস, সদস্য-সচিব কৃষ্ণপদ দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং সমাপনী বক্তব্য রাখেন মন্দির নির্মাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সমীর কুমার সাধু। পরে উপাচার্য মন্দিরের চারপাশ ঘুরে দেখেন।
খুবি উপাচার্যকে নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা
আজ ৬ জুন ২০২১ খ্রি. রবিবার বেলা সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আকতার হোসেন ফিরোজ, সহ-সভাপতি আব্দুর সবুর, সাধারণ সম্পাদক শেখ আবেদ আলী, যুগ্ম সম্পাদক মোঃ বায়জীদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, নিরাপত্তা সম্পাদক শেখ লুৎফর রহমান, আইন সম্পাদক বিএম রমজান আলী, ক্রীড়া সম্পাদক হাবিবুল বাসার মুন, নির্বাহী সদস্য প্রফেসর ড. আশরাফুল আলম, প্রফেসর খান গোলাম কুদ্দুস, শেখ আবুল কাশেম, মোঃ মিজানুর রহমান।
সমিতির নেতৃবৃন্দ বলেন, নবনিযুক্ত উপাচার্য নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির একজন সদস্য এবং দীর্ঘদিন স্থায়ীভাবে এখানে বসবাস করছেন। তিনি উপাচার্য নিযুক্ত হওয়ায় সমিতি আজ গর্বিত। তাঁর নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাবে বলে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
উপাচার্য সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই। সেক্ষেত্রে সকল মহলের সহযোগিতা প্রয়োজন।










































